মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে পড়ছি। গত জানুয়ারিতে বিশেষ সফরে ভারত যাই ১২ জনের একটি দল। দেড় মাস একসঙ্গে থাকায় আমার চেয়ে দুই বছরের বড় একজনকে ভালোবেসে ফেলি। এখনো প্রতিদিন আমাদের কথা হয়। বোঝা যায়, সেও আমাকে পছন্দ করে। দুজনের মধ্যে অনেক মিল। অভিমানও হয়। বয়সে ছোট বলে সে আমার ওপর ঠিক ভরসা পায় না। কথায় কথায় সে মৃত্যুর প্রসঙ্গ টানে। বারবার তার বিয়ে ঠিক হওয়ার কথা বলে আমাকে বিচলিত করে। কিছুতেই তাকে বুঝতে পারছি না।
ফাহাদ
আগ্রাবাদ, চট্টগ্রাম
পরামর্শ
মনে হচ্ছে, তোমাদের সম্পর্কটি বেশি দিনের নয়। এত অল্প সময়ে পারস্পরিক আস্থার জায়গাটি তৈরি হওয়ার কথা নয়। তোমার চেয়ে মেয়েটি বড় হতেই পারে, এতে তো কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে যেহেতু ব্যাপারটি খুবই কম ঘটে এবং পরিবারগুলোও এ ব্যাপারে খুব ইতিবাচক মনোভাব দেখায় না, সে কারণে মেয়েটি ছেলেটির চেয়ে বড় হলে দুজনের মনের মধ্যে অনেক দ্বন্দ্ব তৈরি হতে পারে। মেয়েটির সঙ্গে বিয়ে নিয়ে তোমরা কখনো সরাসরি কথা বলেছ কি না জানি না। এমনও তো হতে পারে, সে তোমাদের সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে সে কেন মৃত্যুর প্রসঙ্গ আনছে, তা বোঝা যাচ্ছে না। তোমার চেয়ে বয়সে বড় বলে কি ওর মনে হচ্ছে যে তোমার আগে তার মৃত্যু ঘটবে? যদি তা-ই হয়, তাহলে তুমি ওকে বলতে পারো যে আমরা কেউ আমাদের ভবিষ্যৎ জানি না; কাজেই ভবিষ্যতে কী ঘটবে ভেবে বর্তমান সময়কে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যদি দুজনেই এই সম্পর্ককে মূল্যবান মনে করো এবং যথেষ্ট আন্তরিক হও, তাহলে মেয়েটিও নিশ্চয়ই এটিকে সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় তা করবে। তোমরা যদি এ ব্যাপারে পরস্পরকে উৎসাহ দাও, তাহলে ভবিষ্যতে ভালো কিছু ঘটার সম্ভাবনা তৈরি হবে।

সমস্যা
আমি স্নাতকোত্তর পড়ছি। আমি যে সমস্যায় ভুগছি, তার সূত্রপাত স্কুলে পড়ার সময় থেকে। আমার সমস্যা হচ্ছে বাহ্যিক সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেওয়া। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে দেখা যায়, আমি বাহ্যিক সৌন্দর্যকেই প্রথমে বিবেচনা করি। আমার অনেক বন্ধু আছে। তাদের মধ্যে বাহ্যিক সৌন্দর্য যাদের বেশি, তাদের প্রতিই আমার আকর্ষণ বেশি এবং তাদেরই ‘কম সুন্দর’ বন্ধুদের চেয়ে ‘শ্রেষ্ঠ বন্ধু’ বলে বিবেচনা করি। অথচ মনের কথা শেয়ার করা, সময় কাটানো ও বিপদে এগিয়ে আসার ক্ষেত্রে ‘কম সুন্দর’ বন্ধুরাই বেশি উদ্যোগী। শুধু সুন্দর চেহারাকে গুরুত্ব দেওয়া বা অতি আকর্ষণ বোধ করা, সেই বন্ধুদেরই শ্রেষ্ঠ বন্ধু বলে মনে করা—এসব আমার বিবেকের কাছে অপরাধ হলেও হূদয় বারবার একই ভুল করে এবং একই সিদ্ধান্ত নেয়। আবার আমার মেয়েদের সৌন্দর্যের প্রতি আকর্ষণ, তা নয়। ‘বন্ধু’ বলতে আমি ছেলেবন্ধুদের কথা বলছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার মনের আবেগ ও যুক্তির দিকগুলো একই সঙ্গে কাজ করছে না বলেই হয়তো অসুবিধা বোধ করছ। অর্থাৎ, তোমার যুক্তি যখন বলছে, যারা তোমার দুর্দিনের সাথি, তারাই প্রকৃত বন্ধু। আবেগ তখন তাতে সাড়া দিচ্ছে না। বোঝা যাচ্ছে, তোমার যুক্তি আর আবেগের মধ্যে সমন্বয় ঘটছে না। তোমার যে বেশি সুন্দর বন্ধুদের প্রতি আকর্ষণ কাজ করছে, সে জন্য অপরাধবোধ জমিয়ে না রাখলে ভালো হয়। তুমি তো ইচ্ছে করে বা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এ ধরনের অনুভূতি নিয়ে চলছ না। তুমি যেটি করতে পারো তা হচ্ছে তাদের সবাইকে প্রথমে মানুষ হিসেবে গ্রহণ করার চেষ্টা করা। তারপর একটি মানুষের বাইরের সৌন্দর্য বাদ দিয়ে তার ভেতরের, অর্থাৎ মনের দিকটি আলাদা করে বিবেচনা করা। তাদের কোন গুণগুলো তোমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় বা তাদের মধ্যে থাকা উচিত বলে তুমি মনে করো, সেটির একটি তালিকা করো। এরপর দেখো, সেই গুণগুলো তোমার মধ্যে রয়েছে কি না এবং থাকলে কতটা রয়েছে। যদি মনে হয়, তোমার মধ্যে ইতিবাচক বৈশিষ্ট্যগুলো আরও বাড়াতে হবে, তখন নিজ প্রচেষ্টায় সেগুলো আরও বাড়াতে চেষ্টা করো। এতে করে সুন্দর-অসুন্দর সব বন্ধুর কাছেই তোমার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। যারা সত্যিকারের বা অকৃত্রিম বন্ধু, তাদের সঙ্গেই আজীবন তোমার বন্ধুত্ব টিকে থাকবে।