মহাকাশে দীর্ঘ ভ্রমণে চোখ ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন মহাকাশে অবস্থান করা নভোচারীদের ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং (এমআরআই) পরীক্ষা করে ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল স্কুলের গবেষকরা দেখেছেন যে, দীর্ঘ মহাকাশ যাত্রায় মস্তিষ্কে চাপ পড়ে। এর ফলে চোখের ক্ষতি হতে পারে; এমনকি মস্তিষ্কেও অস্বাভাবিকতা দেখা দিতে পারে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘রেডিওলজি’ সাময়িকীতে। ল্যারি ক্রেমারের নেতৃত্বে গবেষক দল ৩০ দিনের বেশি সময় মহাকাশে কাটিয়ে এসেছেন এমন ২৭ জন নভোচারীকে পরীক্ষা করে দেখেছেন, দীর্ঘদিন ওজনহীন পরিবেশে থাকার ফলে নভোচারীদের সেরেব্রাল স্পাইনাল ফ্লুইডের (সিএসএফ) স্থানটি বেড়ে গেছে, চোখের পেছনের অংশ স্ফীত হয়ে গেছে। এমনকি পিটুইটারি গ্রন্থির পরিবর্তনও লক্ষ্য করেছেন তাঁরা। মহাকাশ ভ্রমণের সময় নভোচারীদের স্বাস্থ্যের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে খেয়াল করা হয়। কারণ ওজনহীন পরিবেশে দীর্ঘদিন বাস করার ফলে তার অস্থি মজ্জা কমে যেতে পারে ও তেজস্ক্রিয়তায় আক্রান্ত হবার ঝুঁকিতে থাকেন তাঁরা। মঙ্গল অভিযানে নভোচারীদের দীর্ঘদিন মহাকাশ পাড়ি দিতে হবে। তাই গবেষণার এ ফল দেখে বিষয়টি আরো পর্যবেক্ষণ করছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।নাসার জনসন স্পেস সেন্টারের বিশেষজ্ঞ উইলিয়াম ট্রাভার জানিয়েছেন, গবেষণার ফল সন্দেহজনক হলেও এক্ষেত্রে এখনই সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। নাসা এ সমস্যাটিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং বিষয়টি নিয়ে আরো গবেষণা করছে।