মন্থন পুরস্কার পেল বাংলাদেশের ১০টি উদ্যোগ
তথ্যপ্রযুক্তি খাতে ভারভিত্তিক পুরস্কার ‘দ্য মন্থন অ্যাওয়ার্ড ২০১১’ পেয়েছে বাংলাদেশের ১০টি প্রকল্প। ‘উন্নয়নের জন্য ডিজিটাল ইনক্লুশন’ স্লোগানে অনুষ্ঠিত এবারের আয়োজনে ১৪ বিভাগে ১০টি পুরস্কার পেয়েছে বাংলাদেশ।বিজয়ী প্রকল্পগুলো হচ্ছে: ইনফোলেডি বাংলাদেশ (ই-কৃষি ও জীবনযাপন), আমার দেশ আমার গ্রাম (ই-বিজনেস), বিবিসি জানালা ও এস্টাবলিশমেন্ট অব কম্পিউটার ল্যাবস ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস (ই-শিক্ষা), হালদা রিভার: এ ন্যাচারাল ফিশ স্পুনিং হেরিটেজ অব বাংলাদেশ (ই-এনভায়রনমেন্ট), ব্র্যাক এমপাওয়ার এম হেলথ (ই-হেলথ), ট্রান্সফরমার প্রটেকশন ফ্রম আন-অথরাইজড পারসন (ই-সায়েন্স), নিকস ফন্ট ও কনভার্টার (ই-লোকালাইজেশন) এবং ন্যাশনাল ডেটা সেন্টার ও অ্যাপরেইন কন্টেন্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক (ই-অবকাঠামো)। এর মধ্যে ইনফোলেডি কার্যক্রমের মাধ্যমে উপজেলা পর্যায়ে তথ্যপ্রযুক্তির সাহায্যে তথ্য পৌঁছানোর জন্য কাজ করছে অ্যাক্টিভিটি ফর রিফরমেশন অব বেসিক নিডস (আরবান)। আমার দেশ আমার গ্রাম পরিচালনা করছে ফিউচার সলিউশন ফর বিজনেস লিমিটেড, বিবিসি ওয়ার্ল্ড ট্রাস্টের বিবিসি জানালা ইংরেজি শিক্ষা কার্যক্রম প্রসারে কাজ করছে। বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, হালদা নদী ও নদীর মাছ সংরক্ষণ কার্যক্রমে তথ্যপ্রযুক্তি ব্যবহার বাড়ানোর জন্য হালদা রিভারস ওয়েবসাইট প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড প্রান্তিক পর্যায়ে মোবাইল স্বাস্থ্যসেবা পৌঁছানোর কাজ করছে। ট্রান্সফরমার চুরি রোধে বিশেষ প্রযুক্তি তৈরি করেছেন প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয় নিকস ইউনিকোড ফন্ট ও কনভার্টার তৈরি করেছে। ন্যাশনাল ডেটা সেন্টারের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, মুক্ত সোর্স কন্টেন্ট ব্যবস্থাপনা তৈরি করেছে অ্যাপরেইন। ২ ডিসেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। বিস্তারিত জানা যাবে www.manthanaward.org ঠিকানার ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরী