মনের জানালা

সমস্যা
এসএসসি শেষে পাশের পাড়ার একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়। তখন মেয়েটি সপ্তম শ্রেণিতে পড়ত। তার সঙ্গে কথা হয়েছিল, আমার চাকরি না হওয়া পর্যন্ত বিয়ে করব না। অপেক্ষায় থাকব। এভাবে পাঁচ-ছয় বছর কেটে যায়। মাঝেমধ্যে ছোটখাটো ঝগড়া হয়। মাঝে তিন-চার বছর আমাদের সম্পর্ক ছিল না। বর্তমানে আমি অনার্স শেষ করেছি এবং একটি সরকারি অফিসে চাকরি করি। চার-পাঁচ মাস আগে ওর সঙ্গে আমি আবার যোগাযোগ করি। বর্তমানে সে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। ওকে বলি, আমি তোমার বন্ধু হতে চাই। কিন্তু ও আমাকে স্বামী হিসেবে পেতে চায়। এর মধ্যে আমার মা-বাবা ওকে দেখেন এবং পছন্দ করেন। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে আমাদের বিয়ে প্রায় ঠিক হয়। বিয়ের আগ মুহূর্তে ওর কিছু আচার-আচরণ আমার কাছে সন্দেহজনক লাগে। খোঁজ নিয়ে দেখি, সে অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক করে। ওই ছেলের সঙ্গে সম্পর্কের কথা আমি যখন ওকে বলি, প্রথমে ও বিষয়টা অস্বীকার করে এবং পরে স্বীকার করে। আমাকে বলে, সে ওই ছেলের সঙ্গে সম্পর্ক করে তাতে কী হয়েছে, কিন্তু বিয়ে সে আমাকে করবে। কিন্তু বিষয়টা আমি সহজে মেনে নিতে পারছি না। ১৫-২০ দিন হয়েছে ওর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছি। ও আমার জীবনের প্রথম প্রেম ছিল। এমন অবস্থায় আমার কী করা উচিত?
রিংকু, পীরগঞ্জ, রংপুর
পরামর্শ
তোমাদের যখন সম্পর্ক হয়েছিল, তখন দুজনেই অপরিণত বয়সে ছিলে। ওই বয়সে যুক্তির চেয়ে আবেগ বেশি কাজ করে। একপর্যায়ে সম্পর্কটি থেমেও গিয়েছিল এই কারণে যে কারও জন্যই তখন এটি আর ইতিবাচক অভিজ্ঞতা ছিল না। এরপর যে সময়টিতে মেয়েটি তোমার সঙ্গে সম্পর্কিত ছিল না, তখন সে হয়তো অন্য সম্পর্কে জড়িয়ে গেছে। তুমি তার জীবনে আবার আবির্ভূত হওয়ার পর তোমার সঙ্গে একটি স্থায়ী সম্পর্কে সে আবদ্ধ হতে চেয়েছে। তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যাওয়ার ফলে সম্ভবত সে হয়তো বুঝতে পারছিল চেষ্টা করেও ছেলেটির কাছ থেকেও সে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হতে সক্ষম হচ্ছে না। আর সেই কারণে বিয়ের আগ মুহূর্তে তার আচরণে তুমি পরিবর্তনগুলো লক্ষ করেছ। তুমি ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করে খুব কষ্ট পাচ্ছ বুঝতে পারছি। সম্ভব হলে ভালো করে ভেবে দেখো, ওকে তুমি আরও কিছুদিন ভাবার জন্য সময় দেবে কি না। যদি দেখো যে তোমার মন বলছে, ওকে নিজের মনটি যাচাই করে নেওয়ার জন্য তুমি একটি সুযোগ দিতে চাও, তাহলে ওর সঙ্গে দেখা করে তুমি স্পষ্টভাবে সেটি ওকে জানিয়ে দাও। যদি সে অন্য সম্পর্কটিকে বন্ধ করে মনকে তৈরি করে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে তোমাকেও নিজের কাছে তোমার প্রতিজ্ঞা করতে হবে যে বিয়ের পর কোনো কারণে মনোমালিন্য হলে তুমি এই সম্পর্কের প্রসঙ্গ তুলে তোমাদের বিয়ের পরের সুন্দর সময়গুলোকে নষ্ট হতে দেবে না। এটি ঘটলে তোমাদের পরবর্তী সময়ে পারস্পরিক বন্ধনটি তৈরি হবে না। আশা করি, শুধু আবেগের বশবর্তী না হয়ে তুমি ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবে। চিঠির জন্য ধন্যবাদ।
