চলতি বছর শূন্য অভিকর্ষে (জিরো গ্রাভিটি) ছাত্র-ছাত্রীদের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিচ্ছে জাপান। কয়েকটি দেশের যৌথ উদ্যোগে মহাশূন্যে স্থাপিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জাপানের কিবো মডিউল রয়েছে। চলতি বছর জাপানের যে নভোচারী কিবোতে শূন্য অভিকর্ষে অবস্থান করবেন, সেখানে তিনি ছাত্র-ছাত্রীদের করা প্রশ্নের উত্তর খোঁজা বা ধারণা (আইডিয়া) পরীক্ষা-নিরীক্ষা করবেন। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাধ্যমে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ‘ট্রাই জিরো-জি’ প্রতিযোগিতার জন্য প্রশ্ন বা ধারণা আহ্বান করেছে। ১১ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। বিস্তারিত: http://goo.gl/Lvyfj6।
যারা শূন্য অভিকর্ষে তাদের ধারণা বাস্তবায়ন করতে আগ্রহী, তাদের অবশ্যই প্রশ্ন পাঠাতে হবে। সেখান থেকে বাছাই করা প্রশ্ন জাপানি নভোচারী কিমিয়া উইয়ের কাছে পাঠানো হবে। তিনি চলতি বছরের মাঝামাঝি সময়ে কিবো পরিদর্শন করতে যাবেন। এমন ধারণা পাঠাতে হবে, যেগুলো পরীক্ষার উপকরণ হতে পারে—ইয়ো-ইয়ো, মেজারিং টেপ (প্রায় দুই মিটার), অরিগামি পেপার, রাবার ব্যান্ড (দুই মিটার), স্প্রিং স্কেল, ধাতব মুদ্রা, বাটখারা (অ্যালুমিনিয়াম, লোহা, কাঠ বা প্লাস্টিক), কনস্টেলেশেন বোর্ড, স্ট্র, তুলি, কম্পাস, কাগজ, কলম, কাঁচি, রুলার, বাইন্ডার ক্লিপ, জিপ-লক ব্যাগ, স্ক্রু ড্রাইভার, রেঞ্জ, আয়না ইত্যাদি। যাদের প্রশ্ন বা ধারণা নির্বাচিত হবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আগামীকাল ২২ জানুয়ারির বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার বরাবর প্রশ্ন পাঠাতে হবে। ই-মেইল: [email protected]। ফোন: ০১৯২০৩০১৭৩৬। —বিজ্ঞপ্তি