
সম্প্রতি বিশ্বের ১৩৩টি শহরের ওপর ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইনটেলিজেন্স ইউনিট-এর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ঢাকা শহরের জীবনযাত্রার ব্যয় কানাডার মন্ট্রিয়ল শহরের সমান। এই জরিপ আমাদের জন্য বিরাট সম্মান বয়ে এনেছে। এত দিন যাঁরা ছেঁড়া কাথায় শুয়ে মন্ট্রিয়ল যাওয়ার স্বপ্ন দেখতেন, এখন নিশ্চয়ই তাঁরা স্বপ্নে ঢাকার ভেতরেই ঘোরাঘুরি করেন। তবু কিছু মানুষ শিশুসুলভ সরলতায় প্রশ্ন করেন, কেন ঢাকায় সবকিছুর দাম এত বেশি? আসলে ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। এরপরও যাঁদের পয়সা খরচ করতে গায়ে লাগে, তাঁদের কথা ভেবে রস+আলো জীবনযাপনের মূল তিনটি খাতে ব্যয় বৃদ্ধির কারণ বের করেছে।
খাওয়ার খরচ: ঢাকায় খাওয়ার খরচ বেশি হওয়া খুবই স্বাভাবিক। কারণ, এখানে ভেজাল ছাড়া কোনো খাবার বা খাবারের উপাদান পাওয়া যায় না। এই ভেজাল খাবার খেয়েই কিন্তু উঠতি জেনারেশন সিক্স প্যাক বডি বানায়, গুটিবাজদের শায়েস্তা করে। তার মানে আমাদের শরীর দারুণভাবে ভেজাল খাবারের সঙ্গে মানিয়ে নিয়েছে। তবু অনেকেরই মনে জিজ্ঞাসা, ভেজাল খাবারের দাম এত কেন? আরে ভাই, ভেজাল তৈরিতে যে উপাদানগুলো ব্যবহৃত হয় (ফরমালিন বা নাম না জানা বিভিন্ন রাসায়নিক দ্রব্য), সেগুলোর দাম যে দিন দিন বেড়েই চলেছে, সেটা মাথায় রাখতে হবে না! এ কারণেই আসলে ঢাকা শহরে খাওয়ার খরচ একটু বেশিই। তবু মন্ট্রিয়লের খাঁটি খাবারের চেয়ে আমাদের ঢাকার খাবার অনেক উত্তম। কারণ, ভেজাল হোক বা খাঁটি হোক, দেশি খাবারের স্বাদই আলাদা। তাই বেশি করে দেশি ভেজাল খান, মন্ট্রিয়ল যাওয়ার চিন্তার ওপর চাপ কমান।
বাড়ি ভাড়া ব্যয়: মন্ট্রিয়লের বাড়িওয়ালারা বোকা ও স্বার্থপর। এঁরা দূরে দূরে বাড়িঘর বানায় এবং স্বার্থপরের মতো একা একা থাকে। কিন্তু ঢাকার বাড়িওয়ালারা আবার খুবই আন্তরিক এবং ভূমি–সচেতন। তাই তাঁরা দালানগুলো একটা আরেকটার ওপর ঠেস দিয়ে বানান। মরি বা বাঁচি, একসঙ্গে—এই নীতির ওপর ভর করে বানানো বাড়িঘরগুলোর ভাড়াও হয় আকাশচুম্বী। তবু প্রতিদিন বিস্ময়করভাবে বেঁচে থাকার আনন্দে মাস শেষে উপার্জনের বেশির ভাগ অর্থ সবাই মনের আনন্দেই বাড়িওয়ালার হাতে তুলে দেন। মূলত এই আনন্দের বিনিময় মূল্য হিসেবেই ঢাকায় বাড়িভাড়া ব্যয় সামান্য বেশি।
পরিবহন খরচ: যানজটের কল্যাণে ইদানীং মানুষের পরিবহন ব্যয় লাগে না বললেই চলে। তাই কখনো কখনো সৌভাগ্যক্রমে যাঁরা রাস্তা খালি পেয়ে যান, তাঁরা মনের আনন্দে পরিবহন খাতে একটু বেশিই খরচ করে ফেলেন। এটা গোনায় ধরলে চলবে না। ঢাকার রাস্তায় প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে পেতে রাখা মৃত্যুফাঁদ এবং যানজট এড়িয়ে চলাচল করার যে রোমাঞ্চ, সেটা কিন্তু মন্ট্রিয়লের ফাঁকা রাস্তায় অনুপস্থিত। মূলত এই রোমাঞ্চের কারণেই ঢাকার পরিবহন ব্যয় খানিকটা বেশি।
এসব কারণ জানতে পারলে স্বয়ং পিথাগোরাসও যে মন্ট্রিয়ল যাওয়ার খায়েশ বাদ দিয়ে ঢাকায় বসবাস শুরু করতেন, এটা নিশ্চিত। তাহলে আপনি কোন সাহসে মন্ট্রিয়ল যাওয়ার চিন্তা করছেন? তাই ওসব চিন্তা বাদ দিয়ে আসুন, সবাই ঢাকা শহরে গ্যাঁট হয়ে বসবাস শুরু করি এবং জীবনযাত্রার ব্যয় আরও বাড়াতে থাকি।