মহাকাশে পথ দেখাবে পালসার!
মহাশূন্যের পথ পাড়ি দেবার সময় মহাকাশযানকে পথ দেখাবে নিষ্প্রভ হয়ে যাওয়া তারা বা পালসার। পালসার থেকে নির্গত এক্স-রে রশ্মিকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস পদ্ধতি হিসেবে ব্যবহার করে মহাবিশ্বের পথ পাড়ি দেবে নভোযান। এক খবরে বিবিসি জানিয়েছে, জার্মানির ওয়ার্নার বেকার নামের একজন বিজ্ঞানী পালসার থেকে এক্স-রে রশ্মি আলাদা করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। তাঁর উদ্ভাবিত পদ্ধতিতেই মহাকাশে কোনো রকম ‘দিক ভুল’ ছাড়াই নভোযান ছুটে চলবে।ম্যাক্স প্ল্যাংক ইউনিভার্সিটির গবেষক ওয়ার্নার বেকার জানিয়েছেন, ঘন আর জ্বলে নিঃশেষ হয়ে যাওয়া পালসারের আবর্তন নির্দিষ্ট। পালসার থেকে বের হওয়া এক্স-রে রশ্মি এতটাই নিয়ম মেনে নির্গত হয় যে তা ইন্টারস্টেলার নেভিগেশন বা মহাকর্ষীয় যাত্রাপথের পথ নির্দেশক হিসেবে কাজ করতে পারে। মহাকাশযান থেকে এ তরঙ্গ শনাক্ত করতে পারলে কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা সম্ভব। এ পদ্ধতিটি এতটাই সহজ যে এর প্রয়োগ করা সম্ভব হবে বলেই মনে করেন গবেষক ওয়ার্নার।মহাবিশ্বের সব খানেই রয়েছে পালসারের অস্তিত্ব। এ পালসারের অস্তিত্ব অনুমান করা সম্ভব। গবেষকেরা আশা করছেন, ভবিষ্যতে পৃথিবীতে জিপিএস যেভাবে কাজ করে, সেভাবেই এ পালসারগুলোকে কাজে লাগাতে সক্ষম হবেন নভোচারীরা।