মনের কথা পড়বে গাড়ি!

ভবিষ্যতে এমন গাড়ি তৈরি হবে যা মনের কথা পড়তে পারবে। মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করে চালকের হাবভাব বুঝে যাবে এই ‘স্মার্ট’ গাড়ি।
বিশ্বের বেশ কয়েকটি নামী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর এখন এমন ধরনের প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ করছে। এ প্রযুক্তির কল্যাণে চালকের চিন্তা-ভাবনা, স্বাস্থ্যের অবস্থা এবং তাঁর কর্মকাণ্ড আগেভাগেই জেনে যাবে গাড়ি।
যুক্তরাজ্যের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার গাড়িকে নিরাপদ ও অধিক স্মার্ট করে তুলতে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করছে। জাগুয়ার কর্তৃপক্ষ চাইছে এমন এক ধরনের গাড়ি তৈরি করতে যে গাড়ি চালকের মনোযোগ বিষয়টা ধরতে পারবে। ঘুমিয়ে পড়া বা অমনোযোগী হওয়ার মতো কোনো পরিস্থিতিতে চালক পড়লে গাড়িই তাঁকে সতর্ক করে দেবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে চালকের মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করে।
হ্যাপটিক অ্যাকসেলেটর পেডাল নামে আরও একটি প্রকল্প নিয়ে কাজ করছে জাগুয়ার। এর লক্ষ্য হচ্ছে চালককে একটি তরঙ্গ বা ঝাঁকি দিয়ে সতর্ক করে দেওয়া। দুর্ঘটনা ঘটার আগে বা গাড়ির গতি বেশি হলে এভাবে সতর্ক করবে গাড়ি। এ ছাড়াও স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। (পিসি ম্যাগ, জিনিউজ ও দ্য ভার্জ)