মস্তিষ্ক নিয়ন্ত্রণ করবে রোবট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বিজ্ঞানীরা শুধু মস্তিষ্কের সাহায্যেই দূরবর্তী স্থানে অবস্থানরত রোবট নিয়ন্ত্রণ করার প্রযুক্তি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। আর এটি আবিষ্কার করেছেন সুইজারল্যান্ডের ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির একদল বিজ্ঞানী। জেমস ক্যামেরনের অ্যাভাটার ছবির ঘটনাকে তারা অনেকটাই বাস্তবে রূপ দিতে যাচ্ছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত এই রোবট সবচেয়ে বেশি কাজে আসবে নড়াচড়ায় অক্ষম বা প্যারালাইজড রোগীদের জন্য। এর আগেও এ-জাতীয় রোবট তৈরির চেষ্টা করা হয়েছে। কিন্তু সেসব ক্ষেত্রে রোবট চালানোর জন্য চালককে নড়াচড়ায় সক্ষম হতে হয় অথবা ব্রেইন ইমপ্ল্যান্টের মাধ্যমে রোবটকে নির্দেশ পাঠাতে হয়। কিন্তু এবারই প্রথম নড়াচড়ায় অক্ষম ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রণযোগ্য রোবট আবিষ্কৃত হলো।বিজ্ঞানীরা দেখিয়েছেন, কীভাবে একটি সাধারণ টুপি ব্যবহার করে মার্ক-অ্যান্ডর নামের এক রোগী প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি রোবট নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। মার্ক পড়ে গিয়ে পা ও আঙুল নাড়ানোর ক্ষমতা হারিয়েছেন। তবে তিনি কেবল আঙুল নাড়ানোর চিন্তা করেছেন। তাঁর এই চিন্তা বা ইলেকট্রিক্যাল সিগন্যালটিই হাসপাতালের একটি ল্যাপটপের সাহায্যে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি শহরের রোবটকে তাঁর আঙুল নাড়ানোর নির্দেশ পাঠিয়েছে। তিনি জানিয়েছেন, আঙুল নাড়ানোর কথা চিন্তা করা খুব একটা কঠিন কিছু ছিল না। তবে কোনো কারণে ব্যথা থাকলে মনোযোগ সৃষ্টি করা একটু কঠিন হয়ে পড়ে।রোবটকে দিয়ে কোনো কাজ করানোর সময় মাথায় অন্য কোনো চিন্তা আসলেই নির্দেশে বাধা পড়বে এবং রোবট হয়তো দ্বিধায় পড়ে যাবে। আর তখনই সিগন্যাল ডিগ্রেড হয়ে যাবে। তবে এসব ছোটখাটো সমস্যা থাকলেও অনেকেই ধারণা করছেন, খুব শিগগিরই হয়তো অ্যাভাটার ছবির ঘটনা বাস্তবে রূপ নেবে। —ইয়াহু নিউজ অবলম্বনে প্রদীপ সাহা