মধুচন্দ্রিমায় ট্যাবলেট!
ট্যাবলেট ব্যবহারের স্থান-কাল-পাত্র নিয়ে সম্প্রতি একটি জরিপ চালানো হয়েছিল। ৯০০ জন ট্যাবলেট ব্যবহারকারীর মধ্যে পরিচালিত এ জরিপ করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান রোসেটা। জরিপে জানা গেছে, ট্যাবলেটের ব্যবহার বেশি হয় মধুচন্দ্রিমার সময়।মধুচন্দ্রিমায় গিয়ে নবদম্পতি বিভিন্ন স্থানে বেড়াতে গেলে তাঁদের সঙ্গী হয় ট্যাবলেট কম্পিউটার। আর মধুচন্দ্রিমা শেষ হলে অধিকাংশ ব্যবহারকারীই প্রচলিত কম্পিউটার ব্যবহার করতে শুরু করেন।জরিপে সাধারণ হিসাবে বিয়ের পর ছয় মাস সময়কে মধুচন্দ্রিমার সময় হিসেবে ধরা হয়েছে। সোমবার রোসেটা তাদের এ গবেষণার ফল প্রকাশ করেছে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস এক প্রতিবেদনে জানিয়েছে।মধুচন্দ্রিমার সময় ছাড়াও স্থান হিসেবে জরিপে উঠে এসেছে, ২৫ শতাংশ ক্ষেত্রে ট্যাবলেট ব্যবহার হয় বাথরুমে। এ ছাড়া জরিপের প্রায় ৬৮ শতাংশ রায় দিয়েছেন যে তাঁরা শোবার ঘরে সঙ্গী হিসেবে ট্যাবলেট নিয়ে যান। শোবার ঘরে ইন্টারনেট ব্রাউজিং এবং ই-বুক রিডার হিসেবেই ট্যাবলেট বেশি ব্যবহার করা হয়।