মরক্কোয় পাত্রপাত্রী খোঁজার সাইট জনপ্রিয় হচ্ছে
উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ছেলেমেয়েদের বিয়ে হয় সাধারণত পারিবারিকভাবে। বাবা-মা ও অভিভাবকেরাই ছেলেমেয়েদের বিয়ে ঠিক করে থাকেন। কিন্তু ইন্টারনেটের কল্যাণে বিয়ের বিষয়টা এখন আর বাবা-মায়ের হাতে থাকছে না। তরুণ-তরুণীরা ইন্টারনেটে খুঁজে নিচ্ছে জীবনসঙ্গীকে। বিয়েসংক্রান্ত একটি ওয়েবসাইট তাদের এ সুযোগ করে দিচ্ছে। ওয়েবসাইটটির ঠিকানা (www.soukzouaj.ma)। ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা ইয়াসির নেজ্জার জানান, ২০১০ সালের জুনে সাইটটি তৈরি করা হয়েছে। এখন প্রতিদিন প্রায় দুই হাজার ৬০০ মানুষ এতে প্রবেশ করে। এদের দুই-তৃতীয়াংশই নারী। এই ওয়েবসাইটে রয়েছে একটি মানচিত্র, যা মরক্কোকে ১৬ ভাগে বিভক্ত করেছে। ব্যবহারকারীরা তাদের পছন্দসই অংশ থেকে খোঁজা শুরু করতে পারে। নেজ্জার জানান, এ পর্যন্ত ওয়েবসাইটটিতে এক হাজার ৬৭০টি পোস্ট এসেছে নারীদের কাছ থেকে। আর পুরুষদের কাছ থেকে এসেছে ৮৭০টি পোস্ট। আমার কাছে মনে হচ্ছে, ছেলেদের চেয়ে মেয়েরা অনেক বেশি সাহসী। মরক্কোর সমাজের পর্যবেক্ষকেরা বিয়েসংক্রান্ত এই ওয়েবসাইটকে যোগাযোগের নতুন মাধ্যম হিসেবে দেখছে। দেশটির একজন সমাজবিজ্ঞানী সোমায়া নামানে বলেন, ‘আজকাল মেয়েদের চাহিদা বাড়ছে। তারা এমন স্বামী চায় যে তাদের ভালোবাসবে, তাদের সম্মান করবে, তাদের স্বামীরা বাবা-মায়ের দ্বারা প্রভাবিত হবে না এবং তাদের শ্বশুরবাড়ি থেকে দূরে আলাদাভাবে বসবাস করার সুযোগ দেবে।’ সম্প্রতি সরকারি এক হিসাবে দেখা গেছে, মরক্কোর তিন কোটি ২০ লাখ লোকের মধ্যে এক কোটি ৩০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান