মহাকাশ ভ্রমণে যাচ্ছেন পিট-জোলি-কুচার (ভিডিও)
মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা পেতে চান ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, অ্যাস্টন কুচারের মতো তারকারা। সম্প্রতি এজন্য তাঁরা নামও লিখিয়েছেন বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের ব্যবসা পরিচালনাকারী ভার্জিন গ্যালাক্টিকের সঙ্গে। অবশ্য প্রথম মহাকাশ ভ্রমণে যাচ্ছেন সপরিবারে ভার্জিন গ্যালাক্টিকের প্রধান স্যার রিচার্ড ব্র্যানসনও। ছেলে স্যাম ও মেয়ে হোলিকে নিয়ে ব্র্যানসন গ্যালাক্টিকের প্রথম মহাকাশ যাত্রায় যাবেন। স্পেসশিপ ২ (এসএস২) নামের একটি নভোযানে আগামী বছরের শেষ দিকে মহাকাশ ভ্রমণের এ বাণিজ্যিক যাত্রা শুরু হতে যাচ্ছে। প্রথম ভ্রমণে ভার্জিন গ্যালাক্টিকের প্রধান হিসেবে ব্র্যানসন ও তাঁর পরিবার, হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি, তারকা অ্যাস্টন কুচারসহ বেশ কিছু বিত্তশালী তালিকাও মহাকাশ ভ্রমণে যাচ্ছেন।ভার্জিন গ্যালাক্টিকের প্রথম যাত্রায় মহাকাশে দুই ঘণ্টায় ৬০ মাইল ভ্রমণের সুযোগ পাবেন ভ্রমণকারীরা। ইতিমধ্যে গ্যালাক্টিকের সঙ্গে ৫২৯ জন চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতিটি টিকিটের দাম এক লাখ ২৮ হাজার পাউন্ড। দুজন চালক ও ছয়জন যাত্রীসহ মহাকাশে উড়বে এসএস২। যাত্রীদের মহাশূন্যের ওজনহীনতার অভিজ্ঞতা পাইয়ে দিয়ে আবারও পৃথিবীতে ফিরে আসবে এসএস২।