মন্থন পুরস্কার জিতল বাংলাদেশের ই-টিউনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ই-টিউনস অ্যান্ড্রয়েড অ্যাপ
ই-টিউনস অ্যান্ড্রয়েড অ্যাপ

দক্ষিণ এশিয়ার তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও উদ্ভাবকদের নানা উদ্যোগ নিয়ে প্রতিযোগিতামূলক পুরস্কার ‘মন্থন অ্যাওয়ার্ড’। পুরস্কারটি দিয়ে থাকে ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ)। মন্থন পুরস্কারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর প্রতিযোগিতার নয়টি বিভাগে বিজয়ী হয়েছে ১৭টি প্রকল্প। যার মধ্যে রয়েছে বাংলাদেশের একটি প্রকল্প। সংস্কৃতি ও পর্যটন বিভাগে পুরস্কারটি জিতেছে এসএসএল ওয়্যারলেস লিমিটেডের ‘ই-টিউনস’ নামের উদ্যোগ।
ই-টিউনস সম্পর্কে এসএসএলের টেলিকম সার্ভিসেসের প্রধান সাকিব আর খান বলেন, ই-টিউনসে ২০ হাজারের বেশি গান রয়েছে। বাংলাদেশের সংগীত ও শিল্পীদের বাঁচাতে এবং পাইরেসি বন্ধে কাজ করে এই প্রকল্প।
মন্থন পুরস্কারের ১৭টি বিজয়ী প্রকল্প ছাড়াও ‘অনারেবল মেনশন’ পেয়েছে ৭টি উদ্যোগ। এ বছর পুরস্কারের জন্য দক্ষিণ এশিয়ার আটটি দেশ থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছিল ২৯৬টি প্রকল্প। স্ক্রিনিং ও ভার্চ্যুয়াল জুরি সেখান থেকে ৬৫টি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করে। গত ২৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ২০১৬-১৭ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মন্থন পুরস্কারে বাংলাদেশ থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছিল ২৫টি প্রকল্প। যার মধ্যে ছিল ‘ব্র্যাক-মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’ বিজয়ী ১৪টি প্রকল্প। বেসরকারি সংস্থা ব্র্যাক ও ডিইএফের উদ্যোগে গত বছর ৮ অক্টোবর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সাতটি বিভাগে এই ১৪টি প্রকল্প বিজয়ী হয়।