মনের জানালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমার বয়স ২৪ বছর। ভালোবেসে যাকে বিয়ে করেছি, সে আমাকে কতটুকু ভালোবাসে জানি না। আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম বলে আমাকে বাঁচাতে গিয়ে সে বিয়েতে রাজি হয়েছিল। তার পরিবারে সে তৃতীয় ছেলে, বড় ভাই এখনো বিয়ে করেননি। তাই আমার স্বামী বিয়ের আগে শর্ত দিয়েছিল, ১০ বছরের মধ্যে আমাকে বাড়িতে তুলতে পারবে না। আমি আমার মাকে রাজি করিয়েছি। স্বামী আমার মাকে দিয়ে স্ট্যাম্পে সই করিয়ে নিয়েছে, যাতে লেখা আছে, ১০ বছরের মধ্যে বাড়িতে তোলার ব্যাপারে তার ওপর চাপ সৃষ্টি করা যাবে না। তার পরিবারের কাউকে জানানোও যাবে না। মাঝে মাঝে বলে, আমি যেন তাকে ছেড়ে দিই। আমার জন্য নাকি সে দোটানায় পড়েছে। আমাদের বিয়ের পাঁচ বছর হলো, সে কোনো সন্তান নিতে চায় না। তার বাড়িতে আমাকে দুবার নিয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের কথা তার পরিবারের কাছে এখনো গোপন আছে। বাড়ির সবাই জানে আমার সঙ্গে তাঁর সম্পর্ক আছে, আর কিছু নয়। সে আমার অসুস্থতার কথা শুনলে আমাকে সুস্থ করার জন্য পাগল হয়ে যায়। আমি বুঝতে পারি না, সে আমাকে ভালোবাসে কি না। মাঝে মাঝে বাসায় আসে, কিছু খরচপাতিও দেয়। সে আমাকে কোনো চাকরি করতে দেয় না, আমি সংসার করতে চাই, তা-ও বোঝে না।
কায়রা, সিলেট।
পরামর্শ
চিঠি পড়ে মনে হচ্ছে, এ দেশের মেয়েরা নিজেদের আত্মসম্মান এবং আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে পথ চলবে—ব্যাপারটি বোধ হয় শুধু স্বপ্নই থেকে যাবে। তুমি যে একটি পরাধীন ও অসম্মানজনক জীবন পাওয়ার জন্য নিজের অত্যন্ত মূল্যবান জীবনটি বিসর্জন দিতে চেয়েছিলে, তা অত্যন্ত দুঃখজনক। শুধু তা-ই নয়, তোমার মাকে একটি অন্যায় অঙ্গীকারে বাধ্য করে তাঁর প্রতিও অবিচার করেছ। তোমার স্বামী শুধু তোমার জেদের কারণে বিয়ে করেছে ঠিকই, কিন্তু কোনো সামাজিক মর্যাদা সে দেয়নি। স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে তোমার মাকেও ছেলেটির কাছে মাথা নত করতে হয়েছে। তুমি লিখেছ ছেলেটি তোমার প্রতি মাঝে মাঝে সহানুভূতিশীল হচ্ছে এবং যত্নও করছে। ভেবে দেখো, শুধু এই ইতিবাচক আচরণটুকুর জন্য তুমি সারা জীবন নিজেকে এভাবে অসম্মান করে বাঁচতে চাও কি না। কতটুকু লেখাপড়া করেছ, উল্লেখ করোনি। তবে ছেলেটি তোমাকে চাকরি করতে দিচ্ছে না শুনে মনে হচ্ছে, তোমার জীবনের সবকিছুই সে নিয়ন্ত্রণ করতে চাইছে। আমার অনুরোধ, ভেবে দেখো, ওর টাকা নেওয়ার চেয়ে নিজের উপার্জনে চলতে পারলে কিছুটা ভালো অনুভব করবে কি না। ছেলেটি তোমার ব্যাপারে প্রায়ই সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং তোমাকেও একটি বিভ্রান্তির মধ্যে রেখেছে বলে