ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
মনের জানালা

সমস্যা
আমি খুবই চঞ্চল। এই তো তিন মাস আগেও খুব লাফালাফি করতাম। কিন্তু এখন লাফালাফি একটুও ভালো লাগে না। বিরক্ত লাগে লাফালাফি দেখলে। ছোটবেলা থেকেই আমার খুব বেশি রাগ। রেগে ভাঙাভাঙি শুরু করি। এখন রাগ আরও বেড়ে গেছে। একদম একা থাকতে পছন্দ করি। এমনকি আমার প্রিয় বান্ধবীদেরও ভালো লাগে না। মনে হয়, আমার মধ্যে একটা কষ্ট লুকিয়ে আছে। আমার প্রায়ই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। সবাই বলে আমি নাকি পাগল। কদিন পর স্কুলের পরীক্ষা, কিন্তু কিছুতেই পড়তে পারি না। আমার কেন জানি খুব ভয় লাগে। ভূতের ভয় না। অন্য রকম ভয়।
শ্রাবণী (ছদ্মনাম)
পরামর্শ
তুমি লিখেছ ছোটবেলা থেকেই তোমার রাগ খুব বেশি। তুমি কি বাড়িতে কাউকে এমনভাবে রাগ প্রকাশ করতে দেখে বড় হয়েছ? কারণ, শিশুরা বাড়ির পরিবেশ দ্বারা খুব প্রভাবিত হয়। মনে হচ্ছে, বাড়ির পরিবেশ তোমার মানসিকতা বিকাশে ভালো ফল রাখতে পারেনি। হঠাৎ করেই বয়ঃসন্ধিতে এসে তুমি বিষণ্নতার শিকার হয়েছ। যারা বিষণ্নতায় ভোগে, তারা নিজেকে সবার কাছ থেকে সরিয়ে রাখতে চায়। তাদের ভেতরে সব সময় বিরক্তি কাজ করে বলে রাগের মাধ্যমে সেটির প্রকাশ ঘটে। যখন তুমি রাগ করছ, তখন বাড়ির লোকদের আচরণ কেমন হয়? তাঁরাও কি তোমার ওপরে রেগে যাচ্ছেন, নাকি তোমাকে বোঝার চেষ্টা করছেন? বাড়ির অন্য সদস্যদের সঙ্গে তোমার সম্পর্ক কেমন, তা জানতে পারলে ভালো হতো। এ অবস্থায় তাঁদের সহায়তা ও সহমর্মিতা তোমাকে ভীষণভাবে সাহায্য করতে পারে। তাঁরা যে তোমাকে পাগল বলছেন, সেটি তোমার প্রতি অবিচার হচ্ছে। যদি তোমার শারীরিক কোনো অসুস্থতা হতো, তাহলে তো তাঁরা তোমাকে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যেতেন, তাই না? শারীরিক অসুস্থতা চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। মানসিক অসুস্থতার চিকিৎসা সময়মতো না হলে সারা জীবন এর বোঝা বয়ে বেড়াতে হয়। তুমি বাড়ির বড়দের বলো, আর দেরি না করে তাঁরা যেন ঢাকায় যেসব জায়গায় এই স্বাস্থ্যসেবা দেওয়া হয়, সেখানে যোগাযোগ করতে। তুমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা কমিউনিটি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ চিকিৎসা বিভাগেও যেতে পারো।
সমস্যা
পাঁচ বছর ধরে একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক। ও পড়াশোনা করত না। এখন আমার উৎসাহে আর পরিশ্রমে সে উচ্চশিক্ষা নিচ্ছে। এখনো সে বেকার। এ অবস্থায় ও এক নারীর সঙ্গে ফোনে নিয়মিত কথা বলছে। মাঝেমধ্যে দেখা-সাক্ষাৎও করছে। বিনিময়ে ওই নারী ওকে আর্থিক সাহায্য করছে। আমি ওদের এই সম্পর্ক কিছুতেই মানতে পারছি না। মাঝেমধ্যে মনে হয় আত্মহত্যা করি। কারণ, আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারিনি এখনো। সে জন্য ও অন্য নারীকে সময় দিচ্ছে। ওকে কীভাবে ফেরাব?
নাম প্রকাশে অনিচ্ছুক, ফরিদপুর।
পরামর্শ
তোমার কি মনে হয়, ছেলেটি এত দিন তোমাকে ব্যবহার করেছে? তোমাদের সম্পর্কে যে ধরনের পারস্পরিক বোঝাপড়া থাকা প্রয়োজন, সেটার কি ঘাটতি ছিল? তুমি নিশ্চিত, তোমার অর্থনৈতিক সচ্ছলতা থাকলে ছেলেটি তোমার সঙ্গে প্রতারণা করত না? তোমার বোঝা দরকার, ছেলেটির সঙ্গে ওই নারীর সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে। যদি মনে হয়, ছেলেটির জীবনে এখন তোমার প্রয়োজন কমে গেছে, তাহলে তুমি কী করবে, সেই সিদ্ধান্ত তো তোমাকেই নিতে হবে। তুমি তার জীবনে এতটা অবদান রেখেছ বলে তোমার হয়তো নিজেকে খুব অসহায় লাগছে। কিন্তু ভেবে দেখো, যদি সে সত্যিই তোমার প্রতি শ্রদ্ধাশীল না থাকে, তাহলে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তুমি তাকে জীবনে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে কি না? তুমি অনেক যোগ্যতা অর্জন করেছ নিজে পরিশ্রম করে। ছেলেটি তোমার প্রতি অবিচার করলে বা শ্রদ্ধা না দেখালেও তোমার কিন্তু নিজেকে সম্মান করতে এবং ভালোবাসতে হবে। ছেলেটির সঙ্গে সরাসরি কথা বলে জানার চেষ্টা করো, সে তার জীবনটাকে কীভাবে দেখতে চায়। বিশ্বাসের অভাব হলে সেই সম্পর্ককে টেনে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে।