মহাকাশে নেট-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আতিকুজ্জামান। ছবি: খালেদ সরকার
মোহাম্মদ আতিকুজ্জামান। ছবি: খালেদ সরকার

ভিজিটিং কার্ডটা দি ইউনিভার্সিটি অব ওকলাহোমার। এটি যাঁর, তিনি মোহাম্মদ আতিকুজ্জামান। ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক। তবে যে পদে চাকরি করেন, সেটা দেখে আটকে যায় চোখ। ‘গেলর্ড প্রেসিডেন্সিয়াল প্রফেসর, স্কুল অব কম্পিউটার সায়েন্স’। প্রেসিডেন্সিয়াল অধ্যাপক মানে কী? আতিকুজ্জামান একটু হেসে বলেন, ‘প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক পার হয়ে পুরো অধ্যাপক হতে ওখানে ১০ বছরের মতো সময় লাগে।’ অধ্যাপক হিসেবে যাঁদের অভিজ্ঞতা আরও বেশি দিনের হয়ে যায়, তাঁদের সম্মান দেওয়ার জন্য এ ধরনের পদবী দেওয়া হয়।
মোহাম্মদ আতিকুজ্জামান মূলত গবেষক। তাঁর এখনকার গবেষণা ইন্টারনেট নিয়ে। তবে তা অন্যমাত্রার ইন্টারনেট। মহাকাশের সঙ্গে ইন্টারনেট সংযোগ নিয়ে কাজ করছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড কোনো এলাকায় দ্রুত ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন নিয়ে করেছেন সফল গবেষণা। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম আলো কার্যালয়ে কথা হয় এই গবেষকের সঙ্গে।

সিমমা প্রটোকলে কাজের ধারা
সিমমা প্রটোকলে কাজের ধারা

মহাকাশের সঙ্গে নেট যোগাযোগ

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অনেক যান আছে মহাকাশে, আছে কৃত্রিম উপগ্রহ, মানে স্যাটেলাইটও। ভূপৃষ্ঠ থেকে এগুলোর সঙ্গে যোগাযোগের জন্য আছে তারহীন বিশেষ সংযোগব্যবস্থা, যা সহজও নয়, সাশ্রয়ীও নয়। মোহাম্মদ আতিকুজ্জামানের নেতৃত্বে ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা করছেন মহাকাশের সঙ্গে ইন্টারনেট সংযোগ স্থাপন নিয়ে। ‘ইন্টারনেট হলে মহাকাশযান ও স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ সহজ হবে। বিজ্ঞানীরা নিজেদের কম্পিউটার থেকেই এসবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তথ্য ভাগাভাগি করে নিতে পারবেন।’ বললেন আতিকুজ্জমান।
১০ বছর ধরে গবেষণা চলছে ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে। আতিকুজ্জামান জানালেন, ‘ল্যাবে এই প্রযুক্তিব্যবস্থার একটা নমুনাও আমরা বানিয়ে ফেলেছি। নিজেরা সিমমা (এসআইএমএমএ) প্রটোকল লিখেছি। স্যাটেলাইট যখন যেখানে যাবে, তখন সেখানে যুক্ত হবে এ প্রটোকল।’

দুর্যোগে দ্রুত ইন্টারনেট

বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, টেলিযোগাযোগ তো বটেই। ওয়াকিটকি ছাড়া উদ্ধারকর্মীদের হাতে তেমন কোনো লাগসই প্রযুক্তি থাকে না। মোহাম্মদ আতিকুজ্জামান ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত এ নিয়ে গবেষণা করেছেন। এ ব্যাপারে বললেন, ‘বড় ধরনের ঝড় হলে টেলিফোন বা ইন্টারনেটের টাওয়ারগুলো ভেঙে পড়ে যায়। এ অবস্থায় রশি দিয়ে বেঁধে আবহাওয়া বেলুন ছাড়া হবে। বেলুনে থাকবে রাউটার। কয়েকটা ট্রাকে থাকে ডিশ অ্যান্টেনা। বেলুনগুলো ফ্রি স্পেস অপটিকস, সহজ ভাষায় আলোকরশ্মি দিয়ে নিজেদের মধ্যে ও ট্রাকে থাকা ডিশের সঙ্গে সংযোগ স্থাপন করবে। আর ডিশগুলো স্যাটেলাইটের মাধ্যমে মূল ইন্টারনেট অবকাঠামোর সঙ্গে যুক্ত হবে।বাস্তবে এটা প্রয়োগ করে দেখা গেছে, দুই ঘণ্টার মধ্যেই ইন্টারনেট সংযোগ চালু করা সম্ভব।

