মন্থনে নয়টি পুরস্কার পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বিভিন্ন উদ্যোগের জন্য ভারতভিত্তিক পুরস্কার ‘মন্থন পুরস্কার-২০১০’-এ বাংলাদেশের নয়টি উদ্যোগ পুরস্কৃত হয়েছে। ১৫টি বিভাগে মোট ৫০টি পুরস্কারের মধ্যে বাংলাদেশ পেয়েছে নয়টি পুরস্কার। বাংলাদেশি উদ্যোগগুলোর হাত ধরে মূল পুরস্কার এসেছে চারটি, বিচারকমণ্ডলীর সম্মানসূচক একটি এবং বিশেষ সম্মাননা পুরস্কার এসেছে চারটি। পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলোর মধ্যে সরকারি, বেসরকারি খাতের উদ্যোগ রয়েছে। মন্থন পুরস্কারের আনুষ্ঠানিক ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। শুক্র ও শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির দি পার্কল্যান্ড এক্সোটিকায় মন্থন পুরস্কারের চূড়ান্ত আয়োজন করা হয়। শনিবার সপ্তম মন্থন পুরস্কার-২০১০ বিতরণ করা হয়। এ সময় পুরস্কার প্রদান কমিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ওসামা মনজুর জানান, ১৫টি বিভাগে দক্ষিণ এশিয়ার আটটি দেশ থেকে এবার রেকর্ডসংখ্যক ৪৩৪টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছিল ৭৭টি উদ্যোগ। বাংলাদেশের চারটি উদ্যোগ মন্থনের মূল পুরস্কার পেয়েছে। ই-বিজনেস এবং এন্টারপ্রাইজ বিভাগে কেয়ার বাংলাদেশের ‘তথ্যতরী’ ও বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের মোবাইল এসএমই (www.msme.com.bd) পুরস্কার পেয়েছে। ‘ই-এনভায়রনমেন্ট’ বিভাগে ইউএনডিপির কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের (সিডিএমপি) মোবাইল ফোন দিয়ে দুর্যোগের পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) জাহাজভাঙা শিল্পসংশ্লিষ্ট প্রকল্প পুরস্কার পেয়েছে। বিচারকমণ্ডলীর বিশেষ সম্মানসূচক পুরস্কার পেয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের ডিজিটাল আখ ক্রয়ব্যবস্থা ই-পুর্জি। বিভিন্ন বিভাগে বাংলাদেশের যে চারটি প্রকল্প বিশেষ সম্মাননা পেয়েছে, সেগুলো হলো—সিডিএমপির দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যের নেটওয়ার্ক পোর্টাল, বাংলাদেশ টেকনোলজিসের বাংলা ক্যালকুলেটর, ইপসা ও আইআরসিডির ডেইজি ডিজিটাল টকিং বুকস অ্যান্ড ডিজিটাল টকিং ড্রামা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাগজহীন ভর্তি ব্যবস্থাপনা প্রক্রিয়া। এ ছাড়া বাংলাদেশের আরও চারটি প্রকল্প মন্থন পুরস্কারের জন্য চলতি বছর চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল। সেগুলো হলো—মোবাইল ফোন স্বাস্থ্যসেবা, আমাদের গ্রাম ব্রেস্ট কেয়ার ই-হেলথ কর্মসূচি, নোয়াখালী ওয়েব এবং বিজ্ঞানী ডট কম। ২০০৩ সালে মন্থন পুরস্কার প্রবর্তন করা হয়। বিস্তারিত জানা যাবে www.manthanaward.org ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক