মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
সমাজবিজ্ঞান এবারই প্রথম সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। সৃজনশীলের নিয়ম সঠিকভাবে অনুসরণ করলে সৃজনশীল ও বহুনির্বাচনি উভয় ক্ষেত্রেই ভালো নম্বর পেতে পার। একজন সাধারণ মানুষ যেভাবে পরিবার, বিয়ে কিংবা রাষ্ট্র ইত্যাদি বিষয় বোঝে, সেভাবে বুঝলে চলবে না। তোমাদের বোঝাতে হবে সমাজবিজ্ঞানের আলোকে। কেননা, তুমি সমাজবিজ্ঞান পড়েছ। সমাজবিজ্ঞানের অনেক বিষয় পরিবর্তনশীল হওয়ায় এর সংজ্ঞা ও ধারণা নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য বিদ্যমান। বিষয়টি মাথায় রেখে মূল বিষয় আত্মস্থ করতে হবে, মূল বিষয়টি বুঝে পড়তে হবে।
সৃজনশীল পদ্ধতিতে লিখতে হবে সুনির্দিষ্টভাবে। তাই প্রশ্নে যা চাওয়া হয়েছে, তা অল্প কথায় বুঝিয়ে লিখবে। কেননা, অনেকে মনে করে, বেশি লিখলে বেশি নম্বর পাওয়া যাবে। এ ধারণা ঠিক নয়। সৃজনশীল পদ্ধতিতে যেহেতু জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য আলাদা আলাদা নম্বর বরাদ্দ থাকে। জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে তিন বাক্যের মধ্যেই লিখবে। অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে পাঁচ বাক্যের মধ্যে বুঝিয়ে লিখতে হবে। প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে ১২ বাক্য এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে ১৫ বাক্যের মধ্যে মূল বক্তব্য তুলে আনতে হবে। পাঠ্যবইয়ে লেখা একটি বিষয়কে আত্মস্থ করে প্রয়োজনীয় বাক্যে তুলে ধরার ক্ষমতাও সৃজনশীল পদ্ধতির অন্যতম দিক।