সমস্যা
আমি ২০ বছর বয়সী এক শিক্ষার্থী। আগে পড়াশোনায় ভালো ছিলাম, তবে এখন সারা দিন টেলিভিশন দেখি। পড়তে ইচ্ছা করলেও পড়ি না, টিভি দেখতে ইচ্ছা হলে টিভি দেখি। বিশেষ করে নাটক, ছবি দেখা হয়, তবে অন্যান্য অনুষ্ঠানও দেখি। আমি টেলিভিশনের আসক্তি থেকে কীভাবে মুক্তি পেতে পারি? এ নিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে আছি।
কুসুম সিকদার রাজবাড়ী
পরামর্শ
এ ধরনের সমস্যা নিয়ে অনেক শিক্ষার্থীরই সমস্যা হচ্ছে এবং পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা দুশ্চিন্তায় ভুগছেন। সত্যিই এই আচরণ আসক্তির পর্যায়ে গেছে কি না, তা তোমাকে আরও বুঝতে হবে। তুমি যে যে সময়গুলোয় টেলিভিশন দেখো, তখন যদি নিজেকে বিরত রাখো, তাহলে তোমার কী ধরনের মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া হচ্ছে, সেটি নোট করে রাখবে। যদি দেখো যে তোমার সবকিছু খুব বিরক্তি লাগছে, আর কোনো কিছুতে মনোযোগ থাকছে না, ভেতরে একটি অস্থিরতা কাজ করছে তাড়াতাড়ি টেলিভিশনের সামনে গিয়ে বসার জন্য, সেই সঙ্গে শারীরিক কিছু উপসর্গও হচ্ছে, যেমন: মাথাব্যথা বা শরীরের অন্য কোথাও কিছু নেতিবাচক অনুভূতি ইত্যাদি। তাহলে বুঝতে হবে, তুমি সত্যিই এটিতে আসক্ত হয়েছ।
টেলিভিশন দেখার সময়সীমা কমানোর জন্য আমি তোমাকে কিছু উপায় বলে দিতে পারব। যেমন: প্রথমে একটি তালিকা তৈরি করো যে তুমি কোন কোন অনুষ্ঠান দেখো এবং তাতে কত ঘণ্টা ব্যয় হয়। অনুষ্ঠানগুলোর তালিকা থেকে এবার কোনগুলো বাদ দিতে পারো, তার একটি তালিকা তৈরি করো। এবার দেখো, এত ঘণ্টা টিভি দেখার ফলে তোমার কোন কাজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে তোমাকে এর জন্য কী মূল্য দিতে হবে। সপ্তাহের কোনো একটি দিনে তুমি একেবারেই টিভি দেখবে না—এই সংকল্প বাস্তবায়ন করো। অতিরিক্ত টিভি দেখলে আমাদের চোখের ক্ষতি হয়, শরীরের ক্যালরি খরচ হয় না বলে ধীরে ধীরে শরীরে ক্ষতিকর মেদ, অর্থাৎ রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। প্রতিদিন একটি সময় অবশ্যই শরীরচর্চা করবে। টেলিভিশন আমাদের মানসিক প্রাণশক্তি অনেক কমিয়ে দেয় বলে ইয়োগা অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস। গবেষণায় দেখা গেছে, যারা কম টিভি দেখে, তারা সেটি অনেক বেশি উপভোগ করে দেখে এবং তাদের মানসিকভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আশঙ্কাও কম থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.