
জন্ম তাঁর সূর্যোদয়ের দেশ জাপানে। তবে জাপানে জন্ম নিয়েও মনেপ্রাণে একজন বাংলাদেশি। মাসাতো আহসান তাঁর নাম। বাবা ডা. শাহেদ আহসান আর মা অ্যাডভোকেট মঞ্জুরী বেগমের তিন সন্তানের মধ্যে বড় তিনি। পড়ছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শেষ বর্ষে। বাবার দেখানো পথেই আর কিছুদিন পরই ডাক্তার হওয়ার স্বপ্নটি সত্যি করতে চলেছেন। বরাবরই পড়াশোনায় উচ্চস্থান বজায় রেখে পার করে এসেছেন স্কুল-কলেজের গণ্ডি। ২০০৬ সালে সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি আর ২০০৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসির পাট চুকিয়ে ভর্তি হন মেডিকেলে।
তবে মাসাতোর বিশেষ পরিচয়, পড়াশোনার পাশাপাশি তাঁর বহুমুখী কর্মকাণ্ড। বিজ্ঞানী হওয়ার স্বপ্নে বিভোর এই তরুণ ছোটবেলা থেকেই বিভিন্ন বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিয়ে স্কুল-কলেজের পাশাপাশি নিজের নামটিও উজ্জ্বল করেছেন। মোবাইল ট্র্যাকার, ইলেকট্রনিক ভোটিং মেশিন—এ রকম কিছু চমকপ্রদ প্রকল্প উপস্থাপন করে বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত বিজ্ঞান প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার অর্জন, পর পর দুই বছর নটর ডেম আন্তকলেজ বিজ্ঞান মেলায় ২০০৭ ও ২০০৮ সালে প্রাপ্ত পুরস্কার রয়েছে অর্জনের তালিকায়। তবে সবচেয়ে বড় অর্জন ২০০৭ সালে ভারতের লক্ষৌয় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা।
বাংলা ভাষার ওপর মাসাতোর রয়েছে ভালো দখল। অনেকগুলো ভাষা প্রতিযোগিতায় সেই দখলের প্রমাণও দিয়েছেন তিনি। ২০০৫ সালে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে পুরস্কার, সেন্ট জোসেফ স্কুল আয়োজিত ভাষা প্রতিযোগে দ্বিতীয় স্থান; এ রকম আরও কিছু পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন তিনি। এ ছাড়া রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ অনুষ্ঠান ইত্যাদিতে নিজের প্রতিভা সবার সামনে তুলে ধরেছেন বিভিন্ন সময়। সব সময় ক্লাস আর ক্লাবের কাজের মধ্যে সমন্বয় সাধন করা মাসাতো বর্তমানেও পালন করছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডিবেট ও কুইজ সোসাইটির কুইজ উইংয়ের সভাপতির দায়িত্ব।
দেশ-বিদেশের কয়েন আর চশমা সংগ্রাহক হিসেবে ইতিমধ্যে সমৃদ্ধি ঘটিয়েছেন নিজের সংগ্রহশালার। একজন শল্যচিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে চান মাসাতো। ঐতিহাসিক হিরোশিমায় জন্ম বলেই কিনা জরুরি অবস্থার রোগীদের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন তিনি। অনেক রোগী শুধু সময়ের অভাবে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাসাতোর ইচ্ছা, জরুরি সেবাদানের এই খাতটিকে ঢেলে সাজাবেন তিনি, ‘হাইওয়ে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স’-এর সুবিধা চালু করে দুর্ঘটনা-পরবর্তী মৃত্যুহার কমাতে কাজ করবেন। বৃদ্ধদের জন্য বিশেষ স্বাস্থ্যব্যবস্থা প্রবর্তনের ওপরও কাজ করতে চান এই তরুণ।