মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমি একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশের অপেক্ষায় রয়েছি। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলাম। পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছুর প্রতি খুব বেশি আসক্তিও ছিল না। কিন্তু একটা পর্যায়ে আমি তীব্রভাবে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ি। আজ অবধি কোনোভাবে এই ব্যাপারটা ছাড়তে পারছি না। যার ফলে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। বেশ কয়েকবার সাইকোথেরাপি নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এই ব্যাপারটা লজ্জায় বলতে পারিনি।
জীবনে অনেকবার অনেক ব্যাপারে খাদের কিনারা থেকে ফিরে এসেছি। শুধু এই ব্যাপারটা সাত-আট বছর ধরে চেষ্টা করেও ছাড়তে পারছি না। হীনম্মন্যতা আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তুমি যে সংকোচ কাটিয়ে বিষয়টি উপস্থাপন করেছ সে জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি কিন্তু একা নও, তোমার মতো অনেকেই এ ধরনের আসক্তিতে ভুগছে। তাদের সঙ্গে তোমার পার্থক্য হচ্ছে, তারা হয়তো এটিকে একটি সমস্যা হিসেবে দেখছেই না এবং তোমার মতো সাইকোথেরাপি নেওয়ার কথা ভাবছে না। তোমার চিকিৎসা নেওয়ার সদিচ্ছা সত্যিই খুব প্রশংসনীয়। যেকোনো আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। সামাজিক দক্ষতা বাড়ানোর জন্য তুমি সোশ্যাল স্কিলস ট্রেনিং গ্রহণ করতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের চারতলায় নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটে (ফোন: ০১৭৫৫৩৫৪৮৩৫) ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে এই প্রশিক্ষণটি দেওয়া হবে। তুমি শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যোগাযোগ করে তোমার নাম দিয়ে রাখতে পারো। সেখানে সাইকোথেরাপি নেওয়ার ব্যবস্থাও রয়েছে। দিনের কোন সময়ে মনের ভেতরে কোন ধরনের চিন্তাগুলো হলে এই নেশাটির ভেতরে ঢোকার জন্য অস্থিরতা তৈরি হয়, তা চিহ্নিত করো। সেই বিশেষ সময়গুলোতে তুমি যদি অন্য কোনো শখের এবং তোমার জন্য আকর্ষণীয় কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারো, তাহলে খুব ভালো হয়। সেই সময়গুলো থেকে বিশেষ একটি সময় নির্বাচন করে তুমি নিয়মিত শরীরচর্চা করলে উপকার পাবে।
সমস্যা
আমার বয়স ১৮। এসএসসি পাসের পর একটি অপরিচিত মেয়ের সঙ্গে ফোনে আমার পরিচয় হয়। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর তার সঙ্গে আমি দেখা করি। প্রথম দেখাতেই সে আমাকে পছন্দ করে। এভাবে দীর্ঘ দেড় বছর কথাবার্তা চলতে থাকে। সে আমাকে অনেক ভালোবাসত। কিন্তু ইদানীং কোনো কারণ ছাড়াই সে আমাকে এড়িয়ে চলে। আমার পরিচিত এক বন্ধুকে আমার চেহারা নিয়ে আজেবাজে মন্তব্য করে। আমি নাকি তার যোগ্য নই। এ রকম পরিস্থিতিতে বন্ধুটির সামনে দাঁড়ালে খুব লজ্জায় পড়তে হয়। নিজেকে তুচ্ছ আর অবহেলিত মনে হয়। মনটা খুব খারাপ লাগে যখন দেখি মেয়েটি অন্য ছেলেকে ভালোবাসে। আমি জানি মানুষের সবকিছু পরিপূর্ণ থাকে না। তবু নিজেকে বোঝাতে পারছি না।
সৈকত আহমেদ
বগুড়া
পরামর্শ
তোমাদের যখন ভালোবাসার সম্পর্কটি তৈরি হয়েছিল, তখন তোমার বয়স খুব কম ছিল। আমি ধরে নিচ্ছি মেয়েটিরও তখন বয়স কম ছিল। এই বয়সে অনেক বেশি আবেগ থাকে এবং পছন্দ-অপছন্দগুলোও খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়। দেখা যায় বিপরীত লিঙ্গের কাউকে যখন ভালো লাগছে, তখন এতটাই তীব্র অনুভূতি থাকে যে, সারাক্ষণ তার সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করে। আবার যখন তাকে কোনো কারণে ভালো লাগে না, তখন সেটিও অতিরিক্ত নেতিবাচক অনুভূতির সৃষ্টি করে। তুমি লিখেছ, মেয়েটি কোনো কারণ ছাড়াই তোমাকে এড়িয়ে চলতে শুরু করে। হয়তো মেয়েটির কাছে এর কোনো কারণ রয়েছে, তবে ওর অবশ্যই উচিত ছিল তোমার কাছে খুব স্পষ্টভাবে সেটি প্রকাশ করা। তোমার যোগ্যতা এবং বাইরের সৌন্দর্য নিয়ে সে যেসব মন্তব্য করছে তা-ও খুব অনাকাঙ্ক্ষিত। তোমার মধ্যে যেসব ভালো গুণ রয়েছে, তা হয়তো মেয়েটির মধ্যে নেই। তুমি যদি নিজের ভালোমন্দগুলো নিঃশর্তভাবে গ্রহণ করে নিজেকে শ্রদ্ধা করতে পারো, তাহলে ওর কথায় এতটা অপমান বোধ করবে না। তুমি নিজের মনকে আরও সমৃদ্ধ করে তোলো। দিনরাত মুঠোফোনে কথা না বলে বই পড়ে, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে জীবন সম্পর্কে আরও বেশি জানতে চেষ্টা করো।