মনে পড়ে কি?
প্রযুক্তি আসে, প্রযুক্তি যায়। সময়ের সঙ্গে প্রযুক্তি আরও উন্নত হয়। কিন্তু যে মানুষের হাত ধরে এই প্রযুক্তির ওঠানামা, সে তো স্মৃতিকাতর জীব। একসময়ের জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড ‘দ্য পুলিশ’-এর এক অ্যালবামের কভার ছবি তুলতে হাতে ক্যালকুলেটর-ঘড়ি পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন গায়ক স্টিং। ব্যস, হয়ে গেল! সে সময়ের মোটামুটি সব ‘ত্যাঁদড়’ ছেলের হাতে উঠল সে ঘড়ি। কাজে হোক আর অকাজেই, ঘড়ি না দেখলে যেন চলছেই না এমন ভাব নিয়ে বারবার ঘড়ির দিকে তাকানো স্বভাব হয়ে দাঁড়াল তাঁদের। প্রযুক্তি যতই পরিণত হোক, যতই নতুন প্রযুক্তির ঘড়ি হাতে উঠুক, আশির দশকের সেই তরুণেরা কি ক্যালকুলেটর-ঘড়ির কথা ভুলতে পারবে! এটা একটা উদাহরণ মাত্র। এ রকম অনেক প্রযুক্তিপণ্য বিভিন্ন সময়ে আমাদের হাতে এসেছে, আমরা ভালোবেসেছি। সময়ের হাত ধরে নতুন সংস্করণের প্রযুক্তি এলেও পুরোনো সময়টাকে স্বর্ণযুগ বলেই মানেন অনেকে। এ রকমই কিছু প্রযুক্তিপণ্য নিয়ে এই আয়োজন।
রোটারি ফোন

‘হ্যালো সিরি’ কিংবা ‘ওকে গুগল’ হাঁক ছেড়েই আজকাল কল সারা যায়। কিন্তু এমন এক সময় ছিল যখন ডায়াল না ঘোরালে আর হ্যালো বলা হতো না। ভয়েজ কমান্ডের এ যুগেও কিন্তু সেই রোটারি ফোনের ডায়াল টোনের কথা ভুলতে পারেনি অনেকেই। রোটারি ফোনে একই সংযোগে দুটি গ্রাহক যন্ত্র থাকত। এর একটি দিয়ে যদি কেউ কল করে তো আরেকটি দিয়ে দিব্যি সে কথোপকথন শোনা যেত, চলচ্চিত্রে এ নিয়ে বহু লঙ্কাকাণ্ড দেখা যেত এক সময়।
পে ফোন

আজকাল পে ফোন চোখে পড়লে মানুষ আগ্রহী হয়ে ছবি তুলতে চায়, ব্যবহারের কথা ভাবে না। কারণ, যোগাযোগের যন্ত্র তো পকেটেই আছে। কয়েন ফেলে কিংবা কার্ড ব্যবহার করে কল করতে হতো। আজকাল নিজের ফোন নম্বরও অনেকের জানা থাকে না। কনট্যাক্ট লিস্ট তো আছেই! ফোন তুলে আগে অপারেটরকে ধরতে হতো, তাঁকে ফোন নম্বর বললে তিনি অনেক কসরত করে বলা নম্বরটির সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করতেন। আর এখন? একজন রক্তমাংসের মানুষ যে অপারেটর হিসেবে সর্বক্ষণ প্রস্তুত থাকতেন, তাই বিশ্বাস করতে মন চায় না!
পোলারয়েড ক্যামেরা

ক্লিক করে ছবি তোলার পরপরই মৃদু গুঞ্জন তুলে ক্যামেরার সামনে দিয়ে কাগজের ছবি বের হয়ে আসত। অনেকেই বলবেন, আসত আবার কী? সে তো এখনো আসে। এর সঙ্গে অতীত স্মৃতির কী আছে? পোলারয়েড ক্যামেরার শুরুটা কিন্তু বেশ আগের। সে সময়ের অত্যাধুনিক প্রযুক্তি। তবে ম্যাট কাগজের সেই ছবিগুলো যে সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, তা হয়তো আশির দশকের কিশোরদের মাথায় ছিল না। অনেকেই অভিযোগ করেন, আমার শৈশব স্মৃতি হারিয়ে গেছে পোলারাইড ক্যামেরার ফ্রেমে!

পেজার বা বিপার
প্রথমে ডাক্তারদের হাতে এ যন্ত্র দেখা যায়। গুরুগম্ভীর ভঙ্গিতে তিনি যন্ত্রটির দিকে তাকিয়ে সমঝদার ভঙ্গিতে মাথা নাড়তেন। এরপর অনেকেই পেজার ব্যবহারের কথা ভাবতে শুরু করেন। কেউ ফোন করলে সে নম্বর দেখিয়ে কলব্যাক করার কথা মনে করিয়ে দিত পেজার। এ বস্তু দিয়ে কল করার সুবিধা কিন্তু ছিল না।
ডিজপোজেবল ক্যামেরা

পানিরোধী ক্যামেরার এখন খুব কদর, দামটাও একটু বেশি। পানির নিচে ছবি তোলার জন্য তো বটেই, খারাপ আবহাওয়াতেও খুব কাজে দেয়। কিন্তু পানির নিচে ছবি তোলার জন্য স্বল্পমূল্যের এমন ক্যামেরা কিন্তু বেশ আগে থেকেই ছিল। সে ক্যামেরাগুলোর সমস্যা একটাই। এক কি বড়জোর দুই ডজন ছবি তোলার পরেই বাতিলের খাতায় নাম লেখাতে হতো। তবে কোডাকের এ ক্যামেরার দাম কম হওয়ায় সবার সামর্থ্যের মধ্যেই ছিল।
গ্রন্থনা: মেহেদী হাসান
ছবি ও তথ্যসূত্র: গিয়ারোগ্রাফার ডটকম