মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মেহতাব খানম
অধ্যাপক মেহতাব খানম

সমস্যা
আমি নবম শ্রেণির ছাত্র। ছাত্র হিসেবে মোটামুটি ভালো। ক্লাস রোল তিন। কিন্তু আমার প্রত্যাশা সব সময় অনেক বেশি। আমি চেষ্টা করি এক রোল করার জন্য। তা আমার পক্ষে সম্ভব হয় না। স্বাধীন (ছদ্মনাম) আমাদের ক্লাসের ফার্স্ট বয়। প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও সে আমার খুব ভালো বন্ধু। একসঙ্গে প্রাইভেট পড়ার কারণে স্বাধীনের বাসায় প্রায়ই আমি যাওয়া-আসা করতাম। এখনই ওর অপরূপ সুন্দরী ছোট বোনকে ভালো লেগে যায়। এসব কারণে আমার পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে। আর ওকে বলতে পারছি না এই ভেবে যে তাতে স্বাধীনের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। ওর জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারব। কিন্তু ওকে কিছুই বলতে পারি না। মাঝেমধ্যে মনে হয় নেশায় আসক্ত হয়ে পড়ি।
আবির, রংপুর।
পরামর্শ
বয়ঃসন্ধির শুরুতে আছ বলে খুব বেশি আবেগাক্রান্ত হয়ে পড়েছ। যাকে পছন্দ করছ, সেই মেয়েটির নিশ্চয়ই আরও অল্প বয়স। তাকে মনের কথাগুলো বললে সে কী উত্তর দেবে সেটি অনিশ্চিত। এই বয়সে হুট করে ও নিজেও সিদ্ধান্ত নিতে পারবে না। মেয়েটির পরিবার এবং ওর বড় ভাই, যে তোমার খুব প্রিয় বন্ধু, তারও কিন্তু এটিকে সমর্থন না করারই কথা। এই বয়সেও তুমি আবেগের তোড়ে ভেসে না গিয়ে যুক্তিপূর্ণভাবে ভাবতে পারছ, এটি বেশ প্রশংসনীয়। যে তোমার প্রতিদ্বন্দ্বী বন্ধু, তার সঙ্গে তুমি খুব ভালো একটি বন্ধুত্ব গড়ে তুলতে পেরেছ, এটাও খুব বড় একটা প্রশংসার ব্যাপার। তোমাকে খুব ভালো করে চিন্তা করে বের করতে হবে, তুমি কথাটি যে মেয়েটিকে জানাচ্ছ না তাতে তোমার বেশি কষ্ট হচ্ছে, নাকি বলে ফেললে বন্ধুর সঙ্গে সম্পর্ক টিকে না থাকলে বেশি কষ্ট হবে। দুই জায়গাতেই কষ্ট রয়েছে, তার মধ্যে কোনটি বেশি ভারী সেই ওজনটি কিন্তু তোমাকেই ভালো করে ভেবে বের করতে হবে। যেদিকে কষ্ট একটু হলেও কম হবে বলে মনে হয়, সেই সিদ্ধান্তটি নাও। সেটিতে নিজেকে স্বচ্ছন্দ রাখার জন্য মনে মনে বলবে, এটি আমার ভেবেচিন্তে নেওয়া একান্তভাবেই নিজের সিদ্ধান্ত এবং আমার কষ্ট হলেও আমি এটিকেই বাস্তবায়ন করব।

সমস্যা
আমার বয়স ১৮। আমার সমস্যা হলো, আমি প্রায় সময় একাকিত্ব অনুভব করি। একা একা কান্নাকাটি করি। কিন্তু কখনো জোরে কাঁদতে পারি না। মনে হয়, সবকিছু ছেড়ে ওপরওয়ালার কাছে চলে যাই। অবাস্তব সব জিনিস কল্পনা করি। যেমন আমি খুব লাজুক স্বভাবের। কিন্তু সব সময় চিন্তা করি আমি খুব চঞ্চল, সবার সঙ্গে মিশে গেছি এমনটা। কিন্তু বাস্তবে আমি মানুষের সামনে ঠিকমতো কথা বলতে পারি না। এসব কিছুর কারণে আমার পড়াশোনাও ঠিকমতো হচ্ছে না। উপরন্তু আমি আমার বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁদের অনেক আশা আমাকে নিয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
মনে হচ্ছে, তুমি বিষণ্নতায় ভুগছ। সেই সঙ্গে অপরাধবোধ, দুশ্চিন্তা এবং হতাশা যোগ হওয়ায় সমস্যাটি আরও বেশি হচ্ছে। তুমি খুব লাজুক স্বভাবের বলেই হয়তো তোমার মধ্যে সামাজিক দক্ষতার বিকাশ ঠিকমতো হয়নি। আমরা সবাই তো এক রকম নই, তাই না? কেউ অনেক বেশি কথা বলে, আবার কেউ বেশি কথা না বলে অন্যের কথা শুনতে এবং চারদিক পর্যবেক্ষণ করতেই বেশি ভালোবাসি। তুমি যদি কিছুটা অন্তর্মুখী হয়ে থাকো, সেটি তো তোমার ব্যক্তিত্বের একটি অংশ। নিজেকে পুরোপুরি বদলে ফেলার চিন্তা না করে বরং তুমি যেমন আছ তেমনভাবে প্রথমে নিজেকে গ্রহণ করে নাও এবং শ্রদ্ধা করো। এরপর অল্প অল্প করে নতুন মানুষের সঙ্গে পরিচিত হও। কষ্ট হলেও নিজেকে অন্যদের কাছে পরিচিত করার চেষ্টা করো। যদি দেখো, তুমি কিছুটা হলেও নিজের গণ্ডি থেকে বেরিয়ে আসতে পেরেছ, তাহলে নিজেকে বারবার বলবে, এটি তোমার নিজের চেষ্টা দিয়েই সম্ভব হয়েছে। এ ছাড়া তোমার মধ্যে যেসব ভালো গুণ রয়েছে, সেগুলোও প্রতিদিন একটা-দুটো করে একটি নোটবুকে লিখবে। যেসব জায়গায় তোমার কিছু আচরণ পরিবর্তন করতে হবে, তার একটি তালিকা তৈরি করে সেই লক্ষ্যেও উদ্যোগ নিতে শুরু করো। অবাস্তব চিন্তাগুলো তোমাকে হয়তো কিছুক্ষণের জন্য ভালো অনুভব করতে সহায়তা করছে। এভাবে চলতেই থাকলে বা বিষণ্নতা আরও বেড়ে গেলে তোমাকে কিন্তু মনোচিকিৎসকের এবং সাইকোথেরাপিস্টের সাহায্য নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.