মন রাঙানো ফাল্গুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্য-ঘড়ি সাত সকালে/ ফাগুন রাঙা শাড়ি পরে/ দিন গোনে আজ কার?/ বাসন্তীরা সবুজ টিপে/ লাল সাদা আর হলুদ পাড়ে/ হাত ধরেছে তার।

পয়লা ফাগুন মানেই তারুণ্যের দারুণ এক উচ্ছ্বাস। ছবি: সাজিদ হোসেন
পয়লা ফাগুন মানেই তারুণ্যের দারুণ এক উচ্ছ্বাস। ছবি: সাজিদ হোসেন

ভোরের আলো ফুটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মুখরিত হতে লাগল হাজার প্রাণের স্পন্দনে। সূর্যি মামার দেখা পাওয়ার সঙ্গে সঙ্গেই দলে দলে মানুষজন জড়ো হতে লাগল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। সবাই যে একসঙ্গে বসন্তকে বরণ করবে! বাসন্তী রঙের শাড়িতে মেয়েরা আর ছেলেরা পাঞ্জাবিতে। দেখলেই মন ভালো হয়ে যায় এমন দৃশ্য। তাই এমন দিনে কি আর ঘরে বসে থাকা যায়? ক্লাস-পরীক্ষা কিংবা অফিসের ফাঁকে যে যেভাবে পারছে ফাগুনের রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছে। ব্যস্ত শহরে সবাই সেজেছিল ফাগুনের রঙে। তার মধ্যে চারুকলার রূপ ছিল সম্পূর্ণ ভিন্ন। এখানে সকাল থেকেই বসন্ত উৎসব উদ্যাপনের আয়োজনে নাচ, গান, আবৃত্তি ভিন্ন মাত্রা যোগ করেছিল।
অদিতি, মাহিন, নাফিসা, তানিয়া, সৌরভ আর আসিফ কার্জন হলে সকালবেলা ক্লাস করেই বেরিয়ে পড়েছেন ঘুরতে। ভোরে বাবা-মায়ের হাত ধরে মাথায় ফুলের মুকুট পরে চলে এসেছে ছোট্টমণি নুহা। প্রতিবছর বসন্তের সকালে বকুলতলায় গান শুনতে নুহার ভীষণ ভালো লাগে। ওর বাবা মনির হোসেন জানালেন, নগরজীবনের যান্ত্রিকতা এড়িয়ে একটু নিঃশ্বাস নিতেই অফিসে যাওয়ার আগে পরিবার নিয়ে চলে এলেন এখানে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিশিতা চাকমা, সিটি কলেজের তাফরিন ও বহ্নি আর এআইইউবির মুনা কলেজজীবনের বন্ধু। কিন্তু সেই কলেজ পাস করার পর একসঙ্গে আর ফাল্গুন পালন করা হয় না তাঁদের। তাই তো সবাই মিলে প্ল্যান করে একই রকম শাড়ি পরে চলে এলেন। ফাল্গুন মানেই তো ফুলের রাজ্য। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ ফুলের দোকানগুলোতে তাই ঢুঁ মারছিলেন অনেকে। চারুকলার সামনের ফুটপাতে চুড়িওয়ালি খালাদের তো কথা বলারই সময় হচ্ছিল না যেন। গালে কিংবা হাতে আলপনা আঁকিয়ে নিচ্ছিলেন কোনো কোনো শৌখিন রমণী।
চারপাশেই ছিল ছবি তোলার হিড়িক। কারণ, এখন আর শুধু সেজেগুজে ঘুরে বের হলেই তরুণদের মন ভরে না। সেজেগুজে ঘুরে বেড়ানোর ছবিও তো ফেসবুকে দ্রুত আপলোড করা চাই। বন্ধুবান্ধবরা তো একে অন্যের ছবি তুলছেনই, একই সঙ্গে চলছে সেলফিও। কেউ বা ছবির সৌন্দর্য বাড়িয়ে দিতে বাবলওয়ালাদের ডেকে আনছেন এক পাশ থেকে বাবল উড়িয়ে দিতে।
এমন দিনে বইমেলায় না গেলে কি চলে? বইমেলায় ভিড় ছিল অন্যান্য দিনের চেয়ে একটু বেশি। অনেকেই প্রিয়জনের জন্য বই কিনলেন।
কয়েকজনকে দেখা গেল দলবেঁধে ছবি তুলতে বের হয়েছেন। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি থেকে কয়েকজন আলোকচিত্রপ্রেমী সকালবেলাই চলে এসেছেন ছবি তুলতে। বীথিকা বীথি জানালেন বন্ধুরা মিলে এসেছেন ছবি তুলতে, তাতে অনুষ্ঠান দেখা আর ছবি তোলা দুইটাই হয়ে যাবে।
পরদিন ভালোবাসা দিবস আর তাই যুগলদের আনাগোনারও কমতি ছিল না। কারও কারও পরনে একই রঙের পোশাক। হাল আমলের যুগলদের ভালোবাসার বহিঃপ্রকাশও যেন ভিন্নতর। পোশাকের মিল, উপহার আদান-প্রদান, ছবি তোলা আর ঘোরাঘুরি। অনেকেই পরদিন কী করবেন সেই পরিকল্পনাটাও আগের দিনই সেরে রেখেছেন। এ বছর পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করতেই যেন এসেছিল পূর্ণিমা। এবারের পূর্ণিমা যেন হয়ে উঠেছিল ফাগুনী পূর্ণিমা!