মস্তিষ্কের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে প্রযুক্তি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, মানুষের মনোসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তি মানুষের জন্য নানা উপহার নিয়ে এসেছে আর নতুন নতুন প্রযুক্তিগুলো কেড়ে নিচ্ছে মানুষের মনোযোগ।মোবাইল ফোনের কথাই ধরা যাক। আজকাল বন্ধুর সঙ্গে সামান্য কথা বলতেও মোবাইল ফোন থেকে কল করেন অনেকেই। অনেকেই আবার টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের অভ্যস্ততা তৈরি করেছেন। গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কোনো মেইল বা নটিফিকেশন কাজের মনোযোগ কেড়ে নিচ্ছে। কিন্তু মনোযোগ হারিয়ে ফেলার অন্য কোনো কারণ আছে কি? শুধু একটি ফোন কল বা একটি মেইলই কী মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারে? মনোসংযোগে ব্যাঘাতের ফলে আমাদের কাজের প্রতি অনীহা তৈরি হতে পারে কী? যুক্তরাষ্ট্রের কার্নেলি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তাঁদের বক্তব্য হচ্ছে প্রযুক্তির ব্যবহার মানুষের মনোসংযোগে ক্রমাগত ব্যাঘাত ঘটাচ্ছে।
মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলার ক্ষেত্রে ইলেট্রনিক পণ্যগুলোর ভূমিকা নিয়ে গবেষকেদের মধ্যে বিতর্ক রয়েছে। গবেষকেরা মনে করেন, একসঙ্গে একাধিক কাজ করলে মস্তিষ্কের পক্ষে কোনো কাজই ঠিকমতো করা সম্ভব হয় না।
অনেক ক্ষেত্রে দেখা যায়, বর্তমান সময়ে প্রযুক্তি পণ্য ব্যবহারকারীর কাছে ই-মেইল, টেক্সট বার্তা, ফেসবুক ও আলোচনার বিষয়গুলো একসঙ্গেই আসে। এ ধরনের ক্ষেত্রে মস্তিষ্ক কোনো কাজেই মনোসংযোগ করতে পারে না। অবশ্য একটি কাজ থেকে আরেকটি কাজে মস্তিষ্ক যখন দ্রুত মনোসংযোগ করতে যায় তখন মনোযোগের ঠিক কতোটা ক্ষতি হয়, সে বিষয়ে সঠিক কিছু জানতে পারেননি গবেষকেরা।
তবে গবেষকেরা জানিয়েছেন, অফিসে কাজের সময় প্রতি ১১ মিনিট অন্তর কাজের মনোসংযোগে বিঘ্ন ঘটে। কিন্তু একবার মনোসংযোগ বিঘ্ন হলে আবার মনোসংযোগ ফিরিয়ে আনতে গড়ে ২৫ মিনিট সময় লাগে।
গবেষকেরা পরীক্ষা চালিয়ে দেখেছেন, মনোসংযোগ করতে না পারলে কাজের ক্ষেত্রে সমস্যা হয়। তবে মনোসংযোগ ধরে রাখতে নিজেকে প্রশিক্ষণ দিতে পারলে বা মনোসংযোগে ব্যাঘাত ঘটার বিষয়গুলো এড়িয়ে যেতে পারলে কাজে সমস্যা হয় না।