মনের অবস্থা দেখাবে প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুডেন্টলাইফ নামের অ্যাপ নির্ণয় করবে কোনো শিক্ষার্থী মানসিক চাপে ভুগছে কি না l ছবি: টড বিগেলো/অরোরা
স্টুডেন্টলাইফ নামের অ্যাপ নির্ণয় করবে কোনো শিক্ষার্থী মানসিক চাপে ভুগছে কি না l ছবি: টড বিগেলো/অরোরা

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডার্টমাউথ কলেজের দুই শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকায় এবং নির্ধারিত পাঠ অসমাপ্ত রাখায় অকৃতকার্য হওয়ার পর্যায়ে পৌঁছে যায়। এতে তাদের শিক্ষাজীবন রীতিমতো হুমকির মুখে পড়ে যায়।
কিন্তু কেন ওই দুই শিক্ষার্থীর এ অবস্থা হলো? তাদের স্মার্টফোনের বিভিন্ন তথ্য-উপাত্তের স্বয়ংক্রিয় বিশ্লেষণে দেখা যায়, তারা দুজনেই মানসিক চাপে ভুগছিল এবং বিষয়টি শিক্ষকদের জানায়নি। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেয় এবং তাদের দুজনকে এফ গ্রেড (অকৃতকার্য) দেওয়ার পরিবর্তে গ্রীষ্মকালীন ছুটির মধ্যে যাবতীয় পাঠ কার্যক্রম (কোর্সওয়ার্ক) সম্পন্ন করে আবার পড়াশোনায় ফিরে আসার সুযোগ করে দেয়। এ জন্য ওই দুই শিক্ষার্থীর ধন্যবাদ পাওয়ার দাবিদার কম্পিউটারবিজ্ঞানী অ্যান্ড্রু ক্যাম্পবেল ও তাঁর সহযোগীরা। তাঁরা ছাত্রছাত্রীদের স্মার্টফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের মানসিক অবস্থা নির্ণয় করার প্রযুক্তি উদ্ভাবন করেন এবং ওই কলেজের ৪৬ জন ছাত্রছাত্রীর ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে সাফল্য অর্জন করেন।
ক্যাম্পবেল বলেন, ‘আমরা প্রথমবারের মতো কারও স্মার্টফোন থেকে একটি পরোক্ষ ও স্বয়ংক্রিয় উপায়ে মানসিক অবস্থা-সংশ্লিষ্ট নানা রকম তথ্য-উপাত্ত সংগ্রহের প্রযুক্তি বের করেছি। এটি ওই ব্যক্তির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। এটি ব্যবহার করে দেখা যায়, শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনার বাড়তি চাপের মুখে ব্যায়ামাগারে যাতায়াত ও ঘুমানোর অভ্যাস পাল্টে ফেলে। ’
ক্যাম্পবেলের নেতৃত্বে গবেষকেরা খতিয়ে দেখেন, কেন একদল ছাত্রছাত্রী একই যোগ্যতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আসার পরও কেউ কেউ অনেক ক্লাসে অনুপস্থিত থাকে অথবা পড়াশোনা থেকে সম্পূর্ণ ঝরে যায়। ওই গবেষণায় শিক্ষার্থীদের ঘুমের পরিমাণ, সামাজিকতা, মানসিক অবস্থা, পড়াশোনার চাপ প্রভৃতির সমন্বিত প্রভাব যাচাই করা হয়। এরপর ক্যাম্পবেল তৈরি করেন স্টুডেন্টলাইফ নামের একটি অ্যাপ, যা সংবেদির (সেনসর) সাহায্যে স্মার্টফোনের বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করে। এই অ্যাপ ১০ সপ্তাহে নির্দিষ্ট শিক্ষার্থীদের জীবনের যাবতীয় দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করে; যেমন—তাদের শারীরিক পরিশ্রমের মাত্রা, আলাপচারিতার অভ্যাস ও সময় এবং অবস্থান (জিপিএস)। এমনকি, ক্যামেরার সাহায্যে দেখা হয়, রাতে তারা কখন শোবার ঘরের আলো নেভায়।
এই অ্যাপ প্রত্যেক ছাত্রছাত্রীর সুখ, বিষণ্নতা, একাকিত্ব ও মানসিক চাপের মাত্রা নির্ণয় করতে পারে। এটি সম্ভব হয়েছে ‘উদীয়মান’ ছাত্রছাত্রীদের কারণে। তারা অন্যদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতায় মগ্ন থাকে। কিন্তু বিষণ্নতায় আক্রান্ত ছাত্রছাত্রীরা তুলনামূলক কম কথাবার্তা বলে অথবা অতিরিক্ত সময় ঘুমিয়ে কাটায়। বাইরে যাওয়ার পরিবর্তে তারা ঘরের ভেতরেই বেশি সময় কাটায়। আবার ঘুমে ব্যাঘাত ও সংক্ষিপ্ত আলাপচারিতার মতো বিষয়কে মানসিক চাপের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়। গবেষকেরা এসব মানসিক অবস্থা এবং তাদের পড়াশোনায় পারদর্শিতার তুলনামূলক বিশ্লেষণ করেন। এ ক্ষেত্রে তাদের অর্জিত গ্রেড বিবেচনায় নেওয়া হয়।
গবেষণার ফলাফলে দেখা যায়, শিক্ষাবর্ষ শুরুর সময় ছাত্রছাত্রীরা খোশ মেজাজে সবকিছু শুরু করে। তখন তারা অনেক কথাবার্তা বলে, ঠিকমতো ঘুমায় এবং নানা রকমের কাজকর্মে ব্যস্ত থাকে। কিন্তু মধ্য পর্যায়ে পড়াশোনার চাপ বৃদ্ধি পেলে তারা ঘুম, আলাপচারিতা ও শারীরিক পরিশ্রম বাদ দিয়ে দেয়।
ক্যাম্পবেল বিশ্বাস করেন, তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে অব্যাহতভাবে কারও মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে। এটি ছাত্রছাত্রী ছাড়াও সব পেশার মানুষের জন্য প্রযোজ্য হবে। তবে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে প্রযুক্তিটি আপত্তির মুখে পড়তে পারে।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেসিলিয়া মাস্কোলো বলেন, এ ধরনের অ্যাপ মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত। এ ক্ষেত্রে এটির নিয়ন্ত্রণ বিশ্বস্ত কারও হাতে থাকতে হবে। তার পরও কারও মানসিক চাপ বা বিষণ্নতা দূর করার চেষ্টায় বিভিন্ন স্থানে পর্যাপ্ত ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা বা নিরাপত্তা নিশ্চিত করে এই অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
নিউসায়েন্টিস্ট