মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মেহতাব খানম
অধ্যাপক মেহতাব খানম

সমস্যা
আমি স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। লেখাপড়ার জন্য আমাকে এলাকা ছেড়ে শহরে থাকতে হয়। বাবার আর্থিক অবস্থা ভালো না। তাই টিউশনি করে পড়ালেখা চালাতে হয়। সেই সুবাদে আমি লিপি (ছদ্মনাম) নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে পড়ানো শুরু করি। লিপির বাবা বিদেশে থাকার কারণে সব দেখাশোনা লিপির মা-ই করেন। আমি পড়ানোর সময় মেয়ের পড়ালেখা পর্যবেক্ষণ করেন পাশে বসে। এরই মধ্যে তিনি আমাকে শারীরিকভাবে উত্ত্যক্ত করতে শুরু করেন। বাধা দেওয়ার পরও কোনো সমাধান মেলে না। পরবর্তী সময়ে আমি টিউশনি ছেড়ে দেওয়ার কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। শ্লীলতাহানির মামলা করবেন বলে হুমকি দেন। আমি মুখ বুজে বিষয়টি সহ্য করে যাচ্ছি। এখন আমি কী করব?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তুমি যে বড় ধরনের একটি দ্বন্দ্বে পড়ে গেছ তাতে কোনো সন্দেহ নেই। কোনো অন্যায় না করেও তুমি এই বিপর্যয়ের শিকার হয়েছ। তোমার সঙ্গে শিক্ষার্থীর মা যে আচরণ করেছেন তা অত্যন্ত অশোভন ও নিন্দনীয়। বিশেষ করে তাঁর নিজের মেয়েটির সামনে বসে তাঁর এ ধরনের আচরণ একেবারেই অপ্রত্যাশিত। এর পরও তুমি যে তোমার সততা, নৈতিকতা ও সংযম বজায় রেখেছ তা সত্যিই অনুসরণীয় একটি উদাহরণ। তুমি তাঁকে কীভাবে বাধা দিয়েছ জানি না। হয়তোবা গলার স্বরে এবং শরীরের ভাষায় যতটা দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সমন্বয় থাকা প্রয়োজন ছিল, তা তোমার পক্ষে দেখানো সম্ভব হয়নি। টিউশনি ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্তটি নিয়েছিলে তুমি, সেটিই সঠিক ছিল। কিন্তু পরবর্তী সময়ে তোমার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়ার কথা বলা হয়েছে, তাতে তুমি আবার ভয় পেয়ে পিছিয়ে গেছ। তোমার ভয়টি অবশ্যই অমূলক নয়, কিন্তু এই বিষয়টি তো এভাবে চলতে দেওয়া যায় না। তুমি যদি এই অসহায়ত্ব নিয়ে টিউশনি চালিয়ে যাও, তাহলে মেয়েটির মা তোমাকে আরও বেশি এর মধ্যে জড়িয়ে ফেলতে চেষ্টা করবেন এবং তুমি তাতে সাড়া না দিলে অত্যন্ত আক্রমণাত্মক ভূমিকায় চলে যাবেন। নারীদের ওপর ঘরে ও বাইরে অনেক বেশি নির্যাতনের ঘটনা ঘটে বলে বেশ কিছু আইন করা হয়েছে নারীদের সুরক্ষার জন্য। এই পুরুষতান্ত্রিক সমাজে বেশির ভাগ নারীই নির্যাতনের শিকার হয়েও সামাজিক প্রেক্ষাপটের কথা ভেবে নিজেরা সেটি রোধ করতে পারেন না বলে আইনগুলো প্রণীত হয়েছে। তবে, এখানে তোমার মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। আমার অনুরোধ হচ্ছে, তুমি আর বিলম্ব না করে আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট বা অন্য কোনো সংস্থা, যেখানে বিনা খরচে তুমি পরামর্শ নিতে পারবে, সেখানে চলে যাও।

সমস্যা
আমার বয়স ১৯ বছর। আমি চার বছর ধরে একধরনের সমস্যায় ভুগছি। চারপাশে অগোছালো দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখি। আবার গোছাই। কোনো কাজেই স্থির হয়ে মন বসাতে পারি না। হাত পরিষ্কার থাকলেও মনে হয় পরিষ্কার হয়নি। এ জন্য বারবার হাত ধুতে থাকি। বারবার বইয়ের পাতা ওল্টাই। মনে হয় কোনো দরকারি জিনিস ভেতরে রয়ে গেছে। বারবার টেবিলের বই-খাতা গোছাই। এ ধরনের আরও অসংখ্য সমস্যায় আমি ভুগছি। যার কারণে আমার পড়াশোনার একেবারে বিপর্যস্ত অবস্থা। আমি ছিলাম ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু এখন আমার অবস্থা খুবই খারাপ। আমি আমার পরিবারকে কখনোই এসব সমস্যা বলিনি। এ থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে?
মাসুদ রানা, খুলনা
পরামর্শ
চার বছর ধরে এত কষ্টের ভেতরে থাকা সত্ত্বেও তুমি হয়তো সাহস করে কাউকে বলোনি। পরিবারের সদস্যদের সঙ্গে তোমার সম্পর্কটি কেমন তা জানি না। তোমার কি মনে হয়েছে যে কেউ এটিকে গুরুত্ব দেবেন না? তাঁরা বরং তোমাকেই দোষারোপ করবেন? সেটি যদি হয়ে থাকে তাহলে আমি সব অভিভাবকের উদ্দেশে বলতে চাই, আমাদের সন্তানদের শারীরিক অসুস্থতাকে আমরা যেভাবে দেখি, মানসিক অসুস্থতাকেও ঠিক সেভাবেই গুরুত্ব দিতে হবে এবং তাকে দ্রুত মানসিক স্বাস্থ্যসেবা দানকারীর কাছে নিয়ে যেতে হবে। তুমি দেখো, এটিকে গুরুত্ব না দেওয়ার ফলে তোমার সমস্যাটি আরও কত বেড়ে গেল! তুমি যেহেতু ইচ্ছে করে এ ধরনের অমূলক দুশ্চিন্তাগুলো সৃষ্টি করছ না, সেহেতু কেবল নিজের চেষ্টায় এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা তোমার পক্ষে সম্ভব হবে না। চিন্তাগুলো তুমি না করতে চাইলেও ওরা স্রোতের মতো এসে তোমার মনে ভিড় করবে। তোমাকে অনেক ধন্যবাদ যে চার বছর কষ্ট পাওয়ার পর তুমি শেষ পর্যন্ত মনের জানালায় চিঠি লিখেছ। সুতরাং আর একটুও দেরি নয়, তুমি তোমার পরিবারের সদস্যদের বলো তোমার তাদের সহায়তা এখন খুব প্রয়োজন। ঢাকায় যেসব জায়গায় প্রশিক্ষিত মনোবিজ্ঞানীরা বা কাউন্সেলররা এই সেবা দেন সেই জায়গাগুলোর নাম ও ফোন নম্বর আমি আগের সংখ্যাগুলোতে দিয়েছি। তুমি অন্তত মাসে দুবার এসে এই সেবা গ্রহণ করো। আশা করি, তোমার পরিবারের সদস্যরা এ ব্যাপারে সহায়তা করবেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.