মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছি। আশা করছি, ভালো একটি চাকরি পাব। যে মেয়েটিকে ভালোবাসি, সে ডিগ্রিতে পড়ে। চাকরি করে প্রাথমিক স্কুলে। আমাদের সম্পর্ক ছয় বছরের। সে উচ্চমাধ্যমিকে পড়ার সময় আমাদের সম্পর্ক হয়েছিল। সে সময় কথা ছিল, সে অনার্স পড়বে। কিন্তু দুবার চেষ্টা করেও অনার্সে ভর্তি হতে পারেনি। ফলে আমি সম্পর্কটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু তার কান্নাকাটি ও একাকিত্বের কথা চিন্তা করে আবার শুরু করি। এভাবে ভাঙাগড়া চলেছে। বর্তমানে আমাদের কথা বলা বন্ধ। কিন্তু তার কষ্টের কথা চিন্তা করে নিজেকে অপরাধী মনে হচ্ছে। কারণ, আমি জানি, সে আমাকে অনেক বেশি ভালোবাসে।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার চিঠিটি পড়ে মনে হলো, মেয়েটিকে তুমি সত্যিকার অর্থে ভালোবাসোনি। একটি প্রেমের সম্পর্কে যদি এ ধরনের শর্ত আরোপ করা হয় যে কেবল মানুষটি অনার্স পড়ার সুযোগ পেলেই তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে, তাহলে বুঝতে হবে, মানুষটির প্রতি শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা—কোনোটিই তোমার তৈরি হয়নি। ওকে তুমি মন থেকে গ্রহণ করতে পারোনি বলেই বিগত ছয় বছরে তোমাদের সম্পর্কে এতটা টানাপোড়েন চলেছে। আমাদের দেশে সাধারণভাবে মেয়েদের প্রতি পরিবার ও সমাজ যথেষ্ট শ্রদ্ধা দেখায় না বলে তাদের অনেকের মধ্যে আত্মসম্মানবোধেরও খুব অভাব হয়। আর সে কারণেই তুমি শুধু তার অর্জনের প্রতি যখন গুরুত্বারোপ করেছ। তাকে ভালো-মন্দ মেশানো একটি মানুষ হিসেবে শ্রদ্ধা করতে পারোনি। হয়তো সে চেষ্টা করেছে ভর্তি পরীক্ষায় ভালো ফল করতে, কিন্তু শেষ পর্যন্ত কৃতকার্য না হওয়ায় অসহায় বোধ করেছে। তুমি এই সম্পর্ক থেকে কিছু পেয়েছ কি না বা ওর সঙ্গে সম্পর্ক রাখলে তোমার মধ্যে বিশেষ ভালো লাগা কাজ করে কি না, সেই বিচার তোমাকে খুব ভালোভাবে করতে হবে। শুধু ওর একাকিত্ব ও কান্নাকাটির কথা চিন্তা করে এই সম্পর্ক টিকিয়ে রাখলে তোমার জন্য তা কোনো মঙ্গল বয়ে আনবে না। তুমি যদি সত্যিই ওর শুভাকাঙ্ক্ষী হও, তাহলে অপরাধবোধ থেকে বেরিয়ে এসে সৎ সাহস নিয়ে ওকে বলো যে তুমি কী কারণে ওর সঙ্গে এত দিন ছিলে এবং এখন কী কারণে সম্পর্কটি চালিয়ে যেতে আগ্রহী নও।

সমস্যা
দেড় বছর হলো প্রচণ্ড মানসিক দুশ্চিন্তায় ভুগছি। আমার স্বামী এখন সন্তান নিতে চান, কিন্তু আমি চাই না। আমি মাস্টার্স প্রথম পর্বের ছাত্রী। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আমার ফল ভালো। দুর্ভাগ্যবশত অনার্স পরীক্ষাটা খারাপ হয়েছে। আমার স্বামী মানোন্নয়ন পরীক্ষাও দিতে দেননি। এ কারণে বিভিন্ন জায়গায় চাকরির আবেদনপত্র জমা দিতে লজ্জা পাচ্ছি। কী করব এখন? প্রায়ই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। বলা হয়, আমার বুদ্ধি নেই। আমার স্বামী কাউকে কিছু বলে না, উল্টো আমার ওপর রাগ করে আর বলে, তোমার বুদ্ধিশুদ্ধি আসলেই কম। আমার মনে হয়, সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যাই। এ ব্যাপারগুলো আলোচনার জন্য মনের মতো কাউকে পাচ্ছি না, তাই আপনাকে জানালাম।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দেশের প্রত্যেক মেয়েরই উচিত, যতটুকু সম্ভব পড়ালেখা করা এবং নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কিছু উপার্জন করা। মেয়েরা উপার্জনক্ষম হলে কারও ওপর নির্ভরশীল হয়ে থাকবে না। আত্মসম্মান ও আত্মবিশ্বাস এতে অনেক বেড়ে যাবে। মনে হচ্ছে, বাড়িতে তুমি সম্মান ও গুরুত্ব পাচ্ছ না। এ জন্য পড়ালেখা চালিয়ে যাওয়া খুব জরুরি। সন্তান নেওয়ার ব্যাপারে আমার মতামত হচ্ছে, একটি মানুষকে তোমাদের দুজনের মধ্যে আনার আগে দাম্পত্য সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস ও সম্মান প্রতিষ্ঠা করা প্রয়োজন। তা না হলে সন্তানটির সুষ্ঠু বিকাশ কিছুতেই নিশ্চিত করা সম্ভব হবে না। তুমি লিখেছ, অনেক কিছু নিয়ে অশান্তিতে আছ আর সবকিছু ছেড়ে কোথাও চলে যেতে ইচ্ছে করে। এর অর্থ তুমি বিষণ্নতায় ভুগছ। এই অবস্থায় সন্তানের জন্ম দিলে তুমি ভালোভাবে তার যত্ন নিতে পারবে না। পড়ালেখায় বাধা পড়লে তাতে আরও বেশি বিষণ্নতা তৈরি হবে। তোমার বুদ্ধি, মেধা ও কাজ দিয়ে প্রথমে প্রমাণ করো যে মেয়েরাও মাথা উঁচু করে পথ চলতে পারে।

৮ ফেব্রুয়ারি সংখ্যায় নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের মুঠোফোন নম্বরটি ভুল ছিল। সঠিক নম্বরটি হবে: ০১৭৫৫৬৫৪৮৩৫ —মেহতাব খানম

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.