মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
আমাদের বিয়ে হয়েছে ৩১ বছর হলো। স্বামীর বয়স ৬০, আমার ৫৫। বেশ কয়েক বছর ধরে লক্ষ করছি, আমার স্বামী তাঁর এক বিধবা সহকর্মীর সঙ্গে বেশ মেলামেশা করছেন। স্বামী কলেজশিক্ষক, তাই এতোদিন ব্যাপারটা গুরুত্ব দিইনি। ইদানীং মেলামেশাটা বেশ বেড়েছে। যেমন, এক রিকশা করে ব্যাংকে যাওয়া, পোস্ট অফিসে যাওয়া, বাসে পাশাপাশি বসে বাড়ি ফেরা, এক টেবিলে পাশাপাশি বসে খাওয়া। সহকর্মীটি দিনে দু-তিনবার ফোন করেন। নানা কাজে প্রায়ই বাসায় আসেন, আমার স্বামীও নানা কাজে তাঁর বাসায় যান। ইদানীং একই বাড়িতে ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন দুজন। এই ব্যাপারগুলো আমাকে বেশ কষ্ট দিচ্ছে। আমি আমার স্বামীকে কিছু বলতে পারছি না, মহিলাকেও কিছু বলতে পারছি না। এখন এ কষ্ট থেকে মুক্তির উপায় কী?
নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমাদের এত দীর্ঘ সময়ের বিবাহিত জীবনে পরস্পরের বোঝাপড়াটি কোন জায়গায় আছে, তা কি ভেবে দেখেছ? একটি সম্পর্ককে সুস্থ রূপ দেওয়ার জন্য পরস্পরের প্রতি সম্মান রেখে সব বিষয়ে নিজেদের মনোভাব তুলে ধরা খুব প্রয়োজন। হয়তো তোমার স্বামীর সহকর্মীটি বিভিন্ন কাজে তোমার জীবনসঙ্গীটির ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে হয়তো একটি বন্ধুত্ব গড়ে উঠেছে। এমনও হতে পারে, অনেক বিষয়ে মতের সামঞ্জস্য আছে বলে তাঁরা নিজের অজান্তেই একসঙ্গে সময় কাটাতে পছন্দ করছেন। তবে এসব আলোচনায় তোমার উপস্থিতি ও অংশগ্রহণ থাকলে পরিস্থিতিটি অনেক বেশি সুন্দর হতো। যেমন—তিনি সহকর্মীর সঙ্গে একই বাড়িতে ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, সেটা কি তুমি তাঁর মুখেই শুনেছ? যদি তা-ই হয়, তাহলে তো তুমি তাঁকে জিজ্ঞেস করতে পারো। এত বড় একটি সিদ্ধান্তে তোমার মতামতকে তিনি কতটা শ্রদ্ধা দেখাবেন বা সে ব্যাপারে কোনো মত দেওয়ার মতো অধিকার তুমি আদৌ রাখো কি না। দুজনের মেলামেশাটি যদি তোমার কাছে দৃষ্টিকটু মনে হয়, সে ব্যাপারে তুমি কিন্তু অবশ্যই সুন্দরভাবে নিজের কষ্টের অনুভূতিটি স্বামীর কাছে প্রকাশ করতে পারো। তোমাদের যদি সন্তান থাকে, তাহলে তারাও তো এত দিনে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। যদি এটি তাদের দৃষ্টিগোচরে না থাকে, তবে এর মধ্যে ওদের না জড়িয়ে তুমি নিজ উদ্যোগেই স্বামীর সঙ্গে কথা বলো। দৃঢ় ও বিনয়ীভাবে সহকর্মীর সঙ্গে সম্পর্কটি নিয়ে স্বামী কী ভাবছেন তা জানার চেষ্টা করো। যদি তিনি তোমার সন্দেহ দূর করতে পারেন, তাহলে তো খুব ভালো হয়। আর যদি তুমি তাঁর উত্তরে সন্তুষ্ট হতে না পারো, তাহলে কিছুদিন অপেক্ষা করো। তোমার আত্মসম্মান বজায় রেখে সিদ্ধান্ত নাও।

সমস্যা
প্রায়ই মনে হয়, আমি খুব তাড়াতাড়ি মারা যাব। অথবা আমার খুব বড় অসুখ হবে। ক্যানসার, ব্রেন টিউমার, শ্বেতী রোগ...এমন কিছু। কেবলই মনে হয়, আমি আমার জীবনের স্বপ্নগুলো ছুঁয়ে দেখতে পারব না। এই ধারণাটা খুব গভীরভাবে আমার মধ্যে ঢুকে গেছে। এসব যখন মনে হয়, খুব কান্না পায়। মনে হয়, আমি যেন আমার ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার দাদি, চাচা, নানি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মানসিক সমস্যা আমার মায়ের বংশে আছে। নিজের অমূলক ধারণা দূর করার জন্য পরীক্ষা করিয়ে নিশ্চিত হওয়া বা ঢাকায় এসে সাইকোথেরাপি নেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়। আমি বর্তমানে শাবিপ্রবিতে মাস্টার্স করছি। জীবনের স্বপ্নগুলোকে আমি বাস্তব করতে চাই।
ফারজানা ইয়াসমিন
শিবগঞ্জ, সিলেট।
পরামর্শ
বোঝা যাচ্ছে, মৃত্যুভয়টা তোমার একটি অবসেশনে পরিণত হয়েছে। শুধু ক্যানসারে মৃত্যু নয়, তুমি অন্যান্য রোগের কথা ভেবেও কষ্টে আছ। এ ধরনের মানসিক বিপর্যস্ততার মধ্যে থেকেও তুমি যে মাস্টার্সে পড়ছ, সেটা খুবই প্রশংসনীয়। ক্রমাগত দুশ্চিন্তা, ভয় আর দুঃখের অনুভূতিকে কিছুটা হলেও পাশ কাটিয়ে তুমি কিন্তু প্রয়োজনীয় কাজগুলো করছ। এটাই প্রমাণ করে, তোমার স্বপ্নগুলো শেষ হয়ে যায়নি। মানসিক যেকোনো সমস্যা দূর করার জন্য একটি দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। কখনো শুধু কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্যে সমস্যার সমাধান হয়, আবার কখনো এর পাশাপাশি ওষুধ সেবন করাও জরুরি। এ ধরনের চিন্তা যেন সারা দিন তোমাকে আচ্ছন্ন করে রাখতে না পারে, সে জন্য তুমি নিজেকে বলতে পারো, ‘ভবিষ্যৎ আমরা কেউ জানি না, কাজেই আগামী দিনে কী হবে, সেটি ভেবে আমি সময় নষ্ট করব না।’ এ ছাড়া তুমি এসব চিন্তা দিনের কোনো একটি বিশেষ সময়ে করবে, এমন সিদ্ধান্তে দৃঢ়প্রতিজ্ঞ হতে পারো। এভাবে কিছুদিন খুব সফলভাবে অনুশীলন করতে পারলে হয়তো দেখা যাবে, সেই সময়টা কখন পার হয়ে গেছে তুমি বুঝতেও পারোনি। সবচেয়ে উপকৃত হবে, যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের চারতলায় নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটে, এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগে বা ঢাকা কমিউনিটি হাসপাতালে এসে সহায়তা গ্রহণ করতে পারো।