আকাশযানের নিরাপত্তা
উড়োজাহাজের নিরাপত্তা নিয়েও কাজ করেছেন মোহাম্মদ আতিকুজ্জামান। ককপিট থেকে অ্যান্টেনার মাধ্যমে যোগাযোগ স্থাপনে অনেক তার ব্যবহার করতে হয়। ‘আগে কো-এক্সিয়াল তার (সাধারণত টিভির কেব্ল লাইনে ব্যবহূত) ব্যবহার করা হতো। অনেক তারে ওজন খুব বেড়ে যায়। উড়োজাহাজে ওজন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কো-এক্সিয়াল তারের বদলে ফাইবার অপটিক তার ব্যবহার করতে পেরেছি।’ নাসার জন্য এই গবেষণা করেছিলেন মোহাম্মদ আতিকুজ্জামান। এর জন্য পেয়েছেন পুরস্কারও।
পুরস্কার আরও আছে তাঁর ঝুলিতে।শিক্ষকতার জন্য ওকলাহোমা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুরস্কারও অর্জন করেছেন। সহলেখক হিসেবে লিখেছেন পারফরমেন্স অব টিসিপি/আইপি ওভার এটিএম নেটওয়ার্ক, আ মোবিলিটি আর্কিটেকচার ফর টেরিস্ট্রিয়াল অ্যান্ড স্পেস নেটওয়ার্কস এবং নেটওয়ার্ক মোবিলিটি স্কিমস ফর টেরিস্ট্রিয়াল অ্যান্ড স্পেস নেটওয়ার্কস বই।

বুয়েট থেকে ওকলাহোমা
১৯৫৯ সালে জন্ম মোহাম্মদ আতিকুজ্জামানের। বাবা বিচারপতি বদরুজ্জামান, মা রোজবার জামান। ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি, সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ভর্তি হন তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশলে। ‘স্নাতক হয়ে বুয়েটেই যোগ দিই প্রভাষক হিসেবে। এরপর কমনওয়েলথ বৃত্তি নিয়ে পড়তে যাই ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে।’ স্নাতকোত্তর কোর্স করে তিনি পিএইচডি করেন ছবি প্রক্রিয়াকরণ বিষয়ে। ১৯৮৭ সালে ফিরে আসেন বুয়েটে সহকারী অধ্যাপক হিসেবে। সে বছরই আতিকুজ্জামান চলে যান সৌদি আরবে কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেসে। এরপর অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয় হয়ে এখন ওকলাহোমায়।
বাংলাদেশি এই কৃতি বিজ্ঞানীর স্ত্রী মজিবা জামানও একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন যুক্তরাষ্ট্রে। তাঁদের দুই সন্তান নাফিস ও সামিয়া।
প্রতিবছর একাধিকবার আসেন বাংলাদেশে। বললেন, ‘বাংলাদেশে ইন্টারনেটের বিস্তৃতি ভালো হলেও গতি বেশ ধীর। মোবাইল ফোনে থ্রিজি প্রযুক্তি পুরোনো হয়ে গেছে। বিশ্ব এখন ফোর জি বা এলটিই প্রযুক্তির দিকে যাচ্ছে। তার পরও যোগাযোগ প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ যথেষ্টই আশা জাগায়।’