মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.

সমস্যা: আমার এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করছি। কিন্তু আমার পড়াশোনা করতে একদম ইচ্ছা করে না। যদিও আমার মা-বাবার প্রবল আগ্রহ আমাকে ডাক্তার বানানোর।

মাঝেমধ্যে মনে হয়, একটি চাকরি করব। এ জন্য পত্রিকায় এসএসসি পাস প্রার্থী দরকার, এ রকম বিজ্ঞাপন খুঁজি। আমার আর্থিক অবস্থা ভালো। স্কুলজীবনে একটি মেয়েকে ভালোবেসেছিলাম। আমি তাকে ভুলতে পারছি না। সে আমার কাছের কলেজে লেখাপড়া করে। তার ঠিকানা বা ফোন নম্বর কিছুই জানি না।

সাব্বির আহমদ

দাড়িয়াপাড়া, সিলেট।

পরামর্শ: তোমার কী কারণে পড়ালেখা করতে ইচ্ছা করে না, তা ঠিক বুঝতে পারলাম না। মেয়েটি তোমার প্রস্তাবে সাড়া দেয়নি বলেই কি এটি হচ্ছে? তোমার আর্থিক অবস্থা ভালো থাকলেও কী কারণে চাকরি খুঁজছ, সেটিও পরিষ্কার হয়নি। মেয়েটির সঙ্গে যদি তুমি যোগাযোগ করো এবং তার কাছ থেকে সাড়া না পাও, তাহলে কী হবে? তোমার এই বয়সে এ ধরনের তীব্র অনুভূতি হওয়াটা খুব স্বাভাবিক; কিন্তু তার পরও শিক্ষার্থী জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, মনোযোগ দিয়ে লেখাপড়া করা। শুধু ডাক্তার হওয়ার স্বপ্ন মাথায় না রেখে আরও কিছু লক্ষ্য নিয়ে জীবনের পথে চললে ভালো হয়। বাবা-মায়ের একটি স্বপ্ন থাকতেই পারে, তবে তুমি নিজেকে আগামী ১০ থেকে ১৫ বছর পরে ঠিক কীভাবে দেখতে চাইবে, সেটি এখন থেকেই কল্পনা করবে। যদি সেই সময়ে তোমাকে সারা দিন ধরে ভিডিওতে ধারণ করা হয়, তুমি সেই তথ্যচিত্রটিতে নিজেকে যেভাবে দেখতে চাইবে, সেই অনুসারে এখন থেকেই পরিকল্পনা করো। মেয়েটিকে যদি সরাসরি কখনো বলা সম্ভব হয়, তাহলে আবারও বলে দেখতে পারো। তবে অবশ্যই তার ‘না’ বলার আশঙ্কাকেও তুমি মাথায় রাখবে। মেয়েটিরও অধিকার রয়েছে তার পছন্দ-অপছন্দ সম্পর্কে মত প্রকাশ করার। সে ক্ষেত্রে তোমাকেও আবেগের চেয়ে যুক্তিকেই বেশি প্রাধান্য দিতে হবে। শুভকামনা রইল।

সমস্যা: আমি তীব্র মানসিক সমস্যায় ভুগছি। আমার রাগ হঠাৎ করে খুব বেশি বেড়ে গেছে। নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। সব সময় কিছু ভাঙতে ইচ্ছা করে। চোখ বন্ধ করলে ভয়ংকর কিছু দেখতে পাই। যেমন: আমি দেখি, একটা মানুষকে টুকরা টুকরা করে ফেলছি, চারপাশে অনেক রক্ত, ভেঙে ফেলছি সবকিছু। বাবা-মা আমাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। কিন্তু উনি আমাকে যে ওষুধ দেন, সেটি আমার সহ্য হয় না। মাথা ঘোরে, বমি হয়, হাত-পা কাঁপে। আমি জানি, আমার সমস্যা শুধু ওষুধ খেলে সমাধান হবে না। একজন সাইকোলজিস্ট দরকার। কিন্তু আমার বাবা ও মা এটাকে পাত্তা দিচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক

ধানমন্ডি, ঢাকা।

পরামর্শ: মনে হচ্ছে, তোমার সাইকোথেরাপি ও মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসা দুটোই প্রয়োজন। যে ওষুধগুলো তোমাকে দেওয়া হয়েছে, সেগুলো হয়তো প্রাথমিকভাবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করেছে। তুমি তোমার চিকিৎসকের কাছে অসুবিধার কথাগুলো বললে খুব ভালো হতো। এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো ধীরে ধীরে কাটিয়ে ওঠা যায়। মানসিক ভারসাম্য রক্ষার ওষুধে কাজ হতে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগে। তোমার অভিভাবকেরা তো তোমাকে চিকিৎসকের কাছে নিয়ে গেছেন, তাই না? এতে বোঝা যায়, তাঁরাও চাইছেন তুমি সুস্থ থাকো। তুমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসা নিলে ভালো হয়। আর্থিক সংকট থাকলেও তুমি সেখান থেকে অনেক দিন চিকিৎসা নিতে পারবে।