মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
আমি প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকে একটি মেয়েকে খুব পছন্দ করি। এখনো কোচিং ক্লাস করতে গেলে মেয়েটির সঙ্গে দেখা হয়। কিন্তু ভালোবাসার কথা তাকে বলতে পারিনি। কয়েকবার তাকে বলতে চেয়েছিলাম, লজ্জায় পারিনি। তবে আমাদের বন্ধুত্ব বহুদিনের। আমি চাই না যে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে আমার বন্ধুত্বটা নষ্ট হোক। এখন আমি কী করতে পারি?
পরামর্শ
তুমি বর্তমানে বয়ঃসন্ধিতে রয়েছ। বিপরীত লিঙ্গের এই মানুষটির প্রতি একটু বেশি আকর্ষণ বোধ করাটা স্বাভাবিক। তবে ছোটবেলার এই ভালো লাগা পরবর্তী সময়ে থাকবে কি না, সেটা নিশ্চিত করে বলা মুশকিল। এই বয়সে মনের পরিবর্তনও খুব দ্রুত ঘটতে থাকে। এ ধরনের মানসিক চাপ বেশি দিন বহন না করলে ভালো হয়। তোমার যেমন কোনো মেয়েকে ভালোবাসার অধিকার আছে, মেয়েটিরও অধিকার রয়েছে তোমাকে প্রত্যাখ্যান করার। ওকে অবশ্যই তুমি বলবে যে তুমি ওকে অনেক দিন থেকেই ভালোবাসো। তবে নিজের মনকে এর আগে খুব ভালো করে তৈরি করে নাও। মেয়েটি ‘না’ বললেও তুমি যেন সেটি অনেকটা সহজভাবে মেনে নিতে পারো। ওর সঙ্গে যদি এতে বন্ধুত্ব নষ্টও হয়, তুমি মানসিক চাপ থেকে মুক্ত থাকবে। মেয়েটিকে যদি তুমি কথাটি না বলে দীর্ঘদিন কাটিয়ে দাও, তাহলে শুধু বন্ধুর মতো আচরণ করা তোমার জন্য দিনে দিনে আরও কঠিন হয়ে পড়বে। তোমার মধ্যে নিজের অজান্তেই অনেক প্রত্যাশা তৈরি হবে। এটি তোমার মানসিক স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে।

সমস্যা
আমি সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। সব সময় কোনো দুশ্চিন্তা বা অস্থিরতায় ভুগি। একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন, এটা মানসিক রোগ। তিনি বলেছেন, আমি বড় হয়ে চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকতে পারব না। যদি এটা মানসিক রোগ হয় তাহলে ভবিষ্যতে আমার জীবনে কোনো প্রভাব ফেলবে কি?
পরামর্শ
দুশ্চিন্তা সব সময় ক্ষতিকর নয়। দুশ্চিন্তা থাকে বলেই কিন্তু আমরা দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করার চেষ্টা করি। পরীক্ষার আগে দুশ্চিন্তা হয় বলেই আমরা অনেক বেশি লেখাপড়া করে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিই। যতক্ষণ পর্যন্ত এই আবেগ আমাদের ইতিবাচক ফলাফল পেতে সহায়তা করে ততক্ষণ দুশ্চিন্তা নিয়ে আমরা ভয় পাব না। কিন্তু এটি যদি ভীষণভাবে নেতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসে তাহলে বলতে হবে, এটি মানসিক রোগের পর্যায়ে চলে গেছে। এসব ক্ষেত্রে কোনো মানসিক স্বাস্থ্যকর্মীর কাছে গিয়ে কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নেওয়ার প্রয়োজন হয়। তোমার দুশ্চিন্তাগুলো কোন কোন পরিস্থিতিতে হচ্ছে সেটি জানালে ভালো হতো। তুমি প্রথমে পরিস্থিতিগুলো চিহ্নিত করে একটি নোটবুকে লিখতে পারো। সেই সময় তুমি কী কী ভাবছ তাও পাশে লিখে ফেলো। এরপর এর বিপরীতে কী ভাবলে তোমার অস্থিরতার মাত্রা কমবে বলে মনে হয় সেই বিকল্প ভাবনাগুলো লিখে প্রতিদিন সেগুলো চর্চা করতে থাক।