মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মেহতাব খানম
অধ্যাপক মেহতাব খানম

সমস্যা
আমার বয়স ১৬ বছর। আমি একটি বেসরকারি কলেজে পড়ি। সমস্যা হলো গান নিয়ে। দুই বছর আগে কয়েক মাস প্রায় সারা দিন গান শুনতাম। তখন আমি খুবই আবেগপ্রবণ হয়ে যাই। অল্প কিছু হলেই কান্নাকাটি করতাম। একদিন টিভিতে শুনলাম, গান শুনলে নাকি মানুষ বেশি আবেগপ্রবণ হয়ে যায়। মেজাজ খুব খারাপ হয়ে যায় এবং রাগ বেশি হয়। এ কথাগুলো হয়তো বা আমার ক্ষেত্রে সত্য হয়েছে। কিন্তু আসলেই কি গান শুনলে রাগ বেশি হয়? বর্তমানে আমার ভাইয়েরা খুবই গান শোনে এবং আমার গান শুনতে ইচ্ছা করে। কিন্তু আমি শুনি না। বাবা-মা দুজনেই গান করেন। কী করব, বুঝতে পারছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক, কুমুদিনী কলেজ, টাঙ্গাইল
পরামর্শ
তোমার বাবা-মা দুজনেই গান করেন জেনে বোঝা যাচ্ছে, তুমি একটি সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছ। ভাইয়েরা খুব গান শোনেন অথচ তুমি শুনতে পারছ না, এটা যে কতটা কষ্টের তা বুঝতে পারছি। তুমি টেলিভিশনে কী শুনেছ জানি না, তবে এই কথাটি একেবারে সত্যি নয় যে গান শুনলে মানুষের মেজাজ খারাপ হয় বা রাগ বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, গানের সুর আমাদের মানসিক ও শারীরিক প্রশান্তি দেয়। এ কারণে মিউজিক থেরাপি ব্যবহার করে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়ে থাকে। সম্প্রতি মস্তিষ্কের রসায়নসম্পর্কিত গবেষণায় পাওয়া গেছে, দুঃখের গান শুনলেও আমাদের মধ্যে রোমান্টিকতা ও সচেতনতা সৃষ্টি হয়। দুঃখের গান শুনলে আমাদের দুই ধরনের অনুভূতি হতে পারে। একটি হচ্ছে, আমরা আমাদের আবেগকে কীভাবে প্রত্যক্ষ করছি। আরেকটি হচ্ছে, আমরা মনের ভেতরে কী ধরনের আবেগ অনুভব করছি। এ গবেষণায় অংশগ্রহণকারীরা বলেছে, গানের কথা ও সুর তাদের মধ্যে সাময়িক দুঃখের অনুভূতি সৃষ্টি করলেও এর সার্বিক প্রভাব তাদের মধ্যে প্রশান্তিও দিয়েছে। গান আমাদের মানসিক চাপ ও দুশ্চিন্তা কমিয়ে দেয় বলে ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের এবং অস্ত্রোপচারের আগে রোগীদের গান শুনিয়ে তাদের শরীর ও মন শিথিল করতে সাহায্য করা হয়।
আমি তোমাকে অনুরোধ করব, নিজেকে এভাবে এ ভালো লাগার জায়গা থেকে বঞ্চিত কোরো না। বয়ঃসন্ধিকালের জন্যও তোমার মধ্যে রাগ ও দুঃখের অনুভূতির আধিক্য হচ্ছে এবং তোমার শৈশবের কিছু অভিজ্ঞতাও হয়তো তোমাকে প্রভাবিত করছে। গান শোনা বন্ধ রেখে তুমি উপকৃত হবে বলে মনে হয় না। তবে প্রায় সারা দিন ধরে গান না শুনে তুমি বিশেষ কোনো সময় নির্ধারণ করে নিজেকে এ অমূল্য উপহারটুকু দিয়ো, কেমন?

