মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা

আমি কিছুদিন হলো একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করছি। ছাত্রছাত্রীদের বাসায় গিয়েও পড়াই। আমার এক ছাত্রী নবম শ্রেণীতে পড়ে। সে দাস গোত্রের আর আমি সূত্রধর। আমি তাকে একদিন ভালো লাগার কথা বলি। সে শুরুতে আমাকে ভিন্ন গোত্রের কথা বলে আপত্তি তোলে। তাকে বোঝাই। পরে ঘনিষ্ঠ হতে চাইলে অবশ্য সে বেশি আপত্তি করে না। তাকে বলেছি, বিষয়টি নিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলব। এখন পর্যন্ত তাকে আমি বুঝতে পারছি না যে সে কি পরিবারের কথা ভেবে ‘না’ বলে, নাকি আসলেই আমাকে পছন্দ করে না?
নাম প্রকাশে অনিচ্ছুক, ব্রাহ্মণবাড়িয়া

পরামর্শ

যে মেয়েটির কথা বলেছ, তুমি কিন্তু তার শিক্ষক। নিশ্চয়ই তুমি জানো, শিক্ষকতা কত মর্যাদার একটি পেশা। তোমার ছাত্রী হলেও তাকে তোমার ভালো লাগাটা অপরাধ নয়। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মেয়েটি এখনো প্রাপ্তবয়স্ক নয়। তার শরীর স্পর্শ করার অধিকার কিন্তু তোমার নেই। এটি একধরনের যৌন হয়রানি। মেয়েটি হয়তো তোমার এ ধরনের আচরণ মনে মনে পছন্দ করছে না, আবার ভয়ে কাউকে সেটি বলতেও পারছে না। অনেক সময় মেয়েরা তাদের অভিভাবকদের কাছে এই ঘটনাগুলো বললেও তারা মেয়েটির ওপরই দোষারোপ করেন। সে কিন্তু তোমাকে খুব স্পষ্ট করেই বলে দিয়েছে যে এ কথাগুলো সে শুনতে চায় না। এর পরও তুমি তাকে জোর করছ, যা একেবারেই উচিত নয়। যদি সে তোমাকে পছন্দ না করে, তাহলে যেমন তোমার কিছু করার নেই, আবার ওর পরিবারের আপত্তি থাকলেও তাদের ইচ্ছার প্রতি তোমার সম্মান রাখতে হবে। এ ছাড়া মেয়েটি মেধাবী এবং তার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এই পরিস্থিতিতে তার মনের ওপরে চাপ পড়ে, এ রকম কিছু করা মোটেও ঠিক হবে না। তুমি যদি তাকে সত্যিই খুব পছন্দ করে থাকো, তাহলে আশা করি, তার মঙ্গলও তুমি চাইবে। যদি মনের এই দুর্বলতা নিয়ে তাকে পড়ানো সম্ভব না হয়, তাহলে সততার সঙ্গে সেটি তার কাছে প্রকাশ করো।

সমস্যা

আমার বয়স ২৬ বছর। বিয়ে করিনি। ছাত্রজীবনে আমার কোনো ভালো বন্ধু ছিল না। এখনো নেই। মা-বাবার কড়া শাসনের মধ্যে বড় হয়েছি। জীবনের প্রতিটি মুহূর্তে একজন ভালো বন্ধু খুঁজে বেড়িয়েছি। চেয়েছি, প্রয়োজনে জীবন দিতে পারে, এমন একজন। কিন্তু পেলাম না। যাদের পেয়েছি, সবাই স্বার্থপর। এখন আমি নিঃসঙ্গ, একাকী জীবন কাটাচ্ছি। মনে হয়, একটি কালো ছায়া আমাকে গ্রাস করতে আসছে।

এম এ হাসান

লক্ষ্মীপুর, মিরপুর

পরামর্শ

‘সবাই স্বার্থপর’—এ কথাটি তো আসলে সত্যি নয়, তাহলে তো আমাদের কারও জীবনেই কোনো বন্ধু থাকত না, তাই না? তবে বন্ধুত্ব অবশ্যই একদিক থেকে হয় না এবং সেখানে অনেক আদান-প্রদানের ব্যাপার থাকে। তুমি লিখেছ, বন্ধু প্রয়োজনে জীবন দিয়ে দেবে, এমন হওয়া চাই। এটি কি খুব বাস্তব কোনো চাওয়া? এতটা নিঃস্বার্থ ভালোবাসার প্রত্যাশা করলে কিন্তু খুব কষ্ট পেতে হয়। তোমার পরিবারের লোকজন কি তোমার মানসিক অবস্থা বুঝতে পারছে? তাদের উচিত তোমাকে মানসিক সহায়তা দেওয়া। মনে হচ্ছে, তুমি বিষণ্নতায় ভুগছ এবং বর্তমানে নিজেকেও তোমার খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আর নিজের প্রতি সম্মান, বিশ্বাস ও ভালোবাসা কাজ করছে না বলে অন্যদের প্রতিও ভালোবাসা তৈরি করতে পারছ না। তুমি একটু ভেবে দেখো তো, কোন মানুষগুলোর প্রতি তোমার রাগ আর ক্ষোভ জমে আছে? যদি তাদের নামের একটি তালিকা তৈরি করতে পারো, তাহলে ভালো হয়। এরপর চেষ্টা করো প্রতিটি মানুষকে মন থেকে ক্ষমা করে দিতে। এতে তোমার ভেতরের একটি বড় চাপ কমে যাবে। এ ছাড়া জোর করে হলেও চেষ্টা করো নতুন কারও সঙ্গে প্রতিনিয়ত পরিচিত হতে। তোমার আশপাশের যে মানুষগুলো কষ্টে রয়েছে, তাদের কোনোভাবে সাহায্য করা যায় কি না, তা ভেবে বের করো। যখন চারপাশ অন্ধকার লাগছে বলে মনে হবে, তখন তোমার জীবনের আশীর্বাদগুলো খুঁজে বের করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.