তুমি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছ। এ সময় তোমার নিজেকে কিছু নিয়ে ব্যস্ত রাখা খুব প্রয়োজন। কিছু কাজ শিখে নিলে বা আরও উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য পড়ালেখা করলে আত্মবিশ্বাস আরও বাড়বে বলে আশা করা যায়। আশা করি, তুমি তোমার স্বামীর প্রতি শ্রদ্ধা দেখিয়েই নিজের অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হবে।
সমস্যা
আমার স্বামীর একটি মাত্র বোন, তাঁর একটি মাত্র ছেলে। তিনি এবং তাঁর ছেলে সব সময় পরিবারে একটু বেশি গুরুত্ব পায়। স্বামী ভাগনে বলতে অজ্ঞান। ভাগনেকে আমিও যথেষ্ট ভালোবাসি। কিন্তু আমার স্বামীর আহ্লাদ-স্নেহ সবকিছুই অতিরিক্ত। তাতেও আমার কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো তখন, যখন সে ভাগনের সঙ্গে আমাকে তুলনা করতে শুরু করল। ভাগনে এইচএসসিতে পড়ে। আমার সঙ্গে বয়সের পার্থক্য প্রায় ১২ বছর। আমি এখন আর ভাগনেটির সামনে সহজ হতে পারি না। ওর প্রতি আগের মতো স্নেহভাবও নেই। এ নিয়ে স্বামীর সঙ্গে কোনো তর্কবিতর্কে যাইনি। আমি আমার স্বামীকে বোঝাতে পারি না বা ঝগড়া হওয়ার ভয়ে চেষ্টাও করি না। আমাদের এখনো সন্তান হয়নি। সন্তান নিলে কি আমার স্বামী ভাগনের মোহ থেকে মুক্ত হবে?
নাম প্রকাশেঅনিচ্ছুক
পরামর্শ
তোমাদের বিবাহিত জীবন কত বছরের এবং স্বামী শুধু একটি ব্যাপারেই তোমার প্রতি অবিচার করছেন কি না তা উল্লেখ করোনি। তোমার কি মনে হয়, স্বামী অন্যান্য বিষয়ে তোমার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে আচরণ করেন? আমি বুঝতে পারছি, ভাগনের প্রতি তোমার স্বামীর এতটা মনোযোগী হওয়ার কারণে তুমি অনেকটাই অবহেলিত বোধ করছ। তবে স্বামীর সঙ্গে তোমার সম্পর্ক কতটা আন্তরিক ও বন্ধুসুলভ, বুঝতে পারছি না। পরস্পরের আচরণে কেউ কষ্ট পেলে সেটি নিয়ে আলোচনা না করলে ধীরে ধীরে দূরত্ব বাড়তেই থাকে। আলোচনা করতে গিয়ে রাগ করলে কথাগুলো ঠিকমতো গুছিয়ে বলতে পারবে না। তোমার ধৈর্য আসলেই কম কি না তা-ও চিন্তা করে দেখো। নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণে রেখে তুমি যে স্বামীর এই আচরণে কতটা কষ্ট পাচ্ছ এবং নিজের প্রতি আস্থাহীনতায় ভুগছ, সেটি একটি ভালো মুহূর্তে স্বামীকে বলো। তাঁকে এ কারণে একটুও দোষারোপ না করে বলতে পারো, ভাগনেকে সে অনেক বেশি ভালোবাসতেই পারে। তবে কখনো ওর সামনে বা আড়ালেও যেন তোমার সঙ্গে তুলনা না করা হয়। কখনো এই পৃথিবীর দুটো মানুষ এক রকম হয় না। নিজেকে তুমি একটুও ছোট ভাববে না। কারণ, তোমার মধ্যে এমন কিছু গুণাবলি আছে যা ওই ছেলেটির মধ্যে নেই। আবার তাঁর মধ্যেও এমন কিছু রয়েছে যা তোমার মধ্যে হয়তো নেই। আমরা সবাই আমাদের নিজস্ব দোষগুণ মিলিয়ে যে মানুষটি তৈরি হয়েছি, সেই সত্তাটিকে মনেপ্রাণে শ্রদ্ধা করব এবং ভালোবাসব।