
বিশ্বের অর্থনৈতিক ও সামরিক ক্ষমতার অন্যতম কেন্দ্র যুক্তরাষ্ট্র। ‘আমেরিকান স্বপ্নের’ আবেশে প্রায় ১০০ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ বৈধ-অবৈধ পথে পাড়ি জমিয়ে চলেছেন দেশটিতে। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও অনেক অভিবাসী বেশি আয়ের আশায় থেকে যেতে চান দেশটিতে। অবৈধ অভিবাসীদের তাড়াতে গিয়ে যুক্তরাষ্ট্র ব্যয় করছে বিপুল অর্থ। এ যেন ‘মশা মারতে কামান দাগা’।
সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দি ইকনোমিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা এখন প্রায় এক কোটি ১৭ লাখ। প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার ২০১৩ সালে বিতাড়িত করেছে প্রায় তিন লাখ ৬৯ হাজার অবৈধ অভিবাসীকে। পরিসংখ্যান বলছে, ওবামার শাসনামলে বিতাড়িতদের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।
অভিযোগ উঠেছে, যে প্রক্রিয়ায় অভিবাসীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেটি অমানবিক ও অপমানজনক। কারণ, এসব অভিবাসীকে তাড়িয়ে দেওয়া হচ্ছে একেবারে খালি হাতে—অর্থকড়ি ছাড়া, পরিবার ও বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন করে। এমন সব ব্যক্তিকে তাড়ানো হচ্ছে, যাঁরা বহু বছর (২০ বছরেরও বেশি) ধরে দেশটিতে কাজ করছিলেন আর এত দিনে তাঁরা ইংরেজি ছাড়া বাকি ভাষাও ভুলে গেছেন।
এসব অবৈধ অভিবাসীর বেশির ভাগই যুক্তরাষ্ট্রের বিভিন্ন খামার, কারখানা ও পরিচ্ছন্নতা প্রতিষ্ঠানে কাজ করেন। বাকিরা বিভিন্ন ধরনের ছোট কাজ করে দিন গুজরান করেন। তবে এঁদের সস্তা শ্রমটা ব্যয় হয় মার্কিন সমাজের কল্যাণেই। তবুও দেশটির রাজনৈতিক বড় দুই দলের চাপে এ বিতাড়নপ্রক্রিয়া দিন দিন জোরদার হচ্ছে। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন আইন প্রণীত হয়। সে সময় রিপাবলিকান পার্টির নেতারা ওই উদ্যোগ নিয়েছিলেন।
এরপর বিভিন্ন সময়ে এটিকে কঠোরতর করা হয়েছে। শুরুতে অবৈধ উপায়ে থেকে যাওয়া ব্যক্তিদের মধ্যে যাঁরা অপরাধী, কেবল তাঁদেরই তাড়ানো হতো। পরে এমন করে আইন করা হয়, যাতে অনেক বেশি অভিবাসীকে বিভিন্ন অজুহাতে অপরাধী দেখানো যায়। আর ওবামার ডেমোক্রেটিক পার্টির সরকার এমনভাবে আইনের সংস্কার করেছে, যাতে অপরাধ করার বহু বছর পরও কোনো ব্যক্তিকে দোষী দেখানো সম্ভব হয়। এ প্রসঙ্গে দেশটির মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের কর্মকর্তা ডরিস মিসনার দ্য ইকনোমিস্টকে বলেন, এখন হয়তো আপনার বয়স ৪০ কিংবা ৫০ বছর। ২০ বছর বয়সে আপনি গাঁজা সেবনের দায়ে শাস্তি পেয়েছিলেন। এখন (নতুন আইনে) ওই কারণ দেখিয়ে এত বছর পরও আপনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে।
কার্যত ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা হওয়ার পর অবৈধ অভিবাসীদের তাড়ানোর জন্য নতুন উদ্যোগ শুরু হয়। ২০১২ সালে দেশটির কেন্দ্রীয় সরকার বিভিন্ন অপরাধ দমনে ১৪ দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করে। অথচ কেবল অভিবাসীদের তাড়াতে ব্যয় হয় ১৭ দশমিক ৯ বিলিয়ন ডলার। অভিবাসীদের তাড়াতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) নামে ঠিকাদারি একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও উঠেছে নানা অনিয়মের অভিযোগ। তা ছাড়া আটক করা বিপুল অবৈধ অভিবাসীর বিচারের জন্য আদালতের ওপরে তৈরি হচ্ছে বিশাল চাপ। গড়ে প্রত্যেক বিচারকের আদালতে পাঁচ হাজার মামলা ঝুলে আছে। এ ছাড়া ২০১২ সালের একটি হিসাব বলছে, সে বছর বিচারাধীন অভিবাসীদের আটকে রাখার জন্য সাকল্যে খরচ হয়েছিল দুই হাজার কোটি ডলার এবং জনপ্রতি পাঁচ হাজার ডলার।
অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে এটা যেমন সত্য, তেমনি বিতাড়ন যে সঠিক উপায়ে হচ্ছে না, সে ব্যাপারেও সবাই একমত। ফ্যামিলিজ ফর ফ্রিডম নামে মার্কিন একটি সংস্থা বলছে, জোর করে বিতাড়িত না করে সরকারকে এমন উদ্যোগ নিতে হবে, যাতে অবৈধ অভিবাসীদের জন্মভূমির সরকার তাঁদের ফেরত নিতে ও পুনর্বাসিত করতে রাজি হয়। তবে একটি বিষয় পরিষ্কার, যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান বিতাড়নে যুক্ত, তাদের পোয়াবারো।
এদিকে হুট করে বিতাড়িত হয়ে অভিবাসীরা যেসব সমস্যার কবলে পড়ছেন, সেগুলো যত না অর্থনৈতিক, তার চেয়ে ঢের বেশি সামাজিক। বিশেষজ্ঞরা বলছেন, এসব মানুষ ও তাঁদের পরিবার কাজকর্ম হারিয়ে হঠাৎ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। বহুদিন পর মাতৃভূমিতে ফিরে বেশির ভাগের কপালেই কাজ জুটছে না। মেক্সিকোয় দেখা গেছে, এসব ভাগ্যাহত ব্যক্তিরা কেবল পেটের দায়ে প্রশিক্ষণহীন অবস্থায় বিপজ্জনক কাজে যুক্ত হচ্ছেন। পরিবার হারিয়ে বিতাড়িত অভিবাসীরা যে মানসিক ও সামাজিক যন্ত্রণায় ভুগছেন, সেটির অর্থনৈতিক মূল্য বোধ হয় পরিমাপ করার সময় এসেছে।
গোলাম মুর্শেদ