মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য 
সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম
ব্যবহার করুন।—বি. স.
সমস্যা: আমি হোস্টেলে থাকি। পাশের বাসার একটি মেয়েকে পছন্দ করতাম। কিন্তু দীর্ঘদিন তাকে জানাইনি। মেয়েটির পরীক্ষার কিছুদিন আগে মেয়েটির অভিভাবক তাকে পড়াতে বললেন। আমি যথাসম্ভব সময় নিয়ে পড়ানোর চেষ্টা করলাম। এতে আমার পড়াশোনারও কিছু ক্ষতি হতো। টিউশনি শেষ হওয়ার কিছুদিন আগে আমি তাকে আমার কথাগুলো জানাই। 

সে হ্যাঁ বা না তেমন কিছু মন্তব্য করেনি। ওর অভিভাবকের সঙ্গে দেখা হলে তাঁরা আমাকে প্রায়ই আসতে বলতেন। না
গেলে কিছু মনে করবেন ভেবে আমি মাঝে মাঝে যেতাম। আমি চেয়েছিলাম, তার সর্বোচ্চটুকু দিয়ে তাকে গড়ে তুলব।
পরীক্ষায় সে ভালো ফলাফল করল। এরপর আমি গেলে সে কেমন যেন বিরক্ত বোধ করত। সর্বশেষ দিন আমি গিয়েছিলাম
তার সঙ্গে মোটামুটি সবকিছু পরিষ্কার করে সিদ্ধান্ত নিতে। সে আমাকে সেই সুযোগ তো দিলই না, বরং যাওয়ার সঙ্গে
সঙ্গেই সবার সামনে একরকম বলেই ফেলল, আমি যাতে আর না আসি। তারপর থেকে এসব ভেবে ভেবে আমার
কিছুতেই মন বসে না। কখনও তার অভিভাবকের সামনে পড়ে গেলে নিজেকে অপরাধী মনে হয়।
আকাশ, ঢাকা।
পরামর্শ: মেয়েটিকে তুমি তোমার মনের কথা জানানোর পরও যখন সে কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি, তার মানে বুঝতে
হবে সে চায় না যে তোমার সঙ্গে তার বিশেষ একটি সম্পর্ক গড়ে উঠুক। তবে মেয়েটিও নীরব না থেকে তার মনের কথাটি
তোমাকে সরাসরি বললে খুব ভালো হতো। যেহেতু তুমি মেয়েটির মনোভাব কিছুটা হলেও বুঝতে পারছিলে, সে ক্ষেত্রে
মেয়েটির অভিভাবক বললেও কোনো অজুহাত দেখিয়ে সেখানে না গেলেই ভালো হতো। তাহলে সে এভাবে তোমাকে কষ্ট
দেওয়ার সুযোগ পেত না এবং তুমি তোমার আত্মসম্মান নিয়ে চলতে পারতে। তুমি যে খুব সাফল্যের সঙ্গে তাকে পড়িয়েছ,
এতে প্রমাণ হয়, তুমি সত্যিই একজন ভালো শিক্ষক। তোমার এই দক্ষতা নষ্ট হতে দিয়ো না। পড়াশোনার পাশাপাশি
এভাবে শিক্ষকতা করলে তোমার নিজেরও জ্ঞান এবং আত্মবিশ্বাস বাড়বে। তোমার দ্বারা অনেক শিক্ষার্থীই উপকৃত হবে।
এই ঘটনাটি থেকে তুমি জীবনের একটি শিক্ষা নেওয়ার চেষ্টা কোরো। কেমন?
সমস্যা: আমি তীব্র মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি। অল্পতেই রেগে যাই। রাগের মাথায় মানুষকে খুব কষ্ট দিয়ে কথা
বলি। পরে খুবই অনুতপ্ত হই। ছোটখাটো বিষয়ে প্রবল দুশ্চিন্তা করি। এমন দুশ্চিন্তা যা স্বাভাবিক পর্যায়ের নয়। যেকোনো কিছু
করতে গেলে মনে হয় আমি এটা কোনো দিন করতে পারব না, মস্তবড় কোনো ভুল করে বসব। এই দুশ্চিন্তায় আমার রাতে
ঘুম আসে না, হাত-পায়ের পেশি টনটন করে ব্যথা করে, বমি বমি ভাব হয়। বন্ধুরা একত্রে আড্ডা দেওয়ার সময় আমি
কথা বলতে পারি না। মনে হয় এমন একটা বাজে কথা আমি বলে বসব যে বন্ধুরা সবাই আমাকে খারাপ ভাববে। অথচ
আগে আমি খুব হাসিখুশি, আড্ডাবাজ মেয়ে ছিলাম। এখন সব সময় হীনম্মন্যতায় ভুগি। মনে হয় সবাই আমাকে অপছন্দ
করে। রাতে বিছানায় শুয়ে হাউমাউ করে কাঁদি। কোনো সুন্দর জায়গায় গেলেও আমার চোখ ভিজে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক
ঢাকা বিশ্ববিদ্যালয়।
পরামর্শ: চিঠি পড়ে মনে হচ্ছে তুমি একই সঙ্গে প্রচণ্ড বিষণ্নতা ও দুশ্চিন্তায় ভুগছ। তোমার এই পরিবর্তন কি বড় কোনো
মানসিক চাপের কারণে ঘটেছে? যদি সেটি না হয়, তাহলে বুঝতে হবে এটি ক্লিনিক্যাল ডিপ্রেশন। তুমি ভেবে দেখতে পারো
তোমাদের বাবা কিংবা মায়ের পরিবারের আর কেউ বিষণ্নতায় ভুগছেন কি না। অনেক সময় বংশগত কারণেও আমাদের
এই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। তোমার চিকিৎসা নেওয়া খুব প্রয়োজন। শুধু সাইকোথেরাপি এবং রিলাক্সেশন
টেকনিক প্রয়োগ করে সুস্থতা নিশ্চিত করা কঠিন হবে। আর দেরি না করে তুমি একজন মনোচিকিৎসকের শরণাপন্ন হও।
আমি যে সংস্থাগুলোর ফোন নম্বর আগে দিয়েছি, সেই সংস্থাগুলোতে গিয়ে একটি দীর্ঘ সময় ধরে সাইকোথেরাপি করো।