মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা

আমার নতুন ভাবি ছিলেন স্বল্পশিক্ষিত। ভাবির কাজকর্ম, কথাবার্তা, চলাফেরা বাড়ির কেউ পছন্দ করত না। তাঁকে কোনো কিছু শেখানোর বদলে সবাই খোঁটা দিত। এসব নিয়ে মাঝেমধ্যে ভাই-ভাবির ঝগড়া হতো। সবাই যখন বিপক্ষে, তখন তাঁর জীবন হয়ে যায় বিষাদময়। আত্মহনন ছাড়া তাঁর উপায় ছিল না। তাঁকে বাঁচাতে আমি সময় দিতাম। একসময় তাঁরা সংসার আলাদা করে নেন। এর মধ্যে ভাবি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাঁর ইচ্ছা, সন্তান নষ্ট করে ফেলবেন। কারণ, স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো নয়। দুজনে মিলে ঠিক করেছিলাম, দূরে কোথাও চলে যাব। বাড়ি থেকে বের হওয়ার দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। তাঁর প্রতি আমার সম্মান, আদর-স্নেহ, মায়া-মমতা, ভালোবাসা কোনো কিছুরই কমতি ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কথা দিয়েছিলাম, ভবিষ্যতে যদি স্বামী-স্ত্রী ছাড়াছাড়ি হয়, তবে তাঁর সন্তানের দায়িত্ব আমি নেব। তিনিও আমাকে বেশ সম্মান ও সমাদর করতেন। কিন্তু সন্তান জন্মের পর তাঁদের সংসারে সুখ ফিরে আসে। তারপর আমি তাঁকে ভোলার চেষ্টা করি। আমার পড়ালেখার খরচ নিজেই বহন করতাম। সেই অজুহাতে এইচএসসি পাসের পর চাকরির নামে প্রায় দুই বছর শহরের বাইরে ছিলাম। এর মধ্যে তিনি আরও এক সন্তানের মা হন। বর্তমানে চাকরি নিয়ে শহরে আছি। কিছুদিন আগে আমার বিয়ের কথা বলি। না, তিনি আমাকে বিয়ে করতে দেবেন না। বিয়ে যদি করতে হয়, তবে যেকোনো কিছুর বিনিময়ে তাঁকেই করতে হবে। জেদাজেদি করে বিয়ে করতে চাইলে, ছয় মাস আগে তাঁকে জানাতে হবে। এর মধ্যে তিনি নিজেকে কোনো কায়দায় শেষ করে ফেলবেন। আর যদি গোপনে হুট করে বিয়ে করি, তবে তিনি গলায় দড়ি দেবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তুমি একজন অসহায় মেয়েকে তাঁর জীবনের চরম দুঃসহ মুহূর্তগুলোতে চমৎকারভাবে সহায়তা দিয়েছ। তিনি শুধু একা নন, বাংলাদেশের অনেক মেয়েই এ ধরনের অসহায়ত্বের ভেতর দিয়ে দিন পার করছে। তবে তুমি যদি সারা জীবন তাঁকে ভালো রাখার দায়িত্ব নেওয়ার কথা ভেবে থাকো, তাহলে অনেক বড় ভুল হবে। কারণ, আমাদের প্রত্যেকেরই প্রথম দায়িত্ব নিজের প্রতি যত্নশীল হওয়া। অন্যের সহযোগিতা আমাদের জন্য অতিরিক্ত প্রাণশক্তি অর্জনের সহায়ক মাত্র। তুমি লিখেছ যে, তাঁদের সংসারে এখন সুখ এসেছে এবং ভাবি এখন দুই সন্তানের মা। এ অবস্থায় তুমি যদি তাঁকে গ্রহণ করতে চাও, তাহলে প্রথমে তো তাঁকে তোমার ভাইকে আইনগতভাবে ছেড়ে আসতে হবে। এতে করে তাঁদের সন্তান দুটোরও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এখন তাঁর আত্মহত্যার কথা ভাবা অন্যায় এবং এটি একটি গুরুতর অপরাধও বটে। তুমি তাঁকে বলো যে, তাঁর প্রতি তোমার শ্রদ্ধা ও ভালোবাসা সব সময় অটুট থাকবে, তাঁকে অবশ্যই আরও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। কোনোভাবেই নিজের প্রতি অবহেলা করা চলবে না, অনেক মানসিক শক্তি অর্জন করে, নিজেকে ভালোবেসে তাঁকে পথ চলতে হবে। তিনি তোমাকে আত্মহত্যার হুমকি দিচ্ছেন বলে তুমি তাঁকে জীবনসঙ্গী করবে, এটি যেন কোনোভাবেই না ঘটে।