মনে রেখো, সিলেবাসটি বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। সামাজিক বিজ্ঞান বিষয়ে বহুনির্বাচনি ও সৃজনশীল দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে। বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। কাজেই বহুনির্বাচনি অংশের জন্য ভালো করে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো বারবার পড়বে। বিষয় সম্পর্কিত মনীষীদের উক্তিগুলো ভালো করে দেখে নেবে। পাঠ্যবইয়ে প্রতিটি অধ্যায় সংশ্লিষ্ট সন, তারিখ, নাম, বিভিন্ন সংজ্ঞা, বৈশিষ্ট্য, পটভূমি ইত্যাদি ভালো করে আয়ত্ত করবে।
সৃজনশীল প্রশ্ন তিনটি অংশে হতে পারে যেমন: ক. সমাজবিজ্ঞান, ইতিহাস ও পৌরনীতি খ. অর্থনীতি ও জনসংখ্যা গ. ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা ও বাংলাদেশ। সুতরাং কোনো অধ্যায় পড়তে বাদ দেওয়া যাবে না।
সৃজনশীল প্রশ্ন পাঠ্যবইয়ের সব অধ্যায় থেকেই করা হবে। সে জন্য পাঠ্যবইয়ের সব অধ্যায় ভালো করে পড়ে, বুঝে এবং যেকোনো নতুন পরিস্থিতিতে পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানোর অভ্যাস নিয়মিত অনুশীলনের মাধ্যমে গড়ে তুলতে হবে। এটি কখনো মানচিত্র, সারণি, ডায়াগ্রাম, উদ্ধৃতি, মন্তব্য, চিত্র, ছবি ইত্যাদির মাধ্যমেও হতে পারে। উদ্দীপকটি সাধারণত হয় মৌলিক, সম্পূর্ণ নতুন এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত। তোমাদের কাজ হবে সুনির্দিষ্ট ধারণা খুঁজে বের করা। আর সে ধারণাটিকে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা।
উদ্দীপকের গ ও ঘ নম্বর প্রশ্নের উত্তর করার আগে উদ্দীপকটি বারবার পড়ে নেবে। গ নম্বরের প্রশ্নোত্তর যেন ঘ নম্বরের চেয়ে বড় না হয় সেদিকে লক্ষ রাখবে। নির্ধারিত সময়ের মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর যাতে লিখে শেষ করা যায়, সেভাবে সময়টাকে ভাগ করে নেবে। ছোট ছোট বাক্যে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে উত্তর করবে।
প্রশ্নের উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর