মনের জানালা

সমস্যা
আমার বয়স ১৭ বছর। একটি ছেলেকে দুই বছর আগে ভালোবেসে বিয়ে করেছি, যার বয়স ৩৩। সে লেখাপড়া জানে না, বিভিন্ন ধরনের ব্যবসা করে। কী ব্যবসা তাও আমি জানি না। সমস্যা হলো, সে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে। এ কারণে আমি প্রতিনিয়ত ঘুমের ট্যাবলেট খাই। তাতে আমার লেখাপড়ার ব্যাঘাত ঘটে। আমি নিজে প্রতিষ্ঠিত হতে চাই। আমার স্বামী চায় না আমি লেখাপড়া করি। তাকে আমি ডিভোর্স করতে চাই, কিন্তু সে আমাকে ডিভোর্স করতে চায় না। আবার আমার মন ভালো থাকলে তাকে কিছুতেই ভুলতে পারি না। ডিভোর্সের কথা উঠলে সে আমাকে নানা রকম হুমকি দেয়। আমি তাকে বাচ্চা নেওয়ার কথা বললে সে এড়িয়ে চলে। এখন আমি কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক, কুড়িগ্রাম
পরামর্শ
তুমি লিখেছ, তোমাদের বিয়ের বয়স দুই বছর। তার মানে, তোমার যখন ১৫ বছর, তুমি তখন তোমার চেয়ে দ্বিগুণ বয়সের একটি ছেলেকে বিয়ে করেছ। বাংলাদেশের আইন অনুযায়ী তোমাদের বিয়েটা তো বৈধ নয়। কারণ, তোমার বয়স তখনো ১৮ বছর হয়নি। তোমাদের বিয়ে পরিবারকে জানিয়ে হয়েছে কি না, তাও কিছু উল্লেখ করোনি। ধরে নিচ্ছি, কারও পরিবারই ব্যাপারটি জানে না। ছেলেটি কী ধরনের ব্যবসা করে, তাও তুমি কিছুই জানো না। শুধু তা-ই নয়, সে তোমাকে পড়ালেখা করতেও নিষেধ করছে। শুধু ওর প্রতি ভালোবাসা আছে বলে তুমি ওর নির্যাতন, নিয়ন্ত্রণ ও হুমকি সহ্য করতে থাকবে কি না, সে ব্যাপারে তোমাকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে।
ডিভোর্স দেওয়ার ব্যাপারে তুমি যদি নিজেই সিদ্ধান্ত নাও, তাহলে তো কোনো অসুবিধা নেই। স্বামী বা স্ত্রী যেকোনো একজন ডিভোর্স দিলে তিন মাসের মধ্যে তা কার্যকর হয়ে যাবে। দুজনের সম্পর্কের এখন যা অবস্থা, তাতে সন্তান নেওয়ার প্রশ্নই ওঠে না। সন্তানদের আমরা নিজেদের জীবনে তখনই আনব যখন দাম্পত্য সম্পর্কটিতে যথেষ্ট শ্রদ্ধা, বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা থাকে। তোমার এখন বয়স খুব কম, এই বয়সে ‘মা’ হওয়ার কথাটি মাথা থেকে বের করে দিয়ে লেখাপড়ার প্রতি মনোযোগী হও।
সমস্যা
আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি স্কুলে পড়া অবস্থায় একটি মেয়েকে ভালোবাসতাম। আর্থিকভাবে দুর্বল ছিলাম বলে কোনো দিন তার সঙ্গে কথা হয়নি। আট মাস আগে তার বিয়ে হয়ে গেছে। এরপর আমি সম্পূর্ণভাবে মাদকে জড়িয়ে যাই, এখনো আছি। স্বাভাবিক হওয়ার জন্য অন্য একটি মেয়েকে বিরক্ত করতে শুরু করি। বর্তমানে সে আমাকে ভালোবাসে। তার সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ করতাম। হঠাৎ আমার মনে হলো, আবার কেন একই আগুনে পা দিচ্ছি? তবে মেয়েটিকে আমার ভালো লাগে। এখনো মাদক বন্ধ করতে পারিনি। কী করব আমি বুঝতে পারছি না।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
স্কুলে পড়া অবস্থায় যাকে তোমার পছন্দ হয়েছিল, সেটিকে ভালোবাসা না বলে ‘ভালো লাগা’ বললে ভালো হয়। মেয়েটির সঙ্গে যেহেতু পরিচয় হয়নি, তুমি তো ওকে ভালো করে চেনার কোনো সুযোগ পাওনি। তবে বিষণ্নতা দূর করার জন্য তুমি যে অভ্যাসে জড়িয়ে গেলে, সেটিও এক ধরনের মানসিক অসুস্থতা। প্রেমের ক্ষেত্রে সাফল্য না এলে অনেক ছেলেই মাদকাসক্ত হয়, তবে এটি অত্যন্ত ভয়ংকর ও আত্মঘাতী সিদ্ধান্ত। মাদকাসক্ত হওয়ার আগে তুমি কি একবারও পরিবারের কথা ভাবলে না? এরপর তুমি যে দ্বিতীয় মেয়েটির সঙ্গে খেয়ালের বশে সম্পর্ক করলে, তাও অপরিপক্ব মানসিকতার পরিচয় দিচ্ছে। আমাদের নেতিবাচক অনুভূতি থেকে বেরিয়ে আসার জন্য অন্য কোনো মানুষকে সঙ্গী না করে বরং নিজের মনের যত্ন নেওয়াটা অনেক জরুরি। মাদক যদি তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে যায়, তাহলে সেখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন হয়ে পড়বে। তোমার এই অসুস্থতা নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে এর জন্য খুব দ্রুত চিকিৎসা নাও। কোনো একটি ভালো মাদক নিরাময়কেন্দ্রে ভর্তি হয়ে যাও এবং নিজের কাছে প্রতিজ্ঞা করো, তুমি অবশ্যই নেশা থেকে বেরিয়ে আসবে। সুস্থ না হলে তোমার ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়বে। শুভকামনা রইল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.