মহাকাশে লেনদেনে পেপল!

ভবিষ্যতে মানুষ মহাকাশ ভ্রমণে যাবে, মহাকাশে পর্যটকদের জন্য থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থাও থাকবে। কিন্তু সেখানে কেনাকাটার পর লেনদেনের পদ্ধতি কী হবে? এ প্রশ্নের উত্তর দিয়েছে অনলাইন লেনদেনের জনপ্রিয় সেবা পেপল। সম্প্রতি পেপল গ্যালাকটিক নামের একটি লেনদেন ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে পেপল কর্তৃপক্ষ। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। পেপলের জ্যেষ্ঠ পরিচালক অনুজ নায়ার সম্প্রতি ম্যাশেবলকে জানিয়েছেন, পেপল গ্যালাকটিক নামের এমন একটি উদ্যোগ নিতে যাচ্ছে পেপল যা ভবিষ্যতে হাজারো মহাকাশ ভ্রমণ বিলাসীদের লেনদেনের সেবা হিসেবে পরিচিত হবে। অনুজ নায়ার আরও জানিয়েছেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটি বিষয় পরিস্কার যে, মহাকাশে নগদ অর্থের কোনো লেনদেন হবে না। এক্ষেত্রে মহাকাশে থাকা অবস্থায় কী ধরনের লেনদেন করা যাবে এবং লেনদেন পদ্ধতি কী হবে তা নিয়ে গবেষণা চলছে।