মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে পড়ছি। এখানেও আমার কোনো বন্ধু নেই। আমি একটু চুপচাপ প্রকৃতির, কারও সঙ্গে সহজে বন্ধুত্ব করতে পারি না, কিন্তু আমার মানুষের সঙ্গে মিশতে খুব ভালো লাগে। কারও সঙ্গে বেশি মিশে গেলে অনেক বেশি কথা বলে ফেলি। তারা হয়তো বিরক্ত হয়, এটা ভেবে নিজেকে দোষী মনে হয়। নিজেকে খুব একা লাগে। শুধু মনে হয়, আমাকে দিয়ে কিছু হবে না।
সুপ্তি
পরামর্শ
মনোবিজ্ঞান বিভাগে পড়। সুতরাং পড়ে তুমি নিশ্চয়ই জানতে পেরেছ আমরা কেউ বহির্মুখী বা কেউ অন্তর্মুখী ব্যক্তিত্বের মানুষ। হয়তো তোমার অন্তর্মুখী ব্যক্তিত্বের কারণে তুমি স্কুল-কলেজে কোনো ভালো বন্ধু পাওনি। তোমার ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য বংশগত কারণে হয়েছে। আবার অনেকটাই তুমি নিজের অজান্তে অর্জন করেছ পরিবেশের কারণে প্রভাবিত হয়ে। কাজেই তোমার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো তুমি নিজে তৈরি করোনি। এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে সচেতনভাবে তুমি তোমার মধ্যে ইতিবাচক পরিবর্তনগুলো আনতে পার। আমি তোমাকে অনুরোধ করব, তার আগে তুমি নিজেকে নিজে সম্মান করতে শেখ। ভাব যে এই বিশেষ সামাজিক দক্ষতা ছাড়াও তোমার মধ্যে আরও অনেক প্রশংসনীয় গুণ আছে। তুমি সেই গুণগুলো আরও বাড়ানোর চেষ্টা করো। সামাজিক দক্ষতা বাড়ানোর জন্য অন্যরা বিরক্ত হবে কি না সেই চিন্তা না করে প্রতিদিন আশপাশের মানুষের সঙ্গে কিছু কথা বল। মনোযোগ দিয়ে তাদের কথাগুলোও শোন। যদি অল্প কিছুটাও করতে পারো, তাহলে নিজেকে বলবে, ‘এই তো আমি পেরেছ। ভবিষ্যতে আমি আরও ভালো করব।’ প্রতিদিন একটি ডায়েরিতে নিজের ইতিবাচক দিকগুলো সম্পর্কে লিখবে। কেন সেগুলোকে তুমি ইতিবাচক মনে করছ, তাও লিখবে। তুমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোমাদের জন্য টিএসসিতে (ছাত্র-শিক্ষক কেন্দ্র) মানসিক দক্ষতা বাড়ানোর জন্য সেবা দেওয়া হচ্ছে।

সমস্যা
কিছুদিন আগে এক পুত্রসন্তানের বাবা হয়েছি। দুটি সমস্যার কথা লিখছি, যে সমস্যাগুলো আমার ভেতর অনেক আগে থেকে ছিল। স্নায়ু ও মানসিক ডাক্তার দেখানোর পর প্রায় পাঁচ বছর ভালো ছিলাম। কিন্তু হঠাৎ করে সেদিন আবার এই বিব্রতকর সমস্যার আবির্ভাব ঘটেছে। ইহধাম ত্যাগ করার আগে এটা শুধু জেনে যেতে চাই, এটা কি আদৌ কোনো রোগ, নাকি অন্য কিছু? কারণ, আমার স্ত্রী বা পরিবারের অন্যরা মনে করে এটা কোনো রোগ না—এটা ভণ্ডামি। সমস্যাটা বলি। রাতে ঘুমিয়েছি, হঠাৎ মনে হয়, ঘরের সদর দরজা খোলা। নয়তো পাশের রুমে যারা ঘুমিয়ে আছে, তারা হয়তো মশারি খাটায়নি বা কয়েল জ্বালায়নি ইত্যাদি। মনে মনে ভাবি, ধুত্তুরি, ঘরে তো আরও অনেক লোক আছে, তারা চেক করে ঘুমাবে, জোর করে ঘুমানোর চেষ্টা করি। কিন্তু কিছুক্ষণ পরই নিজেকে আবিষ্কার করি অন্য রুমে। তখনই কষ্টে আমি কুঁকড়ে যেতে থাকি। মনে হয়, আমি এটা কী করলাম! অনেক সময় ভুল করে মানুষের গায়ে হাত দিয়ে ফেলি। মনে হয় ঘুমের ঘোরে। ভুল ধরা পড়ার পর মনে হয়, আমি কেন মরে যাই না। সেদিন আমার এক ছোট বোনের গায়ে হাত দিয়ে ফেলেছি। এরই জের ধরে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। যাবেই বা না কেন? এর আগেও কয়েকবার আমি তাকে এমন বিব্রতকর অবস্থায় ফেলেছি। চরম বিপর্যয়ে আছি, কারণ, কিছুদিন আগে আমার চাকরিটাও চলে গেছে। বর্তমানে আমি একা, আমার পাশে কেউ নেই। ইহলোক ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছি। অনেক সময় চোখে ঝাপসা দেখি। মাথার পেছন দিকসহ পুরো শরীর ঘামতে থাকে, শরীর কাঁপতে থাকে।
রাহুল (ছদ্মনাম), সিলেট।
পরামর্শ
তোমাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের একটি সংবেদনশীল বিষয় অকপটে লিখে জানানোর জন্য। তোমার প্রথম সমস্যাটি অনেকের মধ্যেই বিভিন্ন আকারে এবং বিভিন্ন তীব্রতায় দেখা যায়। এটি একটি দুশ্চিন্তাজনিত মানসিক রোগ, তবে চিকিৎসার মাধ্যমে অবশ্যই নিরাময়যোগ্য। এ ধরনের অবসেশন এবং দুশ্চিন্তা থেকে আমরা অনেকেই ঠিকমতো ঘুমাতে পারি না। ঘুমের মধ্যেই উঠে হাঁটাহাঁটি করি, অনেক সময় অন্য কারও বিছানায় গিয়েও ঘুমিয়ে পড়তে পারি একেবারেই অবচেতনভাবে। প্রচণ্ড দুশ্চিন্তা থেকে কারও কারও ‘প্যানিক অ্যাটাক’ও হয়। তবে তোমার অন্য সমস্যাটি নিয়ে মনে হচ্ছে, তোমাকে দীর্ঘ সময় ধরে ওষুধের পাশাপাশি সাইকোথেরাপির সহায়তা নিতে হবে। তুমি যে আচরণটি নিজের অজান্তে করছ, সেটি সামাজিকভাবে একেবারেই গ্রহণযোগ্য নয়। পাঁচ বছর আগেও কি তোমার একই ধরনের আচরণ এবং উপসর্গ হয়েছিল? কী কারণে তুমি চাকরিটা হারিয়েছ তা জানাওনি। অতিরিক্ত দুশ্চিন্তার কারণেই কি তুমি নিজেকে প্রমাণ করতে পারোনি? তুমি এখন এ ব্যাপারে সচেতন হয়েছ, এটি খুবই ভালো দিক। তবে নিজের প্রতি রাগ বা ঘৃণার অনুভূতিগুলো সরিয়ে তুমি যত তাড়াতাড়ি সম্ভব মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নেওয়ার উদ্যোগ গ্রহণ করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগেও অক্টোবর মাস থেকে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। শুভ কামনা রইল।