মনের জানালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমরা দুজনে দুজনকে ভালোবাসতাম। কিন্তু ছেলেটির সঙ্গে সম্পর্ক হওয়ার কয়েক মাস পর থেকে ওকে আমার আর ভালো লাগত না। ছেলেটি আমাকে কখনো খারাপ কিছু বলেনি কিংবা খারাপ কোনো ইঙ্গিত করেনি। তবুও কেন যে ওকে ভালো লাগছিল না, জানি না। আমি ছেলেটিকে এড়িয়ে চলতাম। ছেলেটি হয়তো বুঝতে পেরেছিল আমি ওকে পছন্দ করছি না। তারপর আমাদের দুজনের সম্পর্কটি ভেঙে যায়। কিন্তু সম্পর্ক শেষ হওয়ার পর থেকে মনে হচ্ছে ছেলেটির সঙ্গে আমি প্রতারণা করেছি। একটা অপরাধবোধ আমার ভেতর কাজ করছে। ফলে আমি পড়ালেখায় মন বসাতে পারছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম।
পরামর্শ
তোমাদের দুজনের বয়স কত সেটা জানলে ভালো হতো। যে সম্পর্কই থাকুক না কেন, তোমার দিক থেকে সেই অনুভূতিতে পরিবর্তন আসাটা খুব অস্বাভাবিক কিছু নয়। যদিও তুমি খুব স্পষ্টভাবে এই পরিবর্তনের কারণটি বুঝতে পারোনি। তুমি যেহেতু মন থেকে সাড়া পাচ্ছিলে না, কাজেই তুমি তাকে এড়িয়ে চলেছ। ছেলেটিও তোমার ইঙ্গিত সঠিকভাবে গ্রহণ করে সেই অনুযায়ী আচরণ করেছে। যেকোনো সম্পর্কের ক্ষেত্রে দুজনের কাছ থেকেই যথেষ্ট আন্তরিকতা ও ভালোবাসার প্রয়োজন হয়। তোমার দিক থেকে সেটির অভাব হলে তো কিছু করার নেই। তুমি যদি তার পরও তার সঙ্গে অভিনয় চালিয়ে যেতে সেটি প্রতারণা করা হতো। তাকে পরোক্ষভাবে বুঝতে দিয়ে তুমি বরং সততার পরিচয় দিয়েছ। আর যাই হোক, তুমি ছেলেটিকে মিথ্যা আশার মধ্যে রাখোনি। কাজেই তুমি তোমার অপরাধবোধ একেবারেই ঝেড়ে ফেলতে পার। অন্য কারও প্রতিও যদি তোমার অনভূতির পরিবর্তন হয়, তাহলে বিনয়ের সঙ্গে তাকে সরাসরি জানিয়ে দেবে। বলবে, যেকোনো কারণেই হোক তোমার ভালোবাসা আগের মতো কাজ করছে না, তবে মানুষটিকে তুমি একটুও অশ্রদ্ধা করছ না। এই কথাগুলো ইচ্ছে করলে তোমার ছেলেবন্ধুটিকেও বলতে পার। আশা করছি নিজেকে দোষারোপ করা বন্ধ করে তুমি লেখাপড়ায় মনোযোগী হতে পারবে।
সমস্যা
আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার বিভাগের একজন শিক্ষকের ক্লাস আমার ভালো লাগে। তো স্যারকে আমি বেনামি চিঠি দিয়ে জানিয়েছিলাম আমার ভালো লাগার কথা। এক দিন স্যার ক্লাসে এসে জানালেন, চিঠিগুলো তাঁর ভালো লেগেছে। স্যার জানতে চেয়েছিলেন, আমরা কেউ চিঠিটা লিখেছি কি না। কিন্তু আমি স্বীকার করিনি। আমি জানাতে চাই না। কেননা স্যারের সঙ্গে আমি চিঠি চালাচালি চালিয়ে যেতে চাই। স্যারের প্রতি শ্রদ্ধা রাখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। এখন স্যারকে আমি কিছু দিতে চাই। তবে কম দামের কিছু। যখন চাকরি করব তখন অনেক দামি কিছু কিনে দেব। তা ছাড়া ক্লাসে সবার সামনে ধন্যবাদ পেতে চাই না। ম্যাডাম, আমাকে জানাবেন সত্যি কি এখনই পরিচয়টা জানাব? আর হ্যাঁ, আপনিও একজন শিক্ষিকা। শিক্ষিকা হিসেবে সম্মান ও শ্রদ্ধা ছাড়াও একজন শিক্ষার্থীর কাছে কী আশা করেন?
আকাশ (ছদ্মনাম)
পরামর্শ
কোনো একজন শিক্ষকের প্রতি তোমার বিশেষ শ্রদ্ধাবোধ ও সেই সঙ্গে বিশ্বাসের অনুভূতি থাকতেই পারে। কিন্তু তুমি যেভাবে লুকোচুরির মাধ্যমে তা প্রকাশ করছ তা খুব সুস্থ কিছু মনে হচ্ছে না। আমার মতে তোমার অত্যন্ত বিনয়ের সঙ্গে সততার পরিচয় দিয়ে তার কাছে নিজের পরিচিতি তুলে ধরা উচিত। এরপর তিনি এ ব্যাপারে যা সিদ্ধান্ত দেবেন, সেটি মেনে নেওয়ার মতো মনের শক্তিও তোমাকে তৈরি করে নিতে হবে। তুমি ক্লাসে বসে ধন্যবাদ পেতে চাইছ না অথচ নিজের পরিচয় গোপন করে তাঁকে প্রতিনিয়ত চিঠি লিখতে থাকবে এটি কিন্তু স্ববিরোধী আচরণ। একজন শিক্ষক হিসেবে আমি আমার শিক্ষার্থীর কাছ থেকে শ্রদ্ধা আর ভালোবাসা ছাড়া আর যে জিনিসগুলো চাইব তার মধ্যে আছে সত্যবাদিতা, দায়িত্ববোধ এবং লেখাপড়ার প্রতি একাগ্রতা। তবে আমাকে কেউ পরিচয় গোপন করে এভাবে চিঠিতে মনের কথা জানাতে শুরু করলে আমি ক্লাসে গিয়ে বলতাম, এ বিষয়টিকে আমি উৎসাহিত করতে চাইছি না। যদি তার মনের কথা প্রকাশ করার মতো কেউ না থাকে, তাহলে কোনো মানসিক স্বাস্থ্য সেবাদানকারীর সঙ্গে সে যেন কথাগুলো বলে নিজেকে হালকা করে। তোমাকে শিক্ষার্থী থাকা অবস্থায় কোনো বস্তুগত জিনিস উপহার হিসেবে দেওয়ার ব্যাপারেও আমি নিরুৎসাহিত করতে চাই। কারণ কোনো শিক্ষার্থীর কাছ থেকে উপহার গ্রহণ করলে শিক্ষক তার নৈতিক মানদণ্ড লঙ্ঘন করেছেন বলে ধরে নেওয়া হয়। আশা করি, তুমি নিজের পরিচয় প্রকাশ করে শিক্ষকের কাছে ক্ষমা চেয়ে নেবে।