মনের জোরেই পেরেছেন করিমুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সততা আর সাহস দিয়ে বাধা জয় করেছেন করিমুন নেছা
সততা আর সাহস দিয়ে বাধা জয় করেছেন করিমুন নেছা

বিয়ের এক বছর পর স্বামী তাঁকে ছেড়ে চলে যান। মানসিকভাবে খুব কষ্ট পেয়েছিলেন তিনি। তবে ভেঙে পড়েননি। চাকরি নেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। একদিন গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা পরামর্শ দেন ব্যবসা করার। সেই ব্যবসা ছিল
গ্রামীণফোন পল্লিফোনের । প্রথমে মনে দ্বিধা দ্বন্দ্ব থাকলেও একপর্যায়ে ব্যবসা শুরু করেন করিমন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সব বাধা পেরিয়ে আজ তিনি সচ্ছল স্বাবলম্বী এক নারী। এই গল্প সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মোছাম্মৎ করিমুন নেছার। সুনামগঞ্জ শহরে ২০০৩ সালে ‘করিমুন পল্লিফোন সেন্টার’ দিয়েই কল সেন্টারের যাত্রা শুরু হয়েছিল। ১০ বছর ধরে এই ব্যবসাতেই আছেন। করিমুন নেছা বলেন, ‘মনের জোর হচ্ছে বড়। সততা আর সাহস নিয়ে যেকোনো কাজ শুরু করলে ভালো ফল আসবেই। অন্তত আমার বেলায় সেটা হয়েছে।’
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় ছোট্ট দোকানঘর তাঁর। এখানে সব ধরনের মুঠোফোনের ফ্লেক্সিলোড, সিমকার্ড ও যন্ত্রাংশ বিক্রি, মুঠোফোনের মাধ্যমে টাকা আদান-প্রদানের সুবিধা পাওয়া যায়। সকাল নয়টা থেকে রাত ১০টায় পর্যন্ত দোকান পরিচালনা করেন তিনি। কোনো কর্মচারী নেই। সারা দিন একাই দোকানদারি করেন।
করিমুন পল্লিফোন সেন্টারে বসেই তাঁর জীবনের সব গল্প শোনান তিনি। মা-বাবা নেই। করিমুন নেছা পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত। পরিবারে আর্থিক অনটনের কারণে আর পড়তে পারেননি। ১৯৯২ সালে বিয়ে হয় তাঁর। এর এক বছর পর স্বামী তাঁকে ছেড়ে আরেকজনকে বিয়ে করেন। পরে তিনি চলে আসেন বাবার বাড়িতে। আর সংসার করেননি। কয়েক বছর পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। একদিন গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাই তাঁকে পরামর্শ দেন পল্লিফোনের ব্যবসা করার। প্রথম দিকে মনে কিছুটা দ্বিধা ছিল। ‘আমি মহিলা মানুষ। বাজারে দোকান নিয়ে বসলে সমাজের লোকজন কী ভাববে। পরিবার-গ্রামের লোকজনই বা কী বলবে—এ রকম একটা ভাবনা ছিল। পরে আমি মনের জোরে দোকান নিয়ে বসি। প্রথমে মানুষ কেমন যেন তাকাত। হাসাহাসি করত। কিছু কটু কথাও শুনতে হয়েছে।’ বলছিলেন করিমুন নেছা। পরক্ষণে নিজেই হেসে বলেন, ‘একদিন যারা আড় চোখে তাকাত, আমাকে দেখে হাসত, এখন তারাই সম্মান করে, বাহবা দেয়। আমি এতেই খুশি।’
সুনামগঞ্জ শহরে গ্রামীণফোন পল্লিফোনের ব্যবসা শুরু করার পর অনেকেই তাঁর কাছ থেকে পরামর্শ নিয়ে এই ব্যবসা শুরু করেছেন। ব্যবসার আয় থেকে নিজের একটি পাকা ঘর করেছেন। সংসার চলছে। গর্ব করার মতো আরও অর্জন আছে এই অদম্য নারীর। কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে তিনি গ্রামীণ ব্যাংকের পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন জাতীয় কমিটি ২০১১ সালে তাঁকে বিশেষ সম্মাননা দিয়েছে। গ্রামীণফোনের পক্ষ থেকে তাঁকে সংযোগ বিক্রয়কারী হিসেবে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।
করিমুন নেছা বলেন, ‘মনে সংকোচ থাকলে চলবে না। পুরুষেরা পারলে আমরা পারব না কেন। সাহস নিয়ে নারীদের এগিয়ে আসতে হবে।’