মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহতাব খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.

সমস্যা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি।  কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেশনজটের কারণে মনে শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চিত। সময় নষ্ট করে কি আবার বুয়েট বা মেডিকেলে চেষ্টা করব? কী করলে আমার কতদূর অগ্রগতি হবে বুঝতে পারছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।

পরামর্শ

আমরা খুব আন্তরিকভাবে চাইলে সবকিছুই করতে পারি, তাতে সন্দেহ নেই। তবে এর জন্য প্রচুর অধ্যবসায়, ধৈর্য ও মনোবল প্রয়োজন। তোমার মধ্যে এই গুণগুলো আছে কি না সেটা ভেবে দেখতে হবে। তুমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ফাঁকেই অন্য কিছু কোর্স করে নিজের যোগ্যতা বাড়াতে পারো। জীবনে সফল-সুন্দরভাবে চলতে হলে পড়ালেখা ছাড়াও আরও নানা বিষয়ে দক্ষতা অর্জন জরুরি। ইচ্ছে করলে এই বিষয়ে তুমি ইন্টারনেটের সহায়তাও নিতে পারো। আমি বলব, খুব বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে তুমি নিজেই খুব ভালো করে ভেবে দেখবে। যে সিদ্ধান্তই নাও সেটি যেন একান্তই তোমার সিদ্ধান্ত হয়, সেটি নিশ্চিত করবে। আর এই সিদ্ধান্তকে সফল করার পুরো দায়িত্বও তোমাকেই নিতে হবে।

সমস্যা

আমার বয়স ১৯। আমি কোনো মহিলা বা মেয়ের সঙ্গে কথা বলতে গেলে নিজের দৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না। যা আমাকে খুবই বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। মাস তিনেক আগেও এ সমস্যা ছিল না। অবশ্য এখন আমার বন্ধুরা মেয়েদের নিয়ে বেশি আলোচনা করে। শুধু এ কারণে এখন লজ্জায় কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারি না। এ জন্য নিজেকে খুব নিচ ও অপরাধী মনে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ

তুমি যে এ ধরনের একটি বিষয় নিয়ে সচেতন হয়েছ এটি খুবই প্রশংসনীয়। এটি তোমার সৎসাহসেরও পরিচায়ক। তবে এই অসুবিধার কারণে বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে তোমার সামাজিক দক্ষতা তৈরিতে অসুবিধা হবে। মেয়েদের সঙ্গে কথা বলার সময় তাদের চোখে চোখ রেখে কথা বললে তোমার সংকোচ অনেক কেটে যাবে। নিজেকে এ কারণে ছোট বা অপরাধী না ভেবে বরং তুমি ভাবতে পারো যে তোমার বন্ধুদের তুলনায় তোমার নৈতিক ও সামাজিক মূল্যবোধ বেশি। বন্ধুরা মেয়েদের নিয়ে কী ধরনের আলোচনা করছে জানি না। তারা যদি মেয়েদের তাদের মতোই একজন মানুষ ও বন্ধুর মতো মনে না করে, তাহলে বুঝতে হবে বাড়িতে তারা এই শিক্ষাটি গ্রহণ করেনি। মা-বাবা দুজনেরই দায়িত্ব তাদের পুত্রসন্তানের ভেতর মেয়েদের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে সহায়তা করা। তোমার কাছে অনুরোধ, নিজের মনের সঙ্গে এই যুদ্ধ করা থামিয়ে দাও। মনকে বাধ্য করার চেষ্টা করলে আমরা অবচেতন মনের প্রভাবে সেটিই বেশি করে ভাবতে থাকি। তুমি এটিকে বয়ঃসন্ধিকালের আবেগ দ্বারা প্রভাবিত একটি তাড়না হিসেবে দেখো। নিজেকে সুস্থ ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত করো। বন্ধুদের বলো মেয়েদের প্রতি অসম্মানজনক মন্তব্য মোটেও শোভনীয় নয়।