মহাকাশ থেকে মর্ত্যে নামবে ‘মাস ইফেক্ট ৩’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাস ইফেক্ট ৩’ স্পেস এডিশন গেমটি বাজারে আসবে ৬ মার্চ। কিন্তু এর আগেই গেমটির কিছু কপি কিছু সৌভাগ্যবান ভক্তদের কাছে পৌঁছানোর এক বিচিত্র উদ্যোগ নিয়েছে মাস ইফেক্ট গেম নির্মাতা প্রতিষ্ঠানটি। এটি একটি প্রচারণাও বটে। এ প্রচারণার অংশ হিসেবে মহাকাশ থেকে পৃথিবীতে পাঠাতে মহাশূন্যের স্ট্র্যাটোস্ফিয়ার থেকে গেমের কপিগুলো ওয়েদার বেলুনে করে পৃথিবীর উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রথমে ওয়েদার বেলুনে করে গেমের কপিগুলোকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত নেওয়া হচ্ছে। এরপর সেখান থেকে বেলুন ফুটো করে তা ছেড়ে দেয়া হচ্ছে। কপির সঙ্গে থাকছে জিপিএস ডিভাইস। মর্ত্যে বা পৃথিবীতে থাকা এ গেমটির ভক্তদের বিষয়টি আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। ফলে গেম ভক্তরা শূন্য থেকে বেলুনে চেপে নেমে আসা এ গেমের আগাম কপির তালাশে জিপিএস পদ্ধতির সহায়তা নিয়ে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন। উত্সাহীরা এ গেমের কপির সঙ্গে থাকা জিপিএস ডিভাইসটি ট্র্যাক করে তা ঠিক কোথায় পড়ছে সে অবস্থান জানতে পারবেন। প্রথমে দুটি কপি স্যান ফ্রান্সিসকোর সমুদ্রসৈকত এলাকা থেকে ছাড়া হয়েছিল। ইয়াহু জানিয়েছে, গেমের দুটি কপির একটি গভীর অরণ্যে পড়ে আর অন্যটি ১৫০ ফুট উঁচু একটি গাছের শাখায় আটকে যায়। গেমাররা অনেক চেষ্টা করেও গেমের কপির নাগাল পাননি বলেই মাস ইফেক্টের ফেসবুক পাতায় জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের লাস ভেগাস, নিউইয়র্ক, যুক্তরাজ্যের লন্ডনের পর এবার জার্মানির বার্লিনে এ প্রচারণা চালাচ্ছে ইলেকট্রনিক আর্টস।