মনের কথা বলুন খুলে

প্রতিদিন মনের কোণে কত কথা জমে। মনে হয় কারও কাছে মন খুলে কথা বললে হালকা লাগবে। আবার চারপাশে এমন অনেক ঘটনা ঘটে, সেসব কথাও সবাইকে জানাতে ইচ্ছে করে। কিংবা নিজের তোলা কোনো ছবি আশপাশের সবাইকে দেখাতে চাইছেন। এর সবই করতে পারবেন, যদি আপনি ‘বেশতো’-এর সদস্য হন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি চালু হয় বেশতো ডট কম (www.beshto.com) নামের এই সামাজিক নেটওয়ার্ক। আজ এর এক বছর পূর্তি হচ্ছে। প্রায় ৫০ হাজার ব্যবহারকারী আছে এই নেটওয়ার্কের, যাঁদের বেশির ভাগই নারী।
এখানে যে কেউ অ্যাকাউন্ট খুলে নিজের যেকোনো লেখা, মন্তব্য ও ছবি দিতে পারেন। চাইলে যে কেউ যে কাউকে অনুসরণ করতে পারেন। যেন ফেসবুক আর টুইটারের যুগলবন্দী। এই ফলোয়াররা সেরা পোস্ট সেরা ছবি নির্বাচন করে থাকেন তাঁদের ভোটের মাধ্যমে। সেগুলো বেশতোর প্রথম পৃষ্ঠায় স্থান পায়। আর প্রতিদিনের সেরা পোস্ট, সপ্তাহের পোস্ট, মাসের সেরা পোস্ট নির্বাচিত করা হয় ব্যবহারকারীদের রেটিং থেকে। ব্যবহারকারীদের আরও নিজের মতামত প্রকাশে উৎসাহ দিতে এটি করা হয়েছে।
বেশতোর প্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর বলেন, নিজের ভাষায় সবচেয়ে স্বতঃস্ফূর্তভাবে কথা বলা যায়। তাই বাংলায় এই সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক চালু করেছি আমরা। এখানে বাংলাদেশের বিভিন্ন ঘটনা, যেকোনো বিষয়ে মতামত সব দেওয়া যায়। অর্থাৎ দেশের সংস্কৃতি, উৎসব, সাম্প্রতিক ঘটনা যেন বলার একটা জায়গা থাকে। এতে মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়বে। আর আমাদের স্লোগান হলো, জানো এবং নিজেকে জানাও। ফলে অন্যের কথা জানবে এবং নিজের কথা অন্যকে জানানো।
আপনার সব কথা, পোস্ট, ছবি, কৌতুক বা যেকোনো তথ্য সবাই দেখতে পারবেন, সেটি বিবেচনায় থাকতে হবে। তবে মডারেটররা সচেতন থাকেন, যাতে কোনো আপত্তিকর মন্তব্য বা লেখা পোস্ট না হয়। বেশতো ডট কমে জনপ্রিয় হলো সাক্ষী, প্রশ্ন, বেশর্টুন ও জোকস বিভাগ। শপিং বিভাগে কেনাকাটাও করতে পারবেন।
বেশতোর উদ্যোক্তারা চান, ইন্টারনেট যেন মানুষের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে ওঠে। সে জন্যই এ উদ্যোগ। আর সব বিশেষ দিবসে এই সামাজিক নেটওয়ার্কে থেকে নির্দিষ্ট বিষয়ের ওপর লেখা আহ্বান করা হয়। অর্থাৎ বিশেষ দিনে বিশেষ আয়োজন থাকে বেশতোতে।