মহাবিস্ফোরণের পরের প্রতিধ্বনি আবিষ্কার
বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পরপরই মহাবিশ্বের বড় ধরনের বিস্তার ঘটেছিল। ওই সময়কার প্রতিধ্বনি আবিষ্কার করেছেন গবেষকেরা। জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে এই আবিষ্কার মানবসভ্যতার ইতিহাসে একটি বড় অর্জন। কারণ, এটি মহাবিশ্বের গঠন শুরুর প্রক্রিয়া এবং কোটি কোটি নক্ষত্রপুঞ্জ, গ্রহ ও নীহারিকা নিয়ে গঠিত মহাশূন্যের গঠন সম্পর্কে জানতে সাহায্য করবে।
মহাবিস্ফোরণের পরের প্রতিধ্বনি হলো এক ধরনের তরঙ্গ, যাকে বলা হয় মহাকর্ষীয় তরঙ্গ। বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রায় ১০০ বছর আগেই মহাকর্ষীয় তরঙ্গের কথা জানিয়েছেন। মহাকর্ষীয় তরঙ্গ অত্যন্ত দুর্বল ও আদিম তরঙ্গ, যা আলোর গতিতে মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল জ্যোতির্বিদের গবেষণায় মহাবিস্ফোরণের পরের প্রতিধ্বনি আবিষ্কৃত হয়েছে। গত সোমবার ম্যাসাচুসেটসের কেমব্রিজে হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসে সংবাদ সম্মেলনে গবেষকেরা নতুন আবিষ্কারের কথা জানান। পিটিআই।