মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমার বয়স ১৬। আমার একটা স্বপ্ন ছিল পড়ালেখা করে শিক্ষিত হওয়ার। কিন্তু পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েই আমার পড়ালেখা বন্ধ হয়ে যায়। ইচ্ছা করলে আমার পরিবারের সবাই মিলে আমাকে পড়াতে পারত। কিন্তু কেউ আমার পড়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। আমার মা-বাবা নেই। শহরে বোন-দুলাভাইয়ের কাছে বড় হচ্ছি। দুলাভাইয়েরও পূর্ণ সামর্থ্য আছে আমাকে পড়ানোর। কিন্তু তিনি পড়ার নামও শুনতে পারেন না। অবশ্য পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তে তিনি আমাকে সাহায্য করেছিলেন। কাউকে স্কুল-কলেজে যেতে দেখলে খুব কষ্ট হয়।
পরামর্শ
আমাদের দেশে এমন অনেক ছেলেমেয়ে রয়েছে, যারা মোটেও লেখাপড়া করতে চায় না, অথচ তাদের জোর করে পড়ালেখা করতে বলা হচ্ছে। তুমি কি অন্য কোনো আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে পড়াশোনার কথা ভাবতে পারো? এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে দেখতে পারো তুমি তাদের মাধ্যমে প্রাইভেটে এসএসসি পরীক্ষা দিতে পারো কি না। তোমাদের এলাকার কেউ যদি নিঃস্বার্থভাবে তোমার লেখাপড়ার খরচ বহন করতেন, তাহলে খুব ভালো হতো। তবে এসব ব্যাপারে তোমার বোন ও দুলাভাইয়ের সহায়তাও খুব প্রয়োজন। তুমি তাঁদের জন্য কীভাবে স্বার্থ ত্যাগ করছ, তা বুঝতে পারিনি। তাঁরা কি তোমাকে দিয়ে ঘরের কাজগুলো করিয়ে নিচ্ছেন? তাহলে তুমি ওদের বুঝিয়ে বলো, ঘরের কাজে সাহায্য করেও তুমি রাত জেগে নিজের লেখাপড়া করতে পারবে। তোমার মধ্যে অদম্য ইচ্ছা থাকলে কেউ তোমাকে বাধা দিয়ে আটকে রাখতে পারবে না। অনেক শুভকামনা এবং সম্মান জানাই তোমাকে।
সমস্যা
আমি একজন সরকারি কর্মকর্তা। বিবাহিত ও দুই সন্তানের জননী। আমার স্বামী একটি বিদেশি সংস্থায় উচ্চ পদে কর্মরত। আমরা ভালোবেসে পরে পারিবারিকভাবে বিয়ে করি। আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসতেন যে অন্য কারও সঙ্গে এমনকি সহপাঠী ছেলেবন্ধুদের সঙ্গে কথা বলাও সহ্য করতে পারতেন না।
আমি একজন সংগীতশিল্পী। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। কিন্তু তাঁর নিরুৎসাহের কারণে সেসব বাদ দিয়েছি। বিয়ের পর চাকরির কারণে স্বামীর কাছ থেকে দূরে যেতে বাধ্য হই। আমি স্বামীর কাছাকাছি বদলি হয়ে আসার জন্য চেষ্টা করতে চেয়েছি। কিন্তু তিনি রাজি হননি।
বিয়ের শুরু থেকে আমার স্বামী বিভিন্ন বিষয়ে সন্দেহ করেন। ইদানীং সমস্যাটি আরও জটিল হয়েছে। আমার মুঠোফোন ব্যবহার করা নিয়ে নানা সময় অনেক কটূক্তি করেন। অফিস থেকে ফিরলে বিভিন্ন ধরনের জেরা করেন। এতে আমার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমি খুব সচেতন একজন মানুষ। সব সময় সমন্বয় করে চলার চেষ্টা করি। ইদানীং মনে হচ্ছে, আমার স্বামী শারীরিকভাবে কিছুটা দুর্বল। এ জন্য হীনম্মন্যতায় ভুগছেন। আমি আমার সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই এবং এ ব্যাপারে আমার স্বামীর পূর্ণ সহযোগিতা প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
পরামর্শ
মনে হচ্ছে, আপনার স্বামী প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরনের সন্দেহপ্রবণতা স্বাভাবিক নয়। আপনি জানিয়েছেন, স্বামী আপনাকে খুব বেশি ভালোবাসতেন বলে সহপাঠী ছেলেবন্ধুদের সঙ্গে কথা বলা সহ্য করতে পারতেন না। আপনি যেটিকে অতিরিক্ত ভালোবাসা বলে ভুল করেছিলেন, সেটি ঠিক সুস্থ আচরণ ছিল না। সত্যিকারের ভালোবাসায় উদারতা, বিশ্বাস, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ—এই উপাদানগুলো থাকা খুব জরুরি। আপনি আপনার সংস্কৃতিমনা সত্তাটিকে প্রায় হত্যা করেছেন, তাঁর এই অসুস্থতাকে প্রশ্রয় দিতে গিয়ে। এতে করে কিন্তু তাঁর সমস্যা কমে যায়নি, বরং দিনের পর দিন সেটি আরও বেড়ে গেছে।
আপনারা অনেক দিন কাছাকাছি ছিলেন না বলে হয়তো তাঁর সন্দেহপ্রবণ আচরণ আরও বেড়েছে। বর্তমানে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ার কারণে তাঁর অসুস্থতা আরও জটিল হয়েছে। তাঁর এই অসুস্থতা চিকিৎসা ছাড়া ঠিক হবে কি না, তাতে সন্দেহ রয়েছে। তিনি এতে রাজি হবেন কি না, জানি না। কোনো আত্মীয় বা বন্ধু যাঁকে তিনি সম্মান করেন এবং ভালোবাসেন, তাঁকে দিয়ে যদি বোঝানো সম্ভব হয়, তাহলে প্রথমে তাঁকে কাউন্সেলিংয়ে নিয়ে যেতে হবে। আপনার স্বামীকে হয়তো মনোরোগ বিশেষজ্ঞের কাছেও যেতে হবে। তবে এর আগে তাঁর মধ্যে এই উপলব্ধি আসা প্রয়োজন যে, তিনি কাউন্সেলিং ও ওষুধের সাহায্য নিলে অনেক স্বস্তির একটি জীবন উপভোগ করতে পারবেন। এ ব্যাপারে মানসিক স্বাস্থ্য কাউন্সেলর আপনাদের দুজনকেই সহায়তা দেবেন। আপনার স্বামী যদি কোনো সেবা নিতে রাজি না হন, তাহলে আপনি অন্তত সেবাটি নিন। এতে করে আপনি মানসিকভাবে কিছুটা ভালো থাকতে পারবেন।