মশাদের দুনিয়া থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের মতো মশাদেরও নিশ্চয়ই একটা আলাদা ভুবন আছে। কেমন সেটা? নিরাপদ দূরত্বে থেকে উঁকি দিয়ে সেটা দেখে রস‍+আলোর জন্য লিখেছেন কাসাফাদ্দৌজা নোমান

.
.

মশাদের ফুড রিভিউ
ডার্ক রেড সল্টি ব্লাড
টেস্ট: ৮/১০
পরিবেশন: ১০/১০
পরিবেশ: ২০/১০
সুবিধা: কয়েল বা অ্যারোসল দিয়ে হামলা করার আশঙ্কা নেই

সাবধানতা: অতর্কিত হাত দিয়ে হামলা হতে পারে

এই মেন্যুটির সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে কয়েল বা অ্যারোসলের মতো বিধ্বংসী কিছু দিয়ে আক্রমণ করার আশঙ্কা নেই। তাই আয়েশ করে বসে খাওয়া যায়। ভদ্রলোক অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে শুয়ে থাকেন। খুব বিরক্ত না হলে হাতও চালান না ক্লান্তির কারণে। তাই দীর্ঘক্ষণ গল্প করতে করতে খাওয়া যায়। এ জন্য খাওয়ার সময় ভদ্রলোককে বিরক্ত না করাই ভালো। আর একান্তই যদি উপায় না থাকে, তাহলে সাবধানতা অবলম্বন করুন। টেস্টের কথা বললে, এককথায় অসাধারণ! ঢাকার অন্য সবগুলোর মতো না। কড়া লবণ দেওয়া থাকে বলে সব সময় ভালো লাগে। তা ছাড়া খাবার সব সময় ফ্রেশ থাকে।

এই জায়গাটার আরেকটা সুবিধা হলো পরিবেশ। আমাদের জন্য একেবারে জুতসই। ঘরের ভেতরে দুটি ফুলের টব রয়েছে। এ ছাড়া ময়লা কাপড়গুলো সব ফ্লোরে রাখা থাকে দিনের পর দিন। চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেটও থাকে। চাইলে খেয়ে একটা রক্তঘুম দেওয়া যায়। টেস্ট করতে চলে আসুন, সেলফি তুলতে আর চেক ইন দিতে ভুলবেন না।

.
.

মশাদের প্রতিবাদ
প্রিয় জাতিসংঘ মহাসচিব,
এ দেশে শান্তি নেই! কিছু ক্ষমতাবান ব্যক্তি দুর্বলদের রক্ত চুষে নিচ্ছেন। আমরা ভুগছি খাদ্যসংকটে! কিছু একটা করুন!
আমাদের প্রাণে বাঁচান।
বিনীত
বাংলাদেশ মশক গোষ্ঠী

.
.

মশাদের পত্রিকার খবর
ছারপোকা-মশার মুখোমুখি সংঘর্ষ
নিজস্ব মশাবেদক
দুষ্কৃতকারী কিছু ছারপোকার হাতে মার খেল নিরীহ কিছু মশা। আহত মশার সংখ্যা সাত। ঘটনাটি ঘটে গতকাল রাত দেড়টা নাগাদ, গমমন্ডির ৯ নম্বর সড়কের এক ব্যাচেলর মেসে। বিশ্বাসযোগ্য সূত্রে জানা যায়, কে আগে খাবে—এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা পরে রক্তক্ষয়ী এক সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টা নাগাদ মশারা রক্ত খেতে এসে দেখে, একদল ছারপোকা রক্তে ভাগ বসিয়েছে। ছারপোকাদের সরে যেতে বললে, তারা সরে না গিয়ে উল্টো মশাদের গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
মশারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ছারপোকারা চুক্তির নিয়ম ভঙ্গ করে সেদিন সেখানে উপস্থিত ছিল। দিবাগত রাত বারোটার সময় তাদের স্থানটি ত্যাগ করার কথা থাকলেও সেটা তারা করেনি। আমরা মামলা করব।’ ছারপোকাসমাজ এর জবাবে পাল্টা বলে, ‘মশাদের এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।’