সমস্যা
আমার বয়স ২৫। আমি আমার অল্প কিছু ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অধিকাংশ মানুষের সঙ্গে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। যে কারণে মানুষের সঙ্গে তেমন একটা মিশতেও পারি না। আমার মেসে দুজন বড় ভাই আছেন, তাঁরা যখন রুমে আসেন তখন আমার প্রচণ্ড অস্বস্তি লাগে। কিন্তু অন্য একজন বড় ভাই আছেন, তিনি রুমে এলে আমি মিশতে পারছি। আমি ষষ্ঠ ও নবম শ্রেণীর দুজন ছাত্রী পড়াই। নবম শ্রেণীর ছাত্রীকে পড়ানোর সময় কোনো অস্বস্তি হয় না। কিন্তু ষষ্ঠ শ্রেণীর ছাত্রীটি পড়তে বসামাত্র আমার অস্বস্তি লাগে। কোনো কারণে তার চোখে চোখ পড়ামাত্র চোখ ফিরিয়ে নিতে পারলেই যেন বাঁচি। সমস্যাটির কি কোনো প্রতিকার আছে?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার চিঠি পড়ে মনে হচ্ছে তুমি সামাজিক ভীতিতে ভুগছ। এটি একধরনের দুশ্চিন্তাজনিত মানসিক অসুস্থতা, এটা চিকিৎসার মাধ্যমে খুব ভালোভাবে নিরাময় হওয়া সম্ভব। তুমি যে নিজেই এ ব্যাপারে সচেতন হয়ে উদ্যোগটি নিয়েছ, সে জন্য ধন্যবাদ। নিজেকে যাতে তুমি কিছুটা হলেও সাহায্য করতে পারো, সে জন্য কয়েকটি উপায় বলতে চাই। অন্যরা তোমার সম্পর্কে কী ভাবছে, তা নিয়ে একেবারেই চিন্তা না করা। কেউ তোমার নার্ভাসনেস ধরে ফেললে খুব লজ্জার ব্যাপার হবে—এমন না ভাবা। কেউ তোমার দিকে তাকালে তোমাকে নিয়েই তারা মনে মনে কিছু ভাবল বা তোমাকে উদ্দেশ করে তারা কিছু বলল, সেটি না ভাবা। এ ছাড়া অন্যেরা কী বলল তা মনোযোগ দিয়ে তাদের চোখের দিকে তাকিয়ে শোনার চেষ্টা করা। কোনো আলোচনায় প্রত্যক্ষভাবে অংশ নিতে না পারলেও নীরবে সেখানে উপস্থিত থেকে বিষয়বস্তুতে মনঃসংযোগ করা। তুমি যে অন্যদের তুলনায় অনেক বেশি সংকোচ এবং লজ্জায় ভোগো, এ নিয়ে নিজেকে একেবারেই দোষারোপ না করা। প্রতিদিন কোনো একটি সময়ে একটি জায়গায় স্থির হয়ে বসে শরীর শিথিল করে বেশ কয়েকবার নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বে। নেওয়ার সময় চার সেকেন্ডে নিয়ে, তারপর দুই সেকেন্ড ধরে রেখে, ছয় সেকেন্ডে নিঃশ্বাস মুখ দিয়ে ছাড়বে। নাক দিয়ে শ্বাস গ্রহণ করার সময় পেটের মাংসপেশি শক্ত ও স্ফীত হয়েছে কি না তা খেয়াল করবে এবং নিঃশ্বাস ফেলার সঙ্গে সেই জায়গাটি শিথিল হয়ে যাবে। প্রতিদিন অন্তত দুবার এটি করতে পারলে ভালো হয়। বলা হয় যে এ সমস্যাগুলো আমরা যত বেশি এড়িয়ে চলার চেষ্টা করি, তা আরও বেশি করে আমাদের তাড়া করতে থাকে। কাজেই ছোট ছোট পদক্ষেপ নিয়ে তোমার জন্য যে কাজগুলো কঠিন, তা অল্প করে হলেও করার চেষ্টা করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের চারতলায় নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটে গিয়ে তুমি সামাজিক দক্ষতার ওপর প্রশিক্ষণ নিলে খুব উপকৃত হবে।