মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

মেহতাব খানম।
মেহতাব খানম।

সমস্যা
দীর্ঘদিন প্রেম করার পর আমরা বিয়ে করি। আমার স্ত্রী আমার আপন মামার শ্যালিকা। আমাদের বিয়ে দুজনের পরিবার মেনে নেয়নি। বিয়ের পর আমি একটি কোম্পানিতে কাজ নিই। পাশাপাশি পড়াশোনাও চলতে থাকে। খুব সুন্দরভাবে আমাদের সংসারজীবন চলছিল। হঠাৎ করে একদিন ওর মা অসুস্থ হয়ে পড়েন। ও অসুস্থ মাকে দেখতে গেলে ওর পরিবার ওকে গৃহবন্দী করে রাখে। ওর ওপর মানসিক অত্যাচারও চালানো হয়। এখন আমি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছি। সব সময় রাত জেগে থাকি, ঘুম আসে না। যারা আমাদের বিয়েতে বাধা দিয়েছে, তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তারা কেন আমাদের বিয়ে মেনে নিচ্ছে না?
সুজন, কুমিল্লা।
পরামর্শ
বিয়ের পর পারস্পরিক বোঝাপড়া থাকার অর্থ হচ্ছে, তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো। চমৎকার একটি বন্ধুত্বও রয়েছে তোমাদের মধ্যে। যদি প্রথম থেকেই দুই পরিবারের আশীর্বাদ ও সম্মতি থাকত, তাহলে তোমরা সব দিক থেকে খুব সুখী হতে পারতে। তারা যেভাবে আচরণ করছে তাতে পরবর্তী সময়ে একসঙ্গে থাকা সম্ভব হলেও তোমাদের জন্য সব সময় ভালো থাকা কঠিন হয়ে পড়বে। তোমার স্ত্রী নিশ্চয়ই মায়ের অসুস্থতার খবর পেয়ে অস্থির হয়ে সব মান-অভিমান ভুলে গিয়ে তাঁকে দেখতে চলে গেছে। তোমরা বুঝতে পারোনি তারা এ ধরনের একটি প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপ নেবে। তুমি চেষ্টা করো কোনোভাবে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে। আশা করছি, তার পরিবার তাকে প্রভাবিত করতে বা মানসিকভাবে দুর্বল করে দিতে পারবে না। ওখানে বন্দী থাকা অবস্থায়ও সে যদি তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে তুমি কোনো মানবাধিকার সংস্থার সাহায্য নিয়ে আইনি ব্যবস্থা নিতে পারো। তারা যে তোমার সহধর্মিণীর ওপরে নির্যাতন চালাচ্ছে, এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। নিজের সন্তান হলেও এভাবে নির্যাতন চালানোর অধিকার কোনো পরিবারেরই নেই। এতে তো তার স্থায়ীভাবে কোনো মানসিক অসুস্থতার শিকার হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তুমি বিয়ের সব কাগজপত্র নিয়ে আইন ও সালিশ কেন্দ্র বা অন্য কোনো মানবাধিকার সংস্থায় গিয়ে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নাও।

সমস্যা
আমি সরকারি চাকরি করি। কাজে যোগদানের কিছুদিন পর এক মেয়ের সঙ্গে প্রেম হয়। তারপর হঠাৎ করে আমার বদলি হলো অন্য এক জেলায়। সে জেলায় আমি কখনো যাইনি। ওই জেলায় গিয়ে আমরা দুজনে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে একটা বাসা নিই। ১৪ মাস পর তার পরিবার জানতে পারে যে সে মেসে থাকে না। জানার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের অবিবাহিত অবস্থায় সংসার করার প্রায় তিন বছর পার হয়ে যাচ্ছে। আমার পরিবারের কেউ তাকে পছন্দ করেনি। আমি তার বড় বোনকে বলছিলাম আমাদের বিয়েটা পারিবারিকভাবে হোক, কিন্তু ওরা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না। ওর মাস্টার্স এ বছর শেষ হলো, কিন্তু চাকরি হয়নি। ইদানীং সে আমার সঙ্গে খুব খারাপ আচরণ করছে। আমাকে হুমকি দেয়, সে নাকি আমার চাকরি খেয়ে এখান থেকে চলে যাবে। অফিসের সবাই জানে সে আমার স্ত্রী এবং বিভিন্ন তথ্যেও আমি স্ত্রী হিসেবে তার নাম দিয়েছি। সে আমার ক্ষতি করার চেষ্টায় আছে।
নয়ন, জয়পুরহাট।
পরামর্শ
আমি বুঝতে পারছি না, শুরুতেই তোমরা দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে সম্পর্কটিকে কেন বৈধতা দিলে না? আমাদের সমাজে বা ধর্মীয়ভাবে তো বিয়ের আগে এভাবে স্বামী-স্ত্রীর মতো জীবনধারার কোনো স্বীকৃতি নেই, কাজেই তোমরা নিজেরাই তো একমত হয়ে একসঙ্গে থাকার আগে বিয়েটা করে নিতে পারতে। মেয়েটি তোমাদের বাড়িতে কোন পরিচয় নিয়ে গেছে সেটাও বুঝতে পারলাম না। তুমি লিখেছ, ওর নাম অনেক জায়গায় স্ত্রী হিসেবে দেখিয়েছ, সেটিও কি এক ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে না? মেয়েটিকে যে তোমার আত্মীয়স্বজন এবং পরিবারের কেউ পছন্দ করেনি, সেটিও কিন্তু তার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকতে পারে। এ ছাড়া এত দিনেও কারও পরিবার থেকেই বিয়ের জন্য উদ্যোগ নেওয়া হয়নি বলে হয়তো মেয়েটির মধ্যে অনেক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে মেয়েটির যেমন তোমার পরিবারের লোকজনকে গালি দেওয়ার অধিকার নেই, তুমিও ওকে শারীরিক নির্যাতন করতে পারো না। ওর সঙ্গে বসে খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে বলো, তুমি ওকে বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছ না। তোমরা দুজনেই এত দিন যেভাবে জীবনযাপন করেছ তা অনৈতিক এবং অনেক বড় ভুল সিদ্ধান্ত হয়েছে। এখন তোমার মতের বিরুদ্ধে বিয়ে করলে কেউ সুখী হতে পারবে না এবং বাকি জীবনটাও তিক্ততা নিয়ে কাটাতে হবে। ও যদি একেবারেই বুঝতে না চায়, তাহলেও তোমাকে ধৈর্য ধরে কোনো পেশাদার কাউন্সেলরের কাছে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে।