মনিটর থেকে মোবাইলে চার্জ

নতুন কয়েকটি মডেলের মনিটর বাজারে আনছে স্যামসাং যাতে তারহীন উপায়ে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সুবিধা থাকছে। এ জন্য মোবাইল ফোনে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সুবিধা থাকতে হবে।
সম্প্রতি তারহীন উপায়ে চার্জ দেওয়ার বিশেষ সুবিধাসম্পন্ন মনিটর নিয়ে ইউটিউবে একটি ভিডিও উন্মুক্ত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। যাতে ফুল এইচডি ২৪ ইঞ্চি মাপের এস ২৪ ই ৩৭০ ডিএল ও ২৭ ইঞ্চি মাপের এস ২৭ ই ৩৭০ ডিএস মডেল দুটির কথা বলা হয়েছে। এই মনিটর দুটির ডিসপ্লেতে এএমডির তৈরি অ্যান্টি-ফ্লিকার গেমিং প্রযুক্তি ও ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল সুবিধা থাকবে।
নতুন এই মনিটর দুটি অবশ্য কবে নাগাদ ও কোন দেশের বাজারে ছাড়া হবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং। তবে বাজার বিশ্লেষকেরা আশা করছেন এ বছরের শেষ দিকে বাজারে আসতে পারে। সেপ্টেম্বর ইউরোপের আইএফএ সম্মেলনে স্মার্টফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ ও গ্যালাক্সি স্মার্টফোনের পাশাপাশি নতুন এই মনিটরও প্রদর্শন করতে পারে স্যামসাং। (এনগ্যাজেট)