ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যানটিনে এখন বিনা মূল্যেই তারহীন ইন্টারনেট ব্যবহার করা যাবে। গতকাল শনিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ও এরিকসন বাংলাদেশের উদ্যোগে মধুর ক্যানটিনে ওয়াই-ফাই ইন্টারনেট চালু করা হয়েছে।
মধুর ক্যানটিনে ওয়াই-ফাই জোনের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। এ সময় তিনি বলেন, ‘আমাদের মধুর ক্যানটিনে রয়েছে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট। ক্যানটিনের ১০০ মিটার এলাকার মধ্যে যে কেউ তাঁর ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোনের মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই নেটওয়ার্কের নাম রাখা হয়েছে “ডিজিটাল মধুর ক্যানটিন”।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, এরিকসন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজেন্দ্র পাংরেকর, ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব আইসিটি সেলস আল বাতুনি এম সাইদ আহমেদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহাম্মদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সংসদের (ডিইউআইটিএস) সভাপতি আবদুল্লাহ আল ইমরান। অনুষ্ঠানে জানানো হয়, মধুর ক্যানটিনের ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত। এই নেটওয়ার্ক ব্যবহার করতে কোনো পাসওয়ার্ডও লাগবে না।
আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসিটি উৎসব
ডিইউআইটিএস ও আইসিটি বিভাগের যৌথ আয়োজনে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি উৎসব শুরু হচ্ছে। তৃতীয়বারের মতো ‘ন্যাশনাল ক্যাম্পাস আইটি ফেস্ট ২০১৪’ নামের এ আয়োজনে ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেবেন। উৎসবটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজন করা হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জাননো